সাক্ষী সুরক্ষা আইন জোরদারে পরামর্শ দিলেন স্টিফেন র‌্যাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের মানবতা-বিরোধী অপরাধের বিচার-প্রক্রিয়া আন্তর্জাতিকভাবে অনুকরণীয় করার লক্ষ্যে সাক্ষীদের নিরাপত্তায় নতুন আইন প্রণয়ন জরুরি। যদি তা করা না যায়, তাহলে বিদ্যমান আইন কিংবা বিধির সংশোধন করতে হবে।গতকাল সোমবার যুদ্ধাপরাধ বিষয়ক মার্কিন বিশেষ দূত স্টিফেন জে র‌্যাপ চলমান বিচার-প্রক্রিয়ার বিষয়ে পুরাতন হাইকোর্ট ভবনে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন। বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে তিনি এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক, তদন্ত সংস্থা, আইনজীবী প্যানেলের সদস্যদের সঙ্গে আলাদাভাবে আলোচনা করেন।এ ছাড়া স্টিফেন র‌্যাপ আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী শফিক আহমেদের সঙ্গে তাঁর সচিবালয়ের কার্যালয়ে এবং পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে সংসদ ভবনের কার্যালয়ে বৈঠক করেন।প্রসঙ্গত যুদ্ধাপরাধের বিচার-প্রক্রিয়ায় মার্কিন সহযোগিতার বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনার জন্য স্টিফেন র‌্যাপ গত রোববার তিন দিনের সফরে ঢাকায় এসেছেন। বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচার-প্রক্রিয়ার অগ্রগতি বিষয়ে আলোচনার জন্য প্রায় তিন মাসে এটি তাঁর দ্বিতীয় দফা বাংলাদেশ সফর।গত ৯ জানুয়ারি স্টিফেন র‌্যাপ চার দিনের সফরে ঢাকায় এসেছিলেন। ওই সফর শেষে দেশে ফেরার আগে তিনি বলেছিলেন, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩ অনুসারে একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে আইনটিতে কিছু সংস্কারের প্রয়োজন রয়েছে। আন্তর্জাতিক আইনের সঙ্গে সংগতি রাখতে হলে এ পরিবর্তন জরুরি।হাইকোর্ট ভবনের বৈঠকগুলো শেষে স্টিফেন র‌্যাপ সাংবাদিকদের কাছে সাক্ষী সুরক্ষা আইনের ওপর জোর দিয়ে বলেন, সাক্ষীদের সুরক্ষার স্বার্থে নতুন আইন প্রণয়ন করতে হবে। কিংবা বর্তমানে যে বিধি আছে, তা সংশোধন করা যেতে পারে।সাক্ষী সুরক্ষার বিষয়ে কেন জোর দিচ্ছেন জানতে চাইলে স্টিফেন সরাসরি উত্তর দেননি। বিচার-প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে মার্কিন বিশেষ দূত আজ মঙ্গলবার অনুষ্ঠেয় সংবাদ সম্মেলনে এ নিয়ে জানানোর কথা বলেন।তবে বৈঠক সূত্রে জানা গেছে, সিয়েরা লিওনের অভিজ্ঞতার উল্লেখ করে স্টিফেন র‌্যাপ সাক্ষীদের সুরক্ষার ওপর গুরুত্ব দিয়েছেন। তিনি বৈঠকে বলেন, সিয়েরা লিওনের যুদ্ধাপরাধের বিচার-প্রক্রিয়ায় যাঁরা সাক্ষ্য দিয়েছেন, সাক্ষ্যদান শেষে তাঁদের অনেককে হত্যা করা হয়েছে। কাজেই এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়াটা জরুরি।স্টিফেন র‌্যাপ সাংবাদিকদের আরও বলেন, যুক্তরাষ্ট্র চায়, বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার সুষ্ঠুভাবে হবে। এ বিচার-প্রক্রিয়া যাতে নিরপেক্ষ হয়, সেটি যুক্তরাষ্ট্র পর্যবেক্ষণ করবে। সাক্ষীদের সুরক্ষার ওপর যে মার্কিন বিশেষ দূত জোর দিয়েছেন, তা আইনমন্ত্রী শফিক আহমেদও স্বীকার করেছেন। বৈঠক শেষে আইনমন্ত্রী জানান, স্টিফেন র‌্যাপ তাঁর সঙ্গে বৈঠকে সাক্ষী সুরক্ষা আইন করার ওপর গুরুত্ব আরোপ করলে তাঁকে আশ্বস্ত করেছেন যে, বাংলাদেশ সরকারেরও এ আইন করার পরিকল্পনা রয়েছে।শফিক আহমেদ স্টিফেন র‌্যাপকে উদ্ধৃত করে বলেন, ১৯৭১ সালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধগুলোর বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩-এর মাধ্যমেই করা সম্ভব। আর এটা করতে পারলে আইনটি বিশ্বের জন্য একটি অনুকরণীয় হয়ে থাকবে। তা ছাড়া অন্য কোনো দেশে এ ধরনের অপরাধ সংঘটিত হলে এই আইন অনুসরণ করে একই ধরনের আইন প্রণয়ন করে বিচার করা যেতে পারে।আইনমন্ত্রী দাবি করেন, ওই আইনে কোনো ধরনের ত্রুটি বা ঘাটতি নেই বলেও অভিমত দিয়েছেন র‌্যাপ।প্রসঙ্গত, কোনো অভিযোগপত্র ছাড়াই জামায়াতের পাঁচ শীর্ষ নেতাকে নয় মাস ধরে আটক রাখা হয়েছে বলে রোববার দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক অভিযোগ করেছিলেন। তাঁর এই অভিযোগের প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী বলেন, ৪০ বছর আগে যে অপরাধ হয়েছে, তা তদন্তে একটু সময় লাগবেই, আর তা করতে হবে সুষ্ঠুভাবে।