শনিবারে বন্ধুর জানাজা পড়ে আমাদের বিশ্বকাপের প্রথম খেলা দেখতে গেছি। বন্ধু অলিউল ইসলাম, প্রখ্যাত ক্রিকেটার, নির্বাচকমণ্ডলীর সাবেক প্রধান। আগের দিন সন্ধ্যায় আকস্মিকভাবে গত হয়েছেন। ক্রিকেট অন্তঃপ্রাণ এই আলোকিত মানুষটির জন্য পুরো ক্রিকেট-সমাজের মন ভারাক্রান্ত। আমাদের ক্রিকেট বসন্ত অলিউলের জন্য হঠাৎই হয়ে উঠেছে রোদনভরা। শনিবারের শেরেবাংলায় তাই চোখের সামনে বাংলাদেশ, ভারত আর আলাপচারিতায় অলিউল ইসলাম নিয়ে কেটেছে সাবেক ক্রিকেটারদের সময়। আমিও সেই মিছিলেই শামিল। যশস্বী এই ক্রিকেটারের বিয়োগব্যথায় ভাগ বসাতে খেলার প্রথম প্রহরেই চলে এল চলমান খেলার টস প্রসঙ্গ। এবার শুধু ক্রিকেট-সংশ্লিষ্ট লোকজনই নন, এই মনঃকষ্টের অংশীদার পুরো দর্শকসমাজ। মাঠে কেবলই গুঞ্জন—টসে জিতে কেন ব্যাট করছে না বাংলাদেশ? মধ্যমাঠে শেবাগ-টেন্ডুলকার শুরুতেই দাপুটে নিয়ন্ত্রণ নিয়ে নেওয়ার পর থেকেই সেই গুঞ্জন ক্রমশ দৃঢ়তর হতে হতে ছড়িয়ে পড়ল সর্বত্র। ভারত রানের পাহাড় গড়ার পর তো কথাই নেই। সাকিব আল হাসানের সিদ্ধান্তটা হয়ে উঠল জাতীয় সমস্যা।বোলাররা যে ভালো বল করলেন না, দানবীয় ভারতের ব্যাটিং অর্ডার যে তাদের পূর্ণ আগ্রাসী ক্ষমতার ফায়দা ওঠাল ব্যাটিং-বান্ধব উইকেটের, পরে বল করায় শিশিরসিক্ততার ঝুট-ঝামেলা ইত্যাকার বিবেচনায় যেতে কেউ রাজি নয়। টস সিদ্ধান্তের অন্নপাপেই নিমগ্ন সবাই। সেই নিমগ্নতা একটু টান খেল ইমরুল কায়েস, তামিম ইকবালেরা ব্যাট হাতে সংহার মূর্তি ধারণ করায়। সাকিবের সিদ্ধান্তটা অন্তরালে গেল খেলার অবশিষ্ট সময়ের জন্য। আফসোসটা ফিরে এল খেলার পর। কাচ্চা-বাচ্চা, গৃহিণী, কন্যা সবারই এক সুর—টস। এই রানটাই যদি আগে করতাম, তবে ভারত চাপে থাকত। পুরো খেলাটা একটু আশায় আশায় উপভোগ করা যেত ইত্যাদি ইত্যাদি। কিন্তু সেই সমুদ্র পরিমাণ টস সমালোচনার পরও, কী অবাক কাণ্ড, পরাজয়টা সানন্দেই মেনে নিচ্ছে বাংলাদেশ। তামিম, ইমরুল, জুনায়েদ, সাকিবদের ব্যাট বুকের ভেতর আনন্দ-উৎসাহের ঝড় তাজা রাখছে। বিশ্বকাপের পরের ম্যাচগুলোর জন্য প্রত্যাশার পালে লেগে থাকছে জোরালো হাওয়া। সবাই বুঝতে পারছে, হবেই হবে।গতকাল, খেলার পরদিন পত্রিকার কলামে কলামে মাঠে চর্চিত টস প্রসঙ্গটা আবার জোরালোভাবেই ফিরে আসতে দেখলাম। হাবিবুল বাশারের মতো বিশেষজ্ঞরাও মানতে পারছেন না সিদ্ধান্তটা। যৌক্তিক কারণ দেখছেন না কেউই। কিন্তু ভালো লাগল স্বয়ং অধিনায়ক তাঁর সিদ্ধান্তের পক্ষে জোরালো সওয়াল করেছেন দেখে। মেরুদণ্ডী পুরুষের মতো তাঁর এই উচ্চারণ আমাকে ভরসা দিচ্ছে—এই মহানায়ককে দিয়ে কিছু হবে। স্রোতের বিপরীতে তাঁর আত্মবিশ্বাস তাঁকে সুদৃঢ় অবস্থানে অটল রাখছে। তাঁর আধুনিক ক্রিকেট চিন্তা হয়তো আমরা একসময় বুঝতে পারব। এই মুহূর্তে আমাদের বোঝার প্রয়োজন নেই। তাঁর দলীয় সদস্যরা বুঝলেই হয়। সাধারণ বিজ্ঞান অনুসারীদের যেমন আইনস্টাইনকে, স্টিফেন হকিংকে বুঝতে সময় লেগেছিল, জীবনানন্দ দাশের কবিতা যেমন তাঁর সময়কাল বুঝতে পারেনি, মহাকালের অনুমোদন পেতে একটু দেরি হয়েছে, তেমনই শনিবারের সাকিবের সিদ্ধান্তটা বুঝতে আমাদেরও হয়তো একটু সময় লাগবে। বলার প্রয়োজন নেই, তবু বলে রাখি, সাকিবের সিদ্ধান্তটা একেবারে অযৌক্তিক বা সুচিন্তিত নয় বলে আমার মনে হয় না। কার্যকরী যেহেতু হয়নি, তাই তিনি বিজ্ঞতার পরিচয় দিয়ে বিশদ ব্যাখ্যায় যাননি। দিন কয় আগে তামিমসম্পর্কিত এক লেখায় পড়েছি, তামিম রসিকতার ছলে ইমরুলকে বলছেন, ‘ভারতের সঙ্গে খেলায় ভারত ২৭১-এ অলআউট আর আমরা দুজনে অবিচ্ছেদ্য দুই শ কত যেন করে ভারতীয়দের দিকে চেয়ে হাসছি।’ বলছিলাম, রসিকতা করে বলা কথাটার মধ্যে কিন্তু আমাদের স্বপ্নটা জীবন্ত রয়েছে। আর সাকিব তো আমাদের স্বপ্নেরই রূপকার। আমাদের ক্রিকেটের স্বপ্নগুলো তো তাঁকেই বাস্তবায়ন করতে হবে। সুতরাং সেই স্বপ্নযাত্রায় তাঁর সিদ্ধান্তগুলোর পাশে সমর্থনের প্ল্যাকার্ড নিয়ে আমাদের দাঁড়াতেই হবে।