সাক্ষাত্কারে বলতে মানা
চাকরিপ্রার্থী আপনি; চললেন সাক্ষাত্কার দিতে। পেশা যা-ই হোক, চিরাচরিত কতগুলো প্রশ্ন আছে, যার মুখোমুখি আপনাকে অবশ্যই হতে হবে। প্রশ্নগুলোর যথাযথ উত্তরেই আপনার চাকরি পাওয়া না-পাওয়া নির্ভর করছে। একটু দুর্বল উত্তর দিয়েছেন তো, চাকরিদাতারা নিঃশব্দে সালাম ঠুকে দেবে আপনাকে। তাই এবার আসুন, দেখে নিন সেই চিরচেনা প্রশ্নগুলো। সঙ্গে জেনে নিন, ভালো উত্তরই বা কেমন হতে পারে।নতুন চাকরি খুঁজছেন কেন?বাজে উত্তর: বস লোকটা ভীষণ বাজে! আর গ্রাহকদের বাগে আনাও বেশ মুশকিলের কাজ, এ কারণেই।টিপস: সব সময় ইতিবাচক উত্তর দিন, বিশেষ করে আপনার লক্ষ্যের কথাটা জানিয়ে দিন স্পষ্ট করে। ভুলেও এটা চাই না, সেটা চাই না বলা যাবে না।যা বলবেন: এখন যে অবস্থানে আছি, তার থেকে ভালো জায়গায় যেতে চাই। আমার কর্মদক্ষতা জাহির ও চাকরিদাতা প্রতিষ্ঠানের উন্নতির জন্য নতুন চ্যালেঞ্জ চাইছি আমি।আমাদের জন্য কেন কাজ করতে চাইছেন?বাজে উত্তর: আমি মোটামুটি এই কাজটার জন্য দৃঢ়প্রতিজ্ঞ। এবং কেউই আমাকে এখান থেকে সরাতে পারবে না।টিপস: সাক্ষাত্কার দিতে যাওয়ার আগে যে প্রতিষ্ঠানে সাক্ষাত্কার দিতে যাচ্ছেন, তাদের ওয়েবসাইট ঘাঁটুন। জেনে নিন তাদের কাজের ধরন। কী চায় তারা, তাও ভালো করে বুঝে নিন। আর তাদের চাওয়াগুলো থেকেই খুঁজে বের করুন আপনার উত্তর।যা বলবেন: ওয়েবসাইটে আপনাদের লক্ষ্যের বিষয়বস্তু সম্পর্কে জেনে খুবই উদ্দীপ্ত হয়েছি। গত তিন বছরে আপনাদের উন্নতির ধারাও আমাকে মুগ্ধ করেছে। তা ছাড়া এই প্রতিষ্ঠানে বিক্রয়ের হারও চোখে পড়ার মতো। তাই এই শিল্পে এগিয়ে থাকা আপনাদের প্রতিষ্ঠানে কাজ করাটা খুবই সম্মানজনক হবে আমার কাছে। নিজেকে ভাগ্যবান মনে করব।এত ঘন ঘন চাকরি পরিবর্তন করেন কেন?বাজে উত্তর: এই চাকরির ওপর বিরক্তি ধরে গেছে!টিপস: গ্রহণযোগ্য জবাব দিন, বিশেষ করে আপনার লক্ষ্য ও চাকরি পরিবর্তনের ব্যাপারে। এটাও জানিয়ে দিন, একটা জায়গায় থিতু হতে চান আপনি। যা কিনা চাকরিদাতারা চাইছেন।যা বলবেন: অল্প বয়সেই সিদ্ধান্ত নিয়েছিলাম, কেবল এক ধরনের কাজই করব না। বিভিন্ন ধরনের পেশার স্বাদ চাই আমার। তাই যখন সময় এল কিছু করার, তখন কিছুদিন পরপর চাকরি বদল করেছি। কিন্তু এখন নিজেকে আমি নির্দিষ্ট একটা জায়গায় দেখতে চাই। আর এ কারণেই এখানে আসা।আপনার শক্তি কোন কোন জায়গায়?বাজে উত্তর: কেউ কিছু বললে শুনে যাওয়ার অভ্যাস আছে আমার। তা ছাড়া ভালো অভিনয়ও করতে পারি আমি।টিপস: যে কাজের জন্য সাক্ষাত্কার দিচ্ছেন, সেই কাজসংশ্লিষ্ট তিন-চারটি বিষয় নিয়ে চিন্তা করুন এবং বোঝাতে চেষ্টা করুন, ওই শক্তিগুলো আপনার কাজের ক্ষেত্রে কেমন প্রভাব রাখতে পারে।যা বলবেন: যেকোনো বিষয়ের সারমর্মটা বুঝতে পারি আমি। এর আগে দেখেছি, কোনো একটা ঝামেলা হওয়ার আগেই আমি তা ধরতে পেরেছি। এর আগে যে প্রতিষ্ঠানে কাজ করতাম, তাদের একটি বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছিলাম, যদিও ঝামেলায় পড়া ওই বিভাগে আমি কাজ করতাম না। আর সবচেয়ে বড় শক্তিটি হলো, আমি একজন ভালো চাকরিজীবী হতে পারি।আপনার সবচেয়ে দুর্বল দিক কোনটি?বাজে উত্তর: যেকোনো একটা দুর্বল দিক বের করা তো খুব কঠিন! আমি ডেডলাইন ভুলে যাই, প্রায়ই অফিসে আসতে দেরি করি, দলগতভাবে কাজ করতেও অনীহা আছে। বিস্তৃত কোনো ব্যাপারেই মনোযোগ ধরে রাখতে পারি না। তা ছাড়া আমি খানিকটা অলস প্রকৃতিরও বটে। আর যা-ই হোক, আমি মানুষ হিসেবে সত্।টিপস: আপনার ছোটখাটো একটা দুর্বল দিকের কথা বলতে পারেন এবং সেই দুর্বলতা কাটাতে কী করছেন, তা-ও জানিয়ে দিন।যা বলবেন: সহকর্মীরা সময়ের কাজ সময় মতো না করলে খারাপ লাগে। যা হোক, দলগতভাবে কাজ করার ওপর বইপত্র পড়ছি আমি। বিভিন্ন ধরনের মানুষের বিভিন্ন ধরনের কাজ করার কৌশল সম্পর্কে জানার চেষ্টাও করছি। এতে বুঝতে পারছি, কী করে সহকর্মীদের নিয়ে ঠিক সময়ে ঠিক কাজটি করতে হয়।আমরা কেন আপনাকেই নেব?বাজে উত্তর: আমার টাকা অর্থাত্ চাকরির দরকার, তাই।টিপস: এই প্রশ্নের উত্তরের বেলায় চাকরিদাতাদের আপনার কর্মদক্ষতা সম্পর্কে ভালোভাবে বোঝাতে পারেন। বুঝিয়ে দিন, যে পদের জন্য সাক্ষাত্কার দিতে এসেছেন, তাতে আপনার কর্মদক্ষতা ভালোভাবে সম্পর্কযুক্ত।যা বলবেন: আপনাদের চাকরির বিজ্ঞাপন পড়ার পর মনে হয়েছে, আমার এত দিনের অভিজ্ঞতা ভালোভাবে প্রয়োগ করার জন্য এ জায়গাটিই উপযুক্ত। এখন আপনাদের সঙ্গে বিস্তারিত কথা বলে আপনাদের চাহিদা সম্পর্কেও ভালো ধারণা হয়েছে। তাই মনে হচ্ছে, এখানে আমি ভালো চাকরিপ্রার্থী। আমার মনে হয়, আমার অভিজ্ঞতা দিয়ে আপনাদের চাহিদা খুব ভালোভাবে পূরণ করতে পারব।ক্যারিয়ার জার্নাল অবলম্বনে