সাকিবের চোখ শুধু জয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪ মার্চ থেকে ১৪ মার্চ। মাঝের ৯ দিনে কত কী বয়ে গেল সাকিব আল হাসানের ওপর দিয়ে! পতনের অতল গহ্বর যেমন দেখেছেন, দেখছেন উত্থানের সিঁড়িটাও। সংবাদ সম্মেলনে ঘর্মাক্ত বিমর্ষ চেহারায় এসেছেন, একই মঞ্চ থেকেই আবার বিচ্ছুরণ আত্মবিশ্বাসের দ্যুতির। সময় সবকিছুই ভুলিয়ে দেয়, বদলে দেয়। তবে ৯ দিনের মধ্যে সাকিবের দুই রকম পৃথিবী দেখে ফেলায় সময়ের চেয়েও বোধ হয় জয়টাই বড় অনুঘটক।ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫৮ রানে অলআউট হওয়া অধিনায়ক সাকিব আর পরপর দুই ম্যাচে ইংল্যান্ড, হল্যান্ডকে হারানো অধিনায়ক সাকিব দুই রকম। তিনি নিজেও মানছেন, জয় বদলে দিয়েছে সময়, ‘আমরা জানতাম, একটা জয়ই সব বদলে দিতে পারে। তা ছাড়া আগে যেহেতু ভালো খেলে এসেছি, আরও ভালো খেলতে পারার বিশ্বাসটা সবার মধ্যেই ছিল। কখনোই মনে হয়নি, ওই ম্যাচের পর আমরা অনেক দূরে চলে গেছি। তবে ১০ দিন আগের সঙ্গে তো পার্থক্য থাকবেই।’ অধিনায়কের বিশ্বাস, কোয়ার্টার ফাইনালের স্বপ্ন জেগে ওঠায় নেতিবাচক সমালোচনার স্থান নেবে ইতিবাচক আলোচনা।বিশ্বকাপে টিকে থাকতে মহা গুরুত্বপূর্ণ দুটি জয় বাংলাদেশ পেল চট্টগ্রামে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামকে তাই সাকিবের মনে হচ্ছে সৌভাগ্যের ময়দান, ‘এ মাঠকে লাকি গ্রাউন্ড বলা যায়। বিশ্বকাপে টিকে থাকতে হলে যেখানে এই দুটি ম্যাচ জিততেই হতো, সেখানে এমন ফল! এদিক দিয়ে চিন্তা করলে তো অবশ্যই লাকি।’ একই সঙ্গে বাহবা পাচ্ছে চট্টগ্রামের সমর্থকেরা, ‘তারা সব সময়ই আমাদের সমর্থন করে। একটা ম্যাচে খারাপ হয়েছে, নইলে বাংলাদেশের দর্শকেরা সব সময়ই আমাদের পাশে আছে। এটা আমাদের জন্য খুবই ভালো। তবে আশা করি, তারা এটাও বুঝতে পারবে, শেষ পর্যন্ত এটা একটা খেলাই। কখনো জিতব, কখনো হারব। তারা যেন সবই স্বাভাবিকভাবে নেয়।’এক ম্যাচে সাত বাঁহাতিকে খেলিয়ে চট্টগ্রামে কাল একটা চমকই দিল বাংলাদেশ। তবে চমক-টমক নয়, সাকিব জানালেন, টিম কম্বিনেশনের কারণেই এক ম্যাচে ৭ বাঁহাতি, ‘হল্যান্ডের সবাই ডানহাতি ব্যাটসম্যান বলে ভেবেছি শুভকে (সোহরাওয়ার্দী) নিলে হয়তো ভালো হবে। এ ছাড়া ৪ নম্বর ব্যাটিং পজিশনে রান না আসায় ওখানেও পরিবর্তন আনতে হয়েছে। এমন নয় যে এমনিতেই এত বাঁহাতি ব্যাটসম্যান খেলিয়েছি।’ শেষ আটে যেতে শেষ পর্যন্ত রানরেটও একটা ব্যাপার হয়ে দাঁড়াতে পারে বাংলাদেশ দলের জন্য। তবে আগের ম্যাচগুলোতে বেশি রান না করায় রানরেট বাড়ানোটা একটু বেশিই কঠিন। সাকিবের কথা শুনে বরং মনে হলো, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরের ম্যাচে জেতাটা বরং সহজ, ‘আমার মনে হয় না রানরেট কাভার করা সম্ভব। কারণ, আমরা আগের ম্যাচগুলোতে বেশি রান করিনি। আর শুধু রানরেটই তো নয়, আমরা যদি পরের ম্যাচটাও জিতি এমনিতেই কোয়ার্টার ফাইনালে যাব। রানরেট নিয়ে তাই ভাবছি না।’কোয়ার্টার ফাইনালে খেলা হোক বা না হোক, বিশ্বকাপে এরই মধ্যে কিছু প্রাপ্তিযোগ ঘটেছে সাকিবের দলে। এখন পর্যন্ত সবচেয়ে বড় প্রাপ্তি সম্ভবত দলে আরও কিছু ম্যাচ উইনার খুঁজে পাওয়া। ইমরুল কায়েস পরপর দুই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হলেন। গত ম্যাচ জয়ে মাহমুদউল্লাহর ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। ভারত এবং আয়ারল্যান্ডের বিপক্ষে জয়ের নায়ক শফিউল বল হাতে কালও ছিলেন উজ্জ্বল। কাল ম্যাচ শেষে অধিনায়কও প্রশংসায় ভেজালেন ইমরুল-শফিউলকে, ‘ইমরুল খুবই ভালো ব্যাটিং করছে। আজকের উইকেটে শট খেলা কঠিন ছিল। এই উইকেটে আমার মনে হয় ঠিক ব্যাটিংটাই করেছে ও। রানরেট বাড়ানোর চেয়ে ম্যাচ জেতাটাই বেশি দরকার ছিল।’ আর শফিউলের বোলিং সম্পর্কে মূল্যায়ন, ‘প্রথম দুটি জয়েই ওর অবদান বেশি ছিল। গুরুত্বপূর্ণ সময়ে ভালো পারফরম করেছে। ভারত ম্যাচে ও অনেক কিছু শিখেছে, যেটা পরের ম্যাচগুলোতে কাজে লাগাতে পারছে। বিশ্বমানের বোলার হওয়া, ভালো বল করার ব্যাপারে সে আত্মবিশ্বাসী। এই আত্মবিশ্বাসটাই এগিয়ে দিচ্ছে শফিউলকে।’ কালকের ম্যাচে সাকিবের কাছে আত্মবিশ্বাসী মনে হয়েছে এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলা শাহরিয়ার নাফীসকেও, ‘আত্মবিশ্বাস বাড়াতে ওনার একটু সময় নেওয়া দরকার ছিল। উনি সেই সময়টা নিয়েছেন এবং খুব ভালোভাবে কাজে লাগিয়েছেন।’ইংল্যান্ড-হল্যান্ডকে হারিয়ে জাগিয়ে তোলা কোয়ার্টার ফাইনালের স্বপ্নটা সত্যি হয়ে যেতে পারে ১৯ মার্চ দক্ষিণ আফ্রিকা ম্যাচে। তবে সাকিব শুধু স্বপ্নই দেখছেন না, স্বপ্ন পূরণের শর্তও জুড়ে দিলেন দলের সবার জন্য, ‘পরের ম্যাচেও আমাদের ভালো খেলা উচিত। ভালো খেললে ভালো ফলাফল সম্ভব। আর সেটা হলে কোয়ার্টার ফাইনালে উঠে যাব আমরা। এই দুটি ম্যাচ জেতায় আমাদের আত্মবিশ্বাস বেড়েছে। ইংল্যান্ডের বিপক্ষে তো অনেক কিছু শিখেছিও।’বাংলাদেশের কোয়ার্টার ফাইনালে যাওয়ার আরেকটা সহজ দরজাও আছে—ইংল্যান্ড যদি হেরে যায় ওয়েস্ট ইন্ডিজের কাছে! দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে সে কামনাও কিন্তু করছেন বাংলাদেশ অধিনায়ক।