সাকিবের সেঞ্চুরিতে শেষ প্রতিরোধ
চতুর্থ দিনের খেলা শেষে ‘এই ম্যাচে কী হওয়া সম্ভব’ প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছিলেন এক শব্দে—‘হারা’! সেই সাকিব আল হাসানেরই পঞ্চম দিন লাঞ্চের সময় মনে হচ্ছিল, হয়েও যেতে পারে!স্কোরবোর্ডে ২৫০ এবং সঙ্গী বলতে তিন পেসার। তার পরও মনে হয়েছিল, শেষ পর্যন্ত থাকতে পারলে অসম্ভব কিছু নয়। আরও ১৫৪ রান দূরে জয়ের বন্দর এমনিতে যতই অগম্য মনে হোক, সাকিবের কথাটা কেউই হেসে উড়িয়ে দিতে পারলেন না। যেভাবে তরবারির মতো ঝলসে উঠছিল তাঁর ব্যাট, কোনো কিছুই যে অসম্ভব বলে মনে হচ্ছিল না!সম্ভব-অসম্ভবের এই দোলাচল অবশ্য লাঞ্চের পর প্রথম ওভারেই শেষ। সাউদির ওই ওভারেই ৯৮ রান নিয়ে লাঞ্চে যাওয়া সাকিবের প্রথম টেস্ট সেঞ্চুরি। এক বল পর আউটও। টেল এন্ডাররা আরও ৭ ওভার লড়ে গেলেন। হাতে ৪/৫ উইকেট নিয়ে দিন শেষ করলে পর দিন লাঞ্চের মধ্যেই খেলা শেষ হয়ে যাওয়ার যে নিয়ম, সেটিতে একটু ব্যতিক্রম হলো। এই টেস্ট ব্যতিক্রম আরও অনেক দিক থেকেই।শেষ পর্যন্ত ১২১ রানের বড় পরাজয়। তার পরও এই হ্যামিল্টন টেস্ট বাংলাদেশকে কম দিল না। দুই ইনিংসে দুই ব্যাটসম্যানের সেঞ্চুরি, পঞ্চম দিন লাঞ্চের পর খেলা নিয়ে যাওয়া—এসবের চেয়েও বড় বলে মানতে হবে এই প্রথম নিউজিল্যান্ডে কোনো টেস্টকে টেস্ট বলে মনে করানো!চতুর্থ ইনিংসে চার শ করে জয় কটিই বা দেখেছে টেস্ট ক্রিকেট! বাংলাদেশের সামনে ৪০৪ রানের টার্গেট দাঁড়িয়ে যাওয়া মাত্রই তো ম্যাচ শেষ। অথচ প্রায় অসম্ভব লক্ষ্যের এতটা পেছনে পড়ে থাকার পরও ‘বড় একটা সুযোগ হাতছাড়া হয়ে গেল’ বলে আক্ষেপের সুর উঠছে বাংলাদেশ দলে। ‘আমাদের টপ অর্ডার ব্যাটসম্যানরা আর ২০টা করে রান করলেই তো আরও এক শ হয়ে যায়’—সাকিব আক্ষেপের জায়গাটা ধরিয়ে দিচ্ছেন এবং সেটিকেও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তিন থেকে পাঁচ—ব্যাটিং লাইন আপের হূিপণ্ড থেকে এসেছে মাত্র ১৮ রান। ওখানে একজনের একটা হাফ সেঞ্চুরি হলেই তো কাল ভেট্টোরি অমন নিশ্চিন্তে ব্যাটসম্যানকে ঘিরে ফিল্ডারদের ছাতা বানিয়ে রাখতে পারেন না।ওই ডিক্লারেশনও তখন ক্রিকেট ইতিহাসে আরেকটি ‘বোকামি’র উদাহরণ হয়ে যেতে পারত। ভেট্টোরি কি তাঁর হোমগ্রাউন্ডের উইকেটও চেনেননি! চতুর্থ ইনিংস ব্যাটিং দলের বড় পরীক্ষা, কারণ টেস্টের চতুর্থ আর পঞ্চম দিনের উইকেট ব্যাটসম্যানশিপের চূড়ান্ত পরীক্ষা। উইকেট ভাঙবে, একই জায়গায় পড়ে বল কোনোটা উঠবে, কোনোটা হবে নিচু। এখানে এসবের কিছুই হলো না। খেলা শেষে সেডন পার্কের উইকেট দেখে বরং মনে হলো উপমহাদেশের প্রথম, বড়জোর দ্বিতীয় দিনের উইকেট!সেটিকে আরও বেশি ব্যাটিং-স্বর্গ মনে হলো সাকিবের কল্যাণে। ১২৭ বলে সেঞ্চুরি, যাতে ১৫টি চার, ২টি ছয়। এটিও বোঝাতে পারছে না মাঝেমধ্যে কেমন ঔদ্ধত্যের ঘোষণা ছিল সাকিবের ব্যাটে। আগের দিন ২৫ বল খেলে শূন্য। কাল শুরুটাও অমন সংযমে মোড়া। ১২ রান এল ৪৫ বলে। এরপরই হঠাত্ বিস্ফোরিত হলেন। ক্রিস মার্টিনের চার বলে তিন চার। দুঃসাহসী সুন্দরের চরম প্রকাশ পরের ওভারে, যখন মাত্রই আক্রমণে এসেছেন ড্যানিয়েল ভেট্টোরি। সুইপের রকমারি রূপ দেখিয়ে প্রথম চার বলে ৪ ৪ ৪ ৬! মাঝখানে টাফির ওভারটা মেডেন খেললেন মুশফিকুর। ভেট্টোরির পরের ওভারের প্রথম তিন বলে সাকিবের ৬ ০ ৪। ১৩ বলে ৪০ রানের ওই ঝড়ে চোখের পলকে ফিফটি। মুশফিকুর তখন মুগ্ধ দর্শক। সকালে সাকিবের সঙ্গে জুটিতে ৬৯ রানে তাঁর অবদান মাত্র ১২!প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান মাহমুদউল্লাহর সঙ্গে ৬৮ রানের জুটিটি ভাঙতে মিড অনে ড্যারিল টাফির দুর্দান্ত এক ক্যাচ লাগল। সাকিব বনাম নিউজিল্যান্ডই পঞ্চম দিনের অন্য নাম। মাহমুদউল্লাহ আউট হওয়ার পর তো আরও বেশি।এর আগে দুবার নব্বইয়ের ঘরে গিয়েও সেঞ্চুরি পাননি। ওয়েস্ট ইন্ডিজে গ্রেনেডায় বাংলাদেশকে টেস্ট জেতানোর সময় ৯৬ রানে অপরাজিত, এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকায় ৯৬ রানে বোল্ড। এই টেস্টেই ম্যাককালামের বিতর্কিত ক্যাচে ফিরতে হয়েছে ৮৭ রানে। পেতে পেতে হারিয়ে ফেলা সেই টেস্ট সেঞ্চুরির দেখা পেয়ে যেমন আবেগে ভেসে যাওয়ার কথা ছিল, তেমন কিছুই দেখা গেল না। পরে প্রতিক্রিয়াতেও উচ্ছ্বাস কই? ‘প্রথম টেস্ট সেঞ্চুরি—ভালো তো লাগছেই। তবে আমি জানতাম এটা যেকোনো দিনই আসতে পারে। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি না পেয়ে একটুও খারাপ লাগেনি। তবে শ্রীলঙ্কার বিপক্ষে খুব খারাপ লেগেছিল’—সংবাদ সম্মেলনে সাকিব যেন নিরাবেগ পেশাদার।ব্যক্তিগত এই অর্জন তো আছেই, দলীয় অর্জনও কম দেখছেন না সাকিব, ‘এই সিরিজে প্রতি ম্যাচেই আমরা আগের ম্যাচের চেয়ে ভালো করেছি। দল যেভাবে এগোচ্ছে, তাতে আমি খুশি।’ দেশের মাটিতে ইংল্যান্ডকে শক্ত চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার ঘোষণাও দিয়ে রাখলেন।কোচ জেমি সিডন্স সফরের শুরু আর শেষে অনেক পার্থক্য দেখছেন। খুঁজে পাচ্ছেন অনেক তৃপ্তির জায়গাও, ‘তিনটি সেঞ্চুরি, একটা ইনিংসে ৫ উইকেট—অনেক ব্যক্তিগত অর্জন এই সিরিজে। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডের পর টেস্টেও আমাদের সর্বোচ্চ স্কোর করেছি। গত কয়েক মাসে নিজেদের ৬/৭টা ব্যাটিং রেকর্ড ভেঙেছি আমরা।’ সমস্যা বলতে একটাই খুঁজে পাচ্ছেন, ব্যক্তিগত পারফরম্যান্সগুলো আসছে ভিন্ন ভিন্ন ম্যাচে, ‘আমাদের এখন কিছু জয় দরকার। এক ম্যাচে কয়েকজন একসঙ্গে ভালো করলেই সেটি সম্ভব।’নিজেদের পরিচিত কন্ডিশনে হীনবল ইংল্যান্ড—আগামী সিরিজটাতেই যদি সেটি হয়ে যায়!