বসুন্ধরা গ্রুপের টেলিযোগাযোগ শাখার পরিচালক হুমায়ুন কবির সাব্বির হত্যা মামলায় আদালত ২০ ফেব্রুয়ারি সাক্ষ্য গ্রহণের নতুন তারিখ ধার্য করেছেন। সাক্ষীরা হাজির না হওয়ায় আজ বৃহস্পতিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক রেজাউল ইসলাম এ তারিখ নির্ধারণ করেন। আজ এ মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল। কিন্তু কোনো সাক্ষী হাজির না হওয়ায় আদালত নতুন তারিখ ধার্য করেন।ট্রাইব্যুনালের বিশেষ কৌঁসুলি রফিকুল ইসলাম আদালতকে বলেন, বাদীর সঙ্গে যোগাযোগ হয়েছে । তিনি জানান, নির্ধারিত আগামী তারিখে বাদীকে হাজির করা সম্ভব হবে। এ জন্য তিনি সময় প্রার্থনা করেন।গত ২৫ জানুয়ারি এ মামলায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের ছেলে সাফায়েত সোবহান সানবীরসহ পাঁচজন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্য গ্রহণের জন্য আদালত দিন ধার্য করেছিলেন। ২০০৬ সালের ৪ জুলাই রাতে সাব্বির খুন হন। এ মামলার আসামি সানবীর, নূরে আলম ও হুমায়ুন কবির পলাতক রয়েছেন। পলাতক তিন আসামির পক্ষে স্টেট ডিফেন্স হিসেবে গত ২৫ জানুয়ারি ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক গাজী শাহ আলম এবং আইনজীবী মাহমুদ হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে। তবে হাজির ছিলেন শামসুদ্দিন ও উজ্জ্বল। দ্রুত বিচার ট্রাইব্যুনাল তাঁদের বিরুদ্ধে ১০ জানুয়ারি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পলাতক তিন আসামি হাজির না হওয়ায় আদালত তাঁদের অনুপস্থিতিতেই বিচারকাজ শুরুর আদেশ দেন। ২০০৬ সালের ৪ জুলাই রাতে সাব্বির খুন হন। পরের দিন সকালে গুলশানের একটি বাসার নিচতলার দেয়ালের পাশ থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। ওই দিন বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক সামসুদ্দিন আহমেদ গুলশান থানার পুলিশকে ফোনে জানান, ওপর থেকে নিচে পড়ে সাব্বির মারা গেছেন। কিন্তু লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির সময় শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে গুলশান থানায় হত্যা মামলা করা হয়। আসামি সানবীর তত্কালীন বিএনপি সরকারের উচ্চমহলের সঙ্গে যোগসাজশে বিদেশে চলে যান বলে অভিযোগ আছে। ২০০৮ সালের ৮ মে সিআইডি সাব্বির হত্যা মামলায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের ছেলে সানবীরসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।