সাক্ষাৎ চেয়ে খালেদা ও এরশাদকে চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া এবং মহাজোট সরকারের শরিক দল জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সাক্ষাৎ চেয়ে চিঠি দিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।বিরোধীদলীয় নেতার গুলশানের কার্যালয়ে গত রোববার এবং জাতীয় পার্টির বনানী কার্যালয়ে সোমবার চিঠি পাঠানো হয়। দুটি চিঠিতেই সই করেন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ। এফবিসিসিআইয়ের মহাসচিব মীর শাহাবুদ্দিন মোহাম্মদ প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।এফবিসিসিআই বলেছে, নতুন পরিচালনা পর্ষদ দায়িত্ব নেওয়ার পর সরকারপ্রধান ও প্রধান বিরোধী দলগুলোর প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করে থাকে। নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর প্রথম পর্ষদ সভায় এই সাক্ষাতের বিষয়টি অনুমোদন করা হয়। এর অংশ হিসেবেই বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যানের সাক্ষাতের সময় চেয়ে চিঠি দেওয়া হয়েছে। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাৎ করেছেন এফবিসিসিআইয়ের নেতারা।সৌজন্য সাক্ষাতের জন্য চিঠি পাঠানো হলেও বৈঠকে সাম্প্রতিক সহিংস রাজনীতিতে কীভাবে ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে, সে বিষয়টি তুলে ধরা হবে বলে এফবিসিসিআইয়ের একাধিক পরিচালক প্রথম আলোকে জানিয়েছেন। তাঁরা বলেন, দেশের সাম্প্রতিক অস্থিতিশীল পরিবেশে ব্যবসায়ীরা উদ্বিগ্ন। টানা হরতাল ও রাজনৈতিক সহিংসতায় দেশের ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা দেখা দিয়েছে। এমন সহিংস ঘটনা বন্ধ না হলে দেশের অর্থনীতিতে মারাত্মক প্রভাব পড়বে। সাক্ষাতে এসব বিষয় উপস্থাপন করতে চান এফবিসিসিআইয়ের নেতারা।জানতে চাইলে এফবিসিসিআইয়ের সহসভাপতি মো. হেলাল উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘এজেন্ডা ঠিক করে তো আর বড় দলগুলোর সঙ্গে আলোচনা করা যায় না। বৈঠকে আমরা আমাদের উদ্বেগের কথাগুলো বলব।’আরও তৎপরতা: বর্তমান সংঘাতময় রাজনৈতিক পরিস্থিতিতে নির্বিঘ্নভাবে ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা নিয়ে উদ্বিগ্ন ব্যবসায়ীরা করণীয় ঠিক করতে একের পর এক বৈঠক করছেন। রাজধানীর গুলশানের একটি হোটেলে গত সোমবারও এফবিসিসিআইয়ের সাবেক সাত সভাপতি বৈঠক করেছেন। এর আগে ৬ মার্চ এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদের বাসায় নৈশভোজে সভা করেন ব্যবসায়ীরা। এর দুই দিন পর গুলশানের একটি হোটেলে এফবিসিসিআইয়ের সাবেক আট সভাপতি বৈঠক করেন।এসব বৈঠকে ব্যবসায়ীরা রাজনৈতিক সহিংসতা নিয়ে নিজেদের উদ্বেগ প্রকাশ করেছেন। ভালো ব্যবসায়িক ও বিনিয়োগ পরিবেশ বজায় রাখার জন্য করণীয় নিয়ে আলোচনা করেন। দুই দলের মধ্যে সমঝোতার মাধ্যমে বর্তমান সহিংস পরিস্থিতির অবসান চান তাঁরা।সাবেক সভাপতি এ কে আজাদ প্রথম আলোকে বলেন, ‘আপাতত দুই নেত্রীকে একসঙ্গে বসানোর কোনো এজেন্ডা আমাদের নেই। তবে দুই নেত্রীর সঙ্গে আলাদা বৈঠক করে আমাদের উদ্বেগের বিষয়গুলো তাঁদের জানাতে পরি।’