সাক্ষাৎকারের আগে জেনে নিন
সোনার হরিণের খোঁজে আপনি? আজই কোনো চাকরির সাক্ষাৎকার দিতে যাচ্ছেন? এক মিনিট দাঁড়ান, কথা আছে আপনার সঙ্গে। যার পেছনে ছুটছেন, তার জন্য নিজেকে প্রস্তুত করে নিন ঠিকমতো। আপনার নিজের আত্মবিশ্বাসই আপনাকে সফলতা অর্জনে সহায়তা করবে।আফসানা ইয়াসমিন। ২৯তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন নিজের অধ্যয়ন আর আত্মবিশ্বাসের গুণেই। ‘সাক্ষাৎকারের সময় প্রস্তুতিটা যেমন ভালো থাকতে হবে, তেমনি থাকতে হবে নিজের মধ্যে আত্মবিশ্বাসও।’ এভাবেই বলেন তিনি।শুধু সরকারি চাকরি নয়, সরকারি-বেসরকারি উভয় ক্ষেত্রেই সাক্ষাৎকারে যাওয়ার আগে প্রস্তুতির পাশাপাশি মাথায় রাখুন খুঁটিনাটি কিছু বিষয়। এতে আপনার আত্মবিশ্বাস বাড়বে বৈকি, কমবে না।ব্র্যাক ব্যাংকের প্রধান মানবসম্পদ কর্মকর্তা তাহনিয়াত করীমের পরামর্শ হচ্ছে— সাক্ষাৎকারে যাওয়ার আগে নিজ সম্পর্কে জানুন। সাক্ষাৎকারে যাওয়ার আগে যে প্রতিষ্ঠানে চাকরির আবেদন করেছেন, সে প্রতিষ্ঠান সম্পর্কে প্রাথমিক ধারণা নিয়ে যাবেন। যে বিষয় সম্পর্কিত চাকরি, সে বিষয়টি নিয়ে ভালোভাবে পড়াশোনা করুন। যেকোনো চাকরির ক্ষেত্রেই সাধারণ জ্ঞানের ধারণা স্পষ্ট রাখুন। নিজের চেহারা ও পোশাকের পরিচ্ছন্নতার দিকে নজর দিন। জীবনবৃত্তান্তটি সঙ্গে নিয়ে যাবেন। একটি কলম ও নোটপ্যাড সঙ্গে রাখুন। ঠিক সময় পৌঁছাতে চেষ্টা করুন। আপনার মুঠোফোনটি সাক্ষাৎকার কক্ষে ঢোকার আগে বন্ধ করে নিন। অনুমতি নিয়ে প্রবেশ ও আসন গ্রহণ করুন। প্রশ্নের উত্তর যথাসম্ভব সহজ, সরল ও সংক্ষিপ্তরূপে দিন। কোনো প্রশ্নের উত্তর জানা না থাকলে অযথা সময় নষ্ট করে সাক্ষাৎকার গ্রহণকারীদের বিরক্তির কারণ হবেন না। চাকরিটি কেন করতে চান, আপনার আগ্রহের বিষয়টি সুন্দরভাবে প্রকাশ করুন। অযথা কৌতুক ও হাসি পরিহার করুন। দৃষ্টি সংযোগটি যেন ঠিক থাকে, সেদিকে লক্ষ রাখুন। যে মাধ্যমে প্রশ্ন করা হয়েছে, সে মাধ্যমে উত্তর দিন। অর্থাৎ, বাংলা প্রশ্নের ক্ষেত্রে বাংলায় ও ইংরেজি প্রশ্নের ক্ষেত্রে ইংরেজিতে উত্তর দিন। উত্তর দেওয়ার ক্ষেত্রে উচ্চারণের দিকে মনোযোগী হোন। আঞ্চলিকতা পরিহার করে প্রমিত ভাষায় উত্তর দিন। আপনার যদি উচ্চারণজনিত কোনো সমস্যা থেকে থাকে, তা হলে আগেই একটি উচ্চারণ কর্মশালা করে নিতে পারেন। নেতিবাচক মনোভাব পরিহার করে ইতিবাচকভাবে উত্তর দেওয়ার মতো করে নিজেকে প্রস্তুত করে নিন। বাস্তবতার নিরিখে নিজের উত্তর উপস্থাপন করুন। কোনো হতাশা বা ক্ষোভ প্রকাশ করা থেকে বিরত থাকুন। খুব বেশি উত্তেজিত না হয়ে সাধারণভাবে উত্তর করুন। বারবার ঘড়ি দেখা বা পা দোলানো, এ ধরনের কোনো কুঅভ্যাস থাকলে সতর্ক হোন। অনেক ক্ষেত্রে প্রস্তুতি ভালো থাকলেও দেখা যায়, অনেক ব্যক্তিই সাক্ষাৎকারের সময় নার্ভাস হয়ে পড়েন। এ সমস্যার সমাধান দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা মানোবিজ্ঞানের প্রভাষক নাজমা খাতুন। তিনি বলেন, অনেক সময় প্রস্তুতি ভালো হলেও অনেকেই অসহায় বোধ করেন। ‘আমি হয়তো পারব না’—এ ভয়টা কাজ করে মনের মধ্যে। ফলে মাথা ও কান গরম হয়ে যায়। তখন গুছিয়ে, চিন্তা করে উত্তর দেওয়া সম্ভব হয় না। যতটুকু পারার কথা, ততটুকুও পারেন না। তাই প্রস্তুতিটি ভালোভাবে নেওয়ার পাশাপাশি আপনার মাথায় যত রকম নেতিবাচক চিন্তা আছে, তা ঝেড়ে ফেলুন। আপনার পরিচিত কেউ যদি থাকেন, তাঁর কাছে সাক্ষাৎকার প্রদানের পূর্ব-অভিজ্ঞতার কথা শুনে নিতে পারেন। তাতে ভয়টা অনেকাংশেই কমে যাবে। তবু যদি এ সমস্যা কাটিয়ে উঠতে না পারেন, সাক্ষাৎকারে যাওয়ার আগে শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করে নিতে পারেন। মুখে শ্বাস নিয়ে নাক দিয়ে ধীরে ধীরে ছাড়ুন অথবা নাকে শ্বাস দিয়ে মুখ দিয়ে ধীরে ধীরে প্রশ্বাস বের করুন। এতে আপনি অনেকটা স্বস্তি বোধ করবেন। আর একটি বিষয় গুরুত্বপূর্ণ, চাকরির সাক্ষাৎকারে উত্তীর্ণ না হওয়া মানে জীবন শেষ হয়ে যাওয়া নয়। নিজের দুর্বলতাগুলো খুঁজে বের করুন এবং পরবর্তী সময়ের জন্য প্রস্তুতি নিন। সফলতা আসবেই।