সাক্ষী কমিয়ে মামলা দ্রুত শেষ করার উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিলখানা হত্যা মামলার বিচার আগামী দুই-তিন মাসের মধ্যে শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য সাক্ষীর সংখ্যা কমিয়ে আনা হচ্ছে। এ মামলার মোট সাক্ষী এক হাজার ২৮৭ জন।রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আনিসুল হক প্রথম আলোকে বলেন, এ মামলার সব সাক্ষীর সাক্ষ্য নেওয়ার প্রয়োজন নেই। সাক্ষী কমানো হলে দুই-তিন মাসের মধ্যেই বিচার শেষ করা সম্ভব হবে।তবে সাক্ষী কমালেও এত কম সময়ে এ মামলার বিচার শেষ করা সম্ভব কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন আসামিপক্ষের আইনজীবীরা। সুবিচার পাওয়া নিয়েও শঙ্কা ব্যক্ত করেন তাঁরা। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানা সদর দপ্তরে বিডিআর বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। বিডিআর বিদ্রোহ ও হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের বিচার হয়েছে দুইভাবে। বাহিনীর নিজস্ব আইনে বিচার ইতিমধ্যে শেষ হয়েছে। ফৌজদারি আইনে হত্যাকাণ্ড, লুট, অগ্নিসংযোগ, ভাঙচুরসহ বিভিন্ন অপরাধের বিচার হচ্ছে পুরান ঢাকার উমেশ দত্ত রোডে স্থাপিত মহানগর দায়রা জজ আদালতে। নিউমার্কেট থানায় স্থানান্তরিত হওয়া এ-সংক্রান্ত মামলাটি সিআইডি পুলিশ তদন্ত করে। ৫০০ দিন তদন্তের পর ২০১১ সালের ১২ জুলাই দুটির (হত্যা এবং অস্ত্র-বিস্ফোরক আইনে) অভিযোগপত্র দাখিল করা হয়। এতে প্রথমে ৮২৪ জনকে আসামি করা হয়। পরে অধিকতর তদন্তে আরও ২৬ জনকে অভিযুক্ত করে বর্ধিত অভিযোগপত্র দাখিল করা হয়। এ মামলায় এখন আসামির সংখ্যা ৮৫০। আসামির তালিকায় বিএনপির সাবেক সাংসদ নাসির উদ্দীন আহম্মেদ (পিন্টু) ও আওয়ামী লীগের স্থানীয় নেতা (সাবেক বিডিআর সদস্য) তোরাব আলীও আছেন। আসামিদের মধ্যে ২১ জন পলাতক, দুজন মারা গেছেন। আসামিদের প্রত্যেকের বিরুদ্ধেই হত্যার অভিযোগ আনা হয়েছে। এ ঘটনার পরিকল্পনার সঙ্গে ২৩ জন বেসামরিক লোক জড়িত ছিলেন বলে অভিযোগপত্রে উল্লেখ করে সিআইডি।আদালত সূত্র জানিয়েছে, ২০১১ সালের ৫ ফেব্রুয়ারি এ মামলার বিচার শুরু হয়। গত ২০ ফেব্রুয়ারি পর্যন্ত এ মামলার ১৬৬টি কার্যদিবস ছিল। ওই দিন পর্যন্ত ৫৬৬ জন সাক্ষ্য দিয়েছেন। তাঁরা ৭৬২ জনের বিরুদ্ধে অভিযোগ করেছেন। রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি মোশাররফ হোসেন কাজল প্রথম আলোকে বলেন, মামলায় অনেক সাক্ষী আছেন, যাঁদের সাক্ষ্য নেওয়া না হলেও মামলার কোনো ক্ষতি হবে না। বিশেষ করে জব্দ তালিকার সাক্ষীদের সাক্ষ্য নেওয়া না হলে সময় কম লাগবে।আসামিপক্ষের আইনজীবী আমিনুল ইসলাম বলেন, তাঁরাও চান, এ মামলা দ্রুত নিষ্পত্তি হোক। তবে দুই-তিন মাসের মধ্যে নিষ্পত্তি করা সম্ভব নয় বলে তিনি অভিমত দেন।আসামিপক্ষের আরেক আইনজীবী ফারুক আহাম্মদ বলেন, মামলা কত কম সময়ে নিষ্পত্তি হবে, সেটা বড় ব্যাপার নয়, আসল কথা হলো ন্যায়বিচার পাওয়া। সুবিচার পাওয়ার ব্যাপারে শঙ্কা প্রকাশ করেন তিনি। তাঁর অভিযোগ, আসামিপক্ষকে পর্যাপ্ত আইনগত সুযোগ- সুবিধা দেওয়া হচ্ছে না। এ জন্য তাঁরা আদালতের বিরুদ্ধে অনাস্থার হুমকিও দিয়েছেন।তবে মোশাররফ হোসেন কাজল এ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘দেশের ইতিহাসে এটি সবচেয়ে বড় মামলা। এ মামলা পরিচালনা নিয়ে নানা ধরনের ভুল বোঝাবুঝি থাকতে পারে। এর আগে আসামিপক্ষের আইনজীবীর কিছু ক্ষোভ, কিছু দাবি ছিল। সেসব নিয়ে আমরা আলোচনা করেছি। এখন সবকিছু ঠিক হয়ে গেছে।’বিশেষ আদালতে সপ্তাহে দুই দিন সোম ও বুধবার এ মামলার বিচার চলছে। বিচার চলার সময় ২০ ফেব্রুয়ারি আসামিপক্ষের কয়েকজন আইনজীবী অভিযোগ করেন, আদালত চলাকালে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন আদালতের ভেতরে উপস্থিত থাকেন। আর যাঁরা সাক্ষ্য দিচ্ছেন, তাঁদের অধিকাংশই সেনা কর্মকর্তা অথবা জওয়ান। এ কারণে আসামিপক্ষের আইনজীবীরা সাক্ষীদের ঠিকমতো জেরা করতে পারেন না।আসামিপক্ষের আইনজীবী ফারুক আহাম্মদ প্রথম আলোকে বলেন, তড়িঘড়ি করে সাক্ষ্য নেওয়ায় তাঁরা জেরা করার প্রস্তুতি নিতে পারেন না। আবার আসামিদের সঙ্গে আইনগত পরামর্শ করার সুযোগও দেওয়া হচ্ছে না।রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, আগে থেকেই আইনজীবীদের সাক্ষীর বিষয়ে অবহিত করা হয়ে থাকে। এ ছাড়া আদালত চলার সময় দুপুরের বিরতির পর আইনগত পরামর্শ করার জন্য আইনজীবীদের সুযোগ দেওয়া হয়।আরেকজন আইনজীবী অভিযোগ করেন, নিরাপত্তার কথা বলে আসামিদের পরিবারের সদস্যদের আদালতে ঢুকতে দেওয়া হচ্ছে না। আসামিদের আদালতের ভেতরে ডান্ডাবেড়ি পরিয়ে রাখা হয়, এটা অমানবিক।রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি বলেন, এসব সমস্যা আগে ছিল, এখন আর নেই। ডান্ডাবেড়ি আদালতের ব্যাপার নয়। এটা কারাগার থেকে দেওয়া হয়।