সাক্ষরতা প্রকল্পের কোটি টাকা আত্মসাতের অভিযোগ
বরিশালের গৌরনদী, আগৈলঝাড়া ও উজিরপুর উপজেলায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর অধীনে ‘মানব উন্নয়নের জন্য সাক্ষরতা উত্তর ও অব্যাহত শিক্ষা প্রকল্প-২’ (পিএলসিইএইচডি-২) বাস্তবায়ন কাজ চলছে। বেসরকারি সংস্থা বাংলাদেশ রুরাল ইন্টিগ্রেটেড ডেভেলমেন্ট ফর গ্রারাবস্ট্রিট ইকোনামি (ব্রিজ) নামে একটি সংস্থা এ প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পায়। সংস্থার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশিকা ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের নিরক্ষর জনগোষ্ঠীকে মানব উন্নয়নের জন্য সাক্ষরতা উত্তর ও অব্যাহত শিক্ষা প্রকল্প-২ (পিএলসিইএইচডি-২) বাস্তবায়নের জন্য এ প্রকল্প গ্রহণ করা হয়। ২০১৫ সালের মধ্যে নিরক্ষরতার হার শতকরা ৫০ ভাগে কমিয়ে আনার লক্ষ্যে কমিউনিটি শিখন কেন্দ্রের নেটওয়ার্ক স্থাপন করে শিক্ষার লক্ষ্যমাত্রা অর্জন এবং দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে এই প্রকল্পের কার্যক্রম শুরু হয়। কর্মসূচির আওতায় গৌরনদী উপজেলার বার্থী, বাটাজোর, মাহিলাড়া ও নলচিড়া ইউনিয়নে ৩৪টি, আগৈলঝাড়া উপজেলার রত্নপুর, বাকাল গৈলা, রাজিহার ও বাগধা ইউনিয়নে ৩৪টি, উজিরপুর উপজেলার সাতলা, হারতা, ওটরা, বরাকোটা ও উজিরপুর-শিকারপুর ইউনিয়নে ৩৪টিসহ ১০২টি শিক্ষাকেন্দ্র স্থাপন করা হয়েছে। ২০০৯ সালের ১৫ নভেম্বর এসব শিক্ষা কেন্দ্রের কাজ চালু হয়। কেন্দ্রগুলোতে প্রথম ব্যাচে ১৫ থেকে ২৪ বছর বয়সী এবং পরবর্তী সময়ে ২৫ থেকে ৪৫ বছর বয়সী নিরক্ষর, নব্য স্বাক্ষর ও প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি পেরোতে না পারা ঝরেপড়া শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি মেশিনারি, প্লাম্বিং ও পাইপ ফিটিং, কম্পিউটার ও ফটোকপিয়ারের ব্যবহার, মেরামত, বাঁশ, বেতের কাজ, আধুনিক মৌ চাষ, ওয়েল্ডিং, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, শ্যালো পাম্প মেকানিকসহ ১৬টি ট্রেডে প্রশিক্ষণ দেওয়ার কথা। বিকেল চারটা থেকে ছয়টা পর্যন্ত নারী এবং সন্ধ্যা ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত পুরুষের এসব শিখন কেন্দ্রে লেখাপড়া ও প্রশিক্ষণ দেওয়ার কথা।মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী এ কার্যক্রম শুরুর আগেই প্রতিটি কেন্দ্রে নয় সদস্যের ব্যবস্থাপনা কমিটি গঠন করতে হবে। এ ছাড়া প্রকল্পভুক্ত প্রতিটি উপজেলার নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) সভাপতি ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের সদস্য করে ১৮ সদস্যবিশিষ্ট উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা কমিটি গঠন করতে হবে।সরেজমিন অনুসন্ধানে জানা গেছে, ব্রিজ কর্তৃপক্ষ প্রতিটি কেন্দ্রে ২৫ হাজার টাকা ব্যয়ে ২৪০ বর্গফুটের ঘর নির্মাণ করে সেখানে আসবাবপত্র তৈরি, সেলফ, স্টিলের আলমারি, রেডিও, টেলিভিশন, ইস্যুভিত্তিক বইসহ উপকরণের জন্য ৬২ হাজার ৫৫০ টাকা বরাদ্দ করা হয়। তিনটি উপজেলায় ১০২টি কেন্দ্রে এ খাতে ৬৩ লাখ ৮০ হাজার ১০০ টাকা বরাদ্দ করা হয়। এ ছাড়া ১০২টি কেন্দ্রে শিক্ষা কোর্স পরিচালনার জন্য ৮৩ লাখ ৭৪ হাজার ২০০ টাকা ব্যয় বরাদ্দ করা হয়। আর কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে টাকা ব্যয় করার কথা থাকলেও বিষয়টি কেউই জানেন না। এ ছাড়া ব্রিজ কর্তৃপক্ষ তিনটি উপজেলার ইউএনওকে তাঁর কার্যক্রম এবং তারা যে উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা কমিটির সভাপতি এ সম্পর্কে কিছুই জানায়নি।কেন্দ্রের সঙ্গে সংশ্লিষ্টরা অভিযোগ করেন, শিখন কেন্দ্রে কাঁঠাল অথবা শিল কড়ই কাঠের চেয়ার-টেবিল ও বেঞ্চ দেওয়ার কথা থাকলেও সংস্থাটি আম ও রেইন্ট্রি জাতীয় কাঠের নিম্নমানের আসবাবপত্র সরবরাহ করেছে। উপজেলার কটকস্থল শিখন কেন্দ্রের সহায়ক মো. শাহীন মিয়া ও বাটাজোরের হরহর শিখন কেন্দ্রের প্রশিক্ষক মায়া রানি সিকদার জানান, কেন্দ্রের ঘর তৈরির জন্য ২৫ হাজার টাকা বরাদ্দ থাকলেও ব্রিজ কর্তৃপক্ষ তাদের ১২ হাজার টাকা করে দিয়েছে। যা দিয়ে নীতিমালা অনুযায়ী শিখন ঘর নির্মাণ ও উপকরণ সরবারহ সম্ভব হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সহায়িকা অভিযোগ করেন, সংস্থাটি দুই-তিন মাস কেন্দ্র চালু রাখার পর তা বন্ধ করে শুধু সাইনবোর্ড ঝুলিয়ে রেখেছে। সহায়িকা নমিতা রানি জানান, কেন্দ্র বন্ধ রাখার ব্যাপারে কর্তৃপক্ষ জানিয়েছে যে প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেছে। সহায়িকা নুর নাহার বলেন, ‘আমাদের নিয়মিত সম্মানী ভাতা দেওয়া হয় না।’ শিখন কেন্দ্রগুলো ঘুরে দেখা গেছে, অধিকাংশ কেন্দ্রেই শিক্ষার্থীদের উপস্থিতি প্রায় শূন্যের কোঠায়। তারাকুপি গ্রামের শাহ আলম হাওলাদার বলেন, ‘অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ব্রিজ এই প্রকল্পের কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়ে শিখন কেন্দ্র বন্ধ করে দিয়েছে।’উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা কমিটির সদস্য ও আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আফজাল সিকদার, গৌরনদীর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তাইফুর রহমান, উজিরপুরের ইউপি চেয়ারম্যান সুনিল বিশ্বাসসহ কয়েকজন জানান, ব্রিজ সংস্থার কার্যক্রম সম্পর্কে তাঁরা কিছুই জানেন না। গৌরনদীর বাটাজোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ এম শামসুল হক বলেন, ‘এ সংস্থার কোনো কার্যক্রম আমার চোখে পড়ে না। সংস্থাটি কেন্দ্রের ঘর নির্মাণ, আসবাবপত্র সরবারহ, উপকরণ সরবারহ, প্রশিক্ষণ, সভা, সমাবেশ ও সেমিনার কার্যক্রম পরিচালনায় দুর্নীতির মাধ্যমে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। তাদের কার্যক্রম সম্পর্কে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে লিখিতভাবে একাধিকবার জানতে চাইলেও ব্রিজ কর্তৃপক্ষ কিছুই জানায়নি। বিষয়টি আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেছি।’গৌরনদী উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা কমিটির সদস্য উপজেলা প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, সমবায় কর্মকর্তা মো. সফিকুল ইসলাম ও পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. কামরুজ্জমান; আগৈলঝাড়া উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা কমিটির সদস্য উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম ও প্রকৌশলী মো. নজরুল ইসলাম এবং উজিরপুর উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা কমিটির সদস্য উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর হোসেন বিশ্বাস ও মৎস্য কর্মকর্তা মো. আবুল কালামসহ তিন উপজেলার প্রায় সব কর্মকর্তাই জানান, এ প্রকল্পের কোনো কার্যক্রম নেই। এমনকি তাঁরা যে ওই কমিটির সদস্য এ কথাও জানেন না। এ প্রসঙ্গে আগৈলঝাড়া উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর বাড়ৈ বলেন, ‘আমার উপজেলায় এ প্রকল্পের কোনো কার্যক্রম নেই। সংস্থাটি সরকারের কোটি কোটি টাকা লুটপাট করেছে। তাদের প্রতারণা ও দুর্নীতির ফলে সরকারের উদ্দেশ্য বাস্তবায়ন হয়নি। তাদের বিরুদ্ধে প্রতিবেদন তৈরি করে যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি।’উজিরপুর উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয় সিন্ধু তালুকদার বলেন, ‘সংস্থাটির অস্বচ্ছতা, অনিয়ম ও দুর্নীতির বিষয়ে আমি বরিশাল জেলা প্রশাসককে অবহিত করেছি।’গৌরনদী উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘নীতিমালা অনুযায়ী সংস্থাটির কার্যক্রম সম্পর্কে বিস্তারিত উপজেলা প্রশাসনকে অবহিত করার কথা থাকলেও তাঁরা কিছুই জানাননি। আমার উপজেলায় এ প্রকল্পের দৃশ্যমান কোনো কার্যক্রম নেই। নির্দেশিকা অনুযায়ী সংস্থার একটি কেন্দ্রও খুঁজে পাওয়া যাবে না। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর পরিচালক ও উপপরিচালকের নির্দেশে তাদের অনিয়ম-দুর্নীতির বিষয় তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে।’এ প্রসঙ্গে দায়িত্বপ্রাপ্ত গৌরনদী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, ‘এ কার্যক্রমে সংস্থার অনিয়ম ও অস্বচ্ছতা রয়েছে। তদন্ত কাজ শুরু করে একাধিকবার বেসরকারি সংস্থা ব্রিজের কার্যালয়ে গিয়ে বন্ধ দেখা যায় এবং অফিসে কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি।’ ব্রিজের উজিরপুর উপজেলা প্রোগ্রাম সমন্বয়কারী সুভ্র দ্বীপ রায় ও গৌরনদীর মো. খায়রুল ইসলাম জানান, এসব অভিযোগ সত্য নয়। ঊর্ধ্বতন কর্মকর্তারা এসব বিষয়ে তদারকি করেন। এ প্রসঙ্গে ব্রিজের বরিশাল আঞ্চলিক ব্যবস্থাপক মিজানুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, ‘সরকারের নিয়মানুযায়ী কার্যক্রম চলছে।’