সাক্ষাৎকারে থাক আত্মবিশ্বাস
চাকরির জন্য মৌখিক সাক্ষাত্কার খুবই গুরুত্বপূর্ণ। এ সাক্ষাত্কার পর্ব সফলভাবে সম্পন্ন করার জন্য প্রস্তুতি নিতে হবে আগে থেকেই। সাক্ষাত্কারে মাধ্যমে কোনো প্রতিষ্ঠানে যোগ্যতার বিচারে এগিয়ে থাকলে, তবেই পাওয়া যাবে চাকরি। সাক্ষাত্কারে নিজেকে এগিয়ে রাখাটা জরুরি। সাক্ষাত্কারের সময় পোশাক গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই প্রতিষ্ঠানের ধরন বুঝে পোশাক বাছাই করুন। যে ধরনের প্রতিষ্ঠানই হোক না কেন, আনুষ্ঠানিক (ফরমাল) পোশাক পরা উচিত। সাক্ষাত্কার দিতে ঢোকার সময় অনুমতি ও সালাম দিয়ে প্রবেশ করুন। যে প্রতিষ্ঠানের চাকরির জন্য সাক্ষাত্কার দিতে যাবেন, সেই প্রতিষ্ঠান সম্পর্কে আগে থেকে ধারণা নিয়ে গেলে ভালো হয়। সাক্ষাত্কারে নিজেকে পরিশীলিতভাবে উপস্থাপন করতে হবে। চেহারা, পোশাক, বাচনভঙ্গিতে মার্জিত ও পরিশীলিত ব্যক্তিত্বের ছাপ থাকতে হবে। কথা বলার ক্ষেত্রে আঞ্চলিকতা পরিহার করতে হবে এবং ভাষার শুদ্ধতা ও উচ্চারণের বিষয়ে যত্নবান হতে হবে। সাক্ষাত্কারের সময় প্রশ্নকর্তা ইংরেজিতে প্রশ্ন করলে ইংরেজিতে এবং বাংলায় প্রশ্ন করলে বাংলায় উত্তর দিতে হবে। প্রশ্নকর্তা যেটুকু জানতে চেয়েছেন, বিশাল ভূমিকা না নিয়ে সেটুকুই বলা উচিত। সাক্ষাত্কার দেওয়ার সময় অহেতুক হাত-পা নাড়াবেন না। আবার একেবারে মূর্তির মতো বসে থাকবেন না। নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করা, চাকরি পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর দেওয়ার সময় স্বচ্ছন্দ্য থাকুন। উত্তরগুলো স্বাভাবিকভাবে আত্মবিশ্বাসের সঙ্গে দিন। সাক্ষাত্কার দেওয়ার সময় কখনোই নার্ভাস হবেন না। কোনো উত্তর জানা না থাকলে বিনীতভাবে সেটা জানাতে হবে। ভুল উত্তর বলার চেয়ে না বলাই ভালো। প্রশ্নকর্তা প্রশ্ন করার সঙ্গে সঙ্গেই উত্তর না দিয়ে একটু সময় নিয়ে ভেবেচিন্তে উত্তরটা মনের মধ্যে গুছিয়ে নিয়ে ধীরস্থিরভাবে দিলে ভালো হয়। সাক্ষাত্কারের দিন নির্ধারিত স্থানে কমপক্ষে আধা ঘণ্টা আগে যাওয়ার চেষ্টা করুন। তাড়াহুড়ো করে সাক্ষাত্কার দিতে প্রবেশ করলে শ্বাসপ্রশ্বাসের গতি বেড়ে যায়। সাক্ষাত্কার দিতে প্রবেশ করার আগে পানি পান করুন। সময় থাকলে নার্ভাসনেস কাটানোর জন্য মুখ দিয়ে শ্বাস নিয়ে নাক দিয়ে কয়েকবার ছাড়ুন। উল্টো করে ১০০ থেকে ১ পর্যন্ত গুনে নার্ভাসনেস কাটাতে পারেন। হাসিমুখে ও আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দিতে হবে। নার্ভাস যেমন হওয়া যাবে না, তেমনি আবার বেশি আত্মবিশ্বাসও ভালো নয়।গ্রন্থনা: তারিকুর রহমান খান