সাক্ষী অনুপস্থিত থাকলে সাক্ষ্য গ্রহণ বন্ধ করা হবে: ট্রাইব্যুনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষের সাক্ষী ঠিকমতো উপস্থিত না হলে সাক্ষ্য গ্রহণ বন্ধ করে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন ট্রাইব্যুনাল-২।আজ বৃহস্পতিবার আসামিপক্ষের প্রথম সাক্ষী আরশেদ আলীর জেরার ধার্য দিনে সাক্ষী অনুপস্থিত থাকলে ট্রাইব্যুনাল এ কথা বলেন। পরে জেরার জন্য আগামী রোববার দিন পুনর্নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ দিন ধার্য করেন।কার্যক্রমের শুরুতে আসামিপক্ষের সহকারী আইনজীবী সাজ্জাদ আলী চৌধুরী ট্রাইব্যুনালে বলেন, ‘অনিবার্য কারণে এ মামলায় জ্যেষ্ঠ আইনজীবীরা আসতে পারেননি। তাই তিনি সময় চেয়ে আবেদন করেন। এ সময় ট্রাইব্যুনাল বলেন, হরতালে অন্য মানুষেরা আসছেন। আপনারা আসতে না পারেন, কিন্তু সাক্ষী কেন এলেন না? সাক্ষীকে তো আর আপনারা জেরা করবেন না, রাষ্ট্রপক্ষ করবে। এভাবে চলতে পারে না। এভাবে সাক্ষী না এলে আমরা সাক্ষ্য গ্রহণ বন্ধ করে দেব।’জেরার জন্য রোববার দিন ধার্য করে ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এ কে এম সাইফুল ইসলামকে বলেন, ‘আপনাদের তৈরি থাকতে বলছি, আসামিপক্ষকেও বলা হবে, সাক্ষী ঠিকমতো না এলে আমরা কোর্ট বন্ধ রাখব না। যুক্তি উপস্থাপনের জন্য দিন ধার্য করা হবে।’এ মামলায় আসামিপক্ষের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। এতে কামারুজ্জামানের পক্ষে পাঁচজন সাক্ষী সাক্ষ্য দেবেন।