সাক্ষী অপহরণ নিয়ে রাষ্ট্রপক্ষের সংশয়
জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষের সাক্ষী সুখরঞ্জন বালিকে অপহরণের কথিত অভিযোগ প্রসঙ্গে সংশয় প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ। আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলির কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে প্রধান আইনজীবী গোলাম আরিফ তাঁর বক্তব্যে এই সংশয় প্রকাশ করেন। গোলাম আরিফ বলেন, ‘৫ নভেম্বর ছিল মামলায় যুক্তি উপস্থাপনের দিন। সেদিন সাক্ষ্য নেওয়ার দিন ছিল না। তাহলে কেন আসামিপক্ষের আইনজীবীদের সঙ্গে তাঁদের সাক্ষী থাকবেন?’ প্রধান আইনজীবী বলেন, ‘ট্রাইব্যুনালের নির্দেশ অনুযায়ী তদন্ত সংস্থার সমন্বয়ক আবদুল হান্নান খান ও আমি সেদিন ট্রাইব্যুনালের ফটকে যাই। সেখানে উপস্থিত রমনা এলাকার পুলিশের ডিসি, এডিসিসহ সব ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলি। কিন্তু তাঁরা কেউ সাক্ষী অপহূত হয়েছে বলে কোনো ঘটনা দেখেননি বলে জানান।’বিচার কার্যক্রমে বাধা সৃষ্টি করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আসামিপক্ষ এ অভিযোগ এনেছে বলে গোলাম আরিফ বলেন। সুখরঞ্জন বালি এখন কোথায় আছেন—এমন প্রশ্নের জবাবে রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ হায়দার আলী বলেন, ‘বালি রাষ্ট্রপক্ষের সাক্ষী। আমরা যখন তাঁকে ট্রাইব্যুনালে হাজির করতে চেয়েছিলাম, তখন তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আসামিপক্ষের লোকজন বাড়ি বাড়ি গিয়ে হুমকিধমকি দিচ্ছিল। এ জন্য বালির মেয়ে তাঁর বাবা নিখোঁজ বলে থানায় জিডিও করে। এখন আসামিপক্ষ হয়তো তাঁকে লুকিয়ে রেখেছে। এ জন্য তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না।’গত সোমবার আসামিপক্ষের এক সাক্ষীকে সাদা পোশাকধারী পুলিশ ধরে নিয়ে গেলেও ট্রাইব্যুনাল কোনো ব্যবস্থা নেননি—এমন অভিযোগে সাঈদীর আইনজীবীরা ওই দিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর কার্যক্রম বর্জন করেন। তবে রাষ্ট্রপক্ষ বলেছে, এমন ঘটনা ঘটেনি। ট্রাইব্যুনাল বর্জনের অজুহাত তৈরির জন্য আসামিপক্ষ এ কথা বলছে। অপহরণের এ অভিযোগ নিয়ে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে ওই দিন ট্রাইব্যুনালে বাগবিতণ্ডা ও হট্টগোল হয়।