সাক্ষরতা অভিযান তত দিন সফল হবে না...
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান বলেছেন, ব্যালট পেপারে যত দিন হুক্কা, নৌকা বা ধানের শীর্ষজাতীয় ছাপ থাকবে তত দিন দেশে সাক্ষরতা অভিযান সফল হবে না। আজ শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।পুনর্মিলনী অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল, ‘মহান ভাষা আন্দোলনের ৬০ বছর।’ অনুষ্ঠানটি উপস্থাপনা করেন অ্যাসোসিয়েশনের ট্রাস্টি বোর্ডের সদস্য সিরাজুল মজিদ মামুন।বিচারপতি হাবিবুর রহমান ভাষা আন্দোলনের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, দেশের উন্নয়নে বুয়েটের প্রকৌশলীদের একসঙ্গে কাজ করতে হবে।বুয়েটের সাবেক উপাচার্য আ ম ম সফিউল্লাহ বলেন, বুয়েটের প্রাক্তন ছাত্রদের অনেকেই কিছু না-কিছু কাজ করতে চান। কারণ, অবসরে গেলেও তাঁদের দক্ষতা বা কর্মস্পৃহা কমে না। তাঁদেরকে কাজে লাগানো সম্ভব হলে দেশের উন্নয়ন হবে বলে উল্লেখ করেন তিনি। সাবেক উপাচার্য এম এইচ খানও সমর্থন করেন তাঁর বক্তব্য। তিনি বলেন, নবীন-প্রবীণ প্রকৌশলীদের মেধা ও দক্ষতা-অভিজ্ঞতা কাজে লাগালে দেশের উন্নতি সময়ের ব্যাপার মাত্র। সাবেক উপাচার্য নূরউদ্দীন আহমদ বলেন, বুয়েট অনেক পথ পাড়ি দিয়ে একটি পরিণত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। কিন্তু বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে পাল্লা দিতে হলে আরও পরিশ্রম প্রয়োজন। প্রয়োজন নিত্যনতুন গবেষণা, আর এ খাতে আর্থিক বরাদ্দ। তিনি সরকারের ভর্তুকি বা বরাদ্দের অপেক্ষা না করে সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিদের এ কাজে এগিয়ে আসার অনুরোধ জানান।অ্যাসোসিয়েশনের সভাপতি জামিলুর রেজা চৌধুরী সবাইকে ধন্যবাদ জানান। তিনি প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের উত্তরীয় পরিয়ে দিয়ে হাতে ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে বুয়েটের প্রাক্তন শিক্ষার্থীদের ৫১টি কৃতী শিশুকে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সম্মাননা দেওয়া হয়। দিনব্যাপী এই পুনর্মিলনী অনুষ্ঠানে সাংসদ হাসানুল হক ইনুসহ প্রায় সাড়ে ৩০০ প্রাক্তন শিক্ষার্থী অংশ নেন।