সাকিবের দুঃখের রাত
বাংলাদেশ: ২০ ওভারে ১৭৫/৬পাকিস্তান: ১৮.৪ ওভারে ১৭৮/২ফল: পাকিস্তান ৮ উইকেটে জয়ীএশিয়া কাপ ফাইনালের পরদিন প্রথম আলোতে তাঁর কান্নার ছবি আবারও কাঁদিয়েছিল অনেককে। এদিন কান্নাকাটির কোনো ব্যাপার নেই। তবে এটা অনুমান করা মোটেই কঠিন নয় যে, কাল রাতে ক্রিকেট বিশ্বে সবচেয়ে দুঃখী মানুষটির নাম ছিল সাকিব আল হাসান।এই ম্যাচের আগের দিন অনুশীলনে আসেননি। দলের বাকি সবাই মাঠে, আর তিনি হোটেল রুমে একা। এই ম্যাচটার জন্য নিজের মতো করে তৈরি হচ্ছিলেন। কাল ম্যাচ শুরুর আগে ওয়ার্মআপের সময় টিভি ক্যামেরা ক্লোজআপে ধরল মুখটা। চোয়াল শক্ত হয়ে আছে, অসম্ভব গম্ভীর। সব ম্যাচই জিততে চান, তবে এই ম্যাচটা বোধহয় আরও বেশি করে জিততে চাইছিলেন সাকিব আল হাসান। চোয়ালবদ্ধ ওই প্রতিজ্ঞার কারণ তো অনুমান করাই যায়। এখানে যে শুধু জিতলেই হতো না!৫৪ বলে ৮৪ রানের যে ইনিংসটি খেললেন, সেটি যেন স্বপ্নের ইনিংস। টি-টোয়েন্টিতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ইনিংস (আগের সর্বোচ্চ এই পাকিস্তানের বিপক্ষেই ২০০৭ সালে নাইরোবিতে নাজিমউদ্দিনের ৮১)—এটা শুধুই রেকর্ডের কারবারিদের আলোচনার বিষয়। এই ইনিংসের আসল মহিমা এর শৌর্যে। যেভাবে পুরো দলকে তাঁর ব্যাটে বয়ে নিয়ে গেলেন, সেই দৃঢ়প্রতিজ্ঞায়। ১১টি চার ও ২টি ছক্কা মণিমুক্তো হয়ে জ্বলছে এই ইনিংসে। বোলিংয়ে কোনো উইকেট নেই। তার পরও দলের সেরা বোলার তিনিই। ও হ্যাঁ, উইকেট প্রথম বলেই পেতে পারতেন। পাননি আম্পায়ার ইমরান নাজিরকে নিশ্চিত এলবিডব্লু না দেওয়ায়। ‘হক আই’ আম্পায়ারের সিদ্ধান্ত ভুল প্রমাণ করার সঙ্গে সঙ্গে যেন এটাও জানিয়ে দিল, সাকিব আল হাসান যতই যা করুন, এই রাতটা শেষ পর্যন্ত তাঁর কাছে দুঃখের অমানিশাই হয়ে থাকবে।টসে জিতে বাংলাদেশ প্রথমে ব্যাটিং করার পর হিসাবটা খুব সহজ হয়ে গিয়েছিল। বাংলাদেশ যতই করুক, ৩৫ রানের বেশি ব্যবধানে না হারলেই পাকিস্তান চলে যাবে সুপার এইটে। ৩৬ রানে হারলে দুই দলের পয়েন্ট ও নেট রানরেট সমান হয়ে যায়। তখন মুখোমুখি লড়াইয়ে জয়ের সুবাদে উঠে যাবে বাংলাদেশ।হারানোর কিছু নেই বলেই যেন বাংলাদেশের ব্যাটিং এদিন ভয়ডরহীন প্রাণের উচ্ছ্বাসের প্রকাশ। আশরাফুল বহুদিন পর ‘আশরাফুলস্ স্কুপ’ বের করলেন ঝোলা থেকে। তামিম রানআউট হওয়ার আগে তাঁর ব্যাটেও ছিল সাকিবের মতো বড় কিছুর পূর্বাভাস।শেষ পর্যন্ত রান ১৭৫, টি-টোয়েন্টিতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। পাকিস্তানের সামনে লক্ষ্য ছিল দুটি। জিততে হলে করতে হবে ১৭৬। ‘হেরেও জিততে’ ১৪০ হলেই চলে। তা হলেই নেট রানরেটে বাংলাদেশকে পেছনে ফেলে সুপার এইট। ১৪০ রানের হিসাবটা অবশ্য একরকম উড়েই গেল ইমরান নাজিরের ব্যাটে ওঠা ঝড়ে। ঠিক ২০০ স্ট্রাইকরেটে ৭৬ রানের ইনিংস।বাংলাদেশের আক্ষেপও মেশে তাতে। টি-টোয়েন্টি ম্যাচে আট বল বাকি থাকতে ৮ উইকেটে জয়ের পর আক্ষেপ-টাক্ষেপের কথা বলাটা কেমন দেখায়! কিন্তু সত্যি তো এটাই, ইমরান নাজিরের এই ম্যাচে ১ রানের বেশি করতে পারার কথা নয়। করতে পারলেন মিড অনে আবুল হাসানের পিচ্ছিল হাতের সৌজন্যে। সেটি ইনিংসের মাত্র দ্বিতীয় ওভার, শফিউলের প্রথম বল।ব্যাটসম্যানের জন্য স্বপ্নের মতো উইকেট। বল শুধু ব্যাটে আসছেই না, লাইনটা বুঝে চালালেই লেগে যাচ্ছে। সেই উইকেটে ১৭৫-কে কঠিন বানানোর উপায় ছিল একটাই—শুরুতেই একটা ধাক্কা দেওয়া। হাসান ক্যাচটা না ফেললে তা হয়ে যেত। হয়ে যেত মাশরাফির প্রথম বলটা হাফিজের ব্যাটের কানায় লেগে একটুর জন্য প্রথম স্লিপের পাশ দিয়ে চলে না গেলে।আবুল হাসানই শেষ পর্যন্ত উইকেট পেলেন। তা-ও আবার চার বলের মধ্যে দুটি। তবে তা বড় দেরিতে। পাকিস্তানের দুই ওপেনার বিচ্ছিন্ন হওয়ার আগে তুলে ফেলেছেন ১২৪ রান। ইনিংসের মাত্র ১৪তম ওভার। ১৪০ তো তুচ্ছ, ১৭৫-ও কোনো ব্যাপারই মনে হচ্ছে না। টি-টোয়েন্টিতে পাকিস্তান কখনো এত রান তাড়া করে জেতেনি, এই তথ্যও তখন একেবারেই অর্থহীন মনে হচ্ছে।১৪০ রানের যে প্রথম লক্ষ্যটা ছিল, পাকিস্তান সেটি পেরিয়ে গেল নাসির জামশেদের ছক্কায়। ১৬ নম্বর ওভারের দ্বিতীয় বলে। এরপর সুপার এইট-টেইট হারিয়ে গিয়ে শুধুই ম্যাচে জয়-পরাজয়ের প্রশ্ন। যে প্রশ্নের উত্তর নিয়ে কোনো সংশয়ই জাগেনি কখনো। এক দিক থেকে কি ভালোই হলো! জিতেও সুপার এইটে উঠতে না পারার দুঃখটা হয়তো বেশিই হতো।তবে সাকিব আল হাসান তাতে হয়তো একটু সান্ত্বনা পেলেও পেতে পারতেন!