সাক্ষাৎকারে চাই আত্মবিশ্বাস
লিখিত পরীক্ষায় ভালো করলেও সাক্ষাৎকারে গিয়ে সব গোলমেলে হয়ে যায় বা আত্মবিশ্বাসের অভাব পড়ে? কখনো কি ভেবেছেন যে চাকরিটা কেন হাতছাড়া হয়ে যাচ্ছে? তাই জেনে নিন সাক্ষাৎকারের জন্য কীভাবে প্রস্তুত হবেন।এ জন্য দরকার দৃঢ় আত্মবিশ্বাস। ২৯তম বিসিএসে উত্তীর্ণ বাহারুল ইসলাম বলেন, ‘সাক্ষাৎকারের আগে নিজেকে অনেক বেশি আস্থাশীল মনে হতো। তার প্রমাণও পেলাম। রেজাল্টে দেখলাম আমি বিসিএসে টিকে গেছি।’যেমন হবে সাক্ষাৎকারের পূর্ব প্রস্তুতি:সাক্ষাৎকারে যাওয়ার জন্য সব সময় পরিচ্ছন্ন পোশাক পরুন এবং নিজের চেহারা ও চুল নিয়ে সতর্ক থাকুন। কলম ও নোট প্যাডসহ প্রয়োজনীয় কাগজপত্র আগের দিনই গুছিয়ে রাখুন। আগে থেকে সাধারণ জ্ঞানের ভান্ডার মজবুত করে নিন। ভাষাগত বা উচ্চারণে কোনো সমস্যা থাকলে তা কোনো কর্মশালার মাধ্যমে ঠিক করে নিন। যে প্রতিষ্ঠানে আবেদন করেছেন, সেই প্রতিষ্ঠান সম্বন্ধে আগে থেকে ধারণা রাখা জরুরি। এতে অনেক সময় প্রশ্নের উত্তর দিতে সহজ হবে।সাক্ষাৎকারের দিন: চাকরির সাক্ষাৎকারের দিনে আর কোনো কাজ রাখবেন না। এতে মনোযোগ ঠিক থাকবে। ঘুম থেকে একটু সকাল সকাল উঠে পড়ুন। প্রয়োজন থাকলে শেভ করে নিন। আগেভাগেই রওনা দিন।নির্ধারিত সময়ের আগে প্রতিষ্ঠানে পীেঁছে যান এবং সাক্ষাৎকারের জন্য ডাকার অপেক্ষায় থাকুন।সাক্ষাৎকার বোর্ডে বসে: প্রথমে অনুমতি নিয়ে রুমে প্রবেশ করুন এবং আসন গ্রহণ করুন। প্রশ্নের সঠিক উত্তর দিন। কোনো উত্তর না জানা থাকলে ঘাবড়ে যাবেন না, জানা নেই বলে স্বীকার করুন। অযথা উত্তর লম্বা করবেন না। এতে করে বোর্ডে থাকা প্রশ্নকর্তাদের বিরক্তি আসতে পারে। এ চাকরিটা কেন করতে চান, তা সুন্দর করে গুছিয়ে বলুন। এদিক-ওদিক না তাকিয়ে মার্জিতভাব দেখিয়ে প্রশ্নকর্তাদের দিকে নজর রাখুন। আপনাকে বাংলায় প্রশ্ন করলে উত্তর বাংলায় এবং ইংরেজিতে প্রশ্ন করলে উত্তর ইংরেজিতে দিন। উচ্চারণে আঞ্চলিকতা পরিহার করুন। কারণ এতে প্রশ্নকর্তার বিরক্তি আসতে পারে। সব সময় ইতিবাচক মনোভাব বজায় রাখুন। চেয়ারে বসে পা দোলানো, হাতের নখ গালে দেওয়া এমন কোনো সমস্যা থাকলে তা আগেই পরিহার করুন। কথা বলার সময় নার্ভাস হবেন না। এতে উত্তরে ভুল হতে পারে। তাই সব সময় নিজের ওপর আস্থা রাখুন। আপনি এগিয়েই যাবেন।