সাক্ষী হাজিরে ব্যর্থতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার গতি মন্থর হয়ে পড়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, এর কারণ, রাষ্ট্রপক্ষ সাক্ষী হাজির করতে পারছে না। এ জন্য চলতি মাসে দুবার সাক্ষ্য গ্রহণ মুলতবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।একাত্তরের মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত এই ট্রাইব্যুনালের সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাষ্ট্রপক্ষের সাক্ষী উপস্থিত না থাকায় চলতি মাসে এই মামলায় সাক্ষ্য গ্রহণ হয়েছে মাত্র দুই দিন। গত বছরের ৭ ডিসেম্বর থেকে এই সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এরপর প্রতি কার্যদিবসে সাক্ষ্য গ্রহণ হয়। কিন্তু এ বছরের ২৫ জানুয়ারি রাষ্ট্রপক্ষের ১৬তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর সাক্ষীদের অনিয়মিত উপস্থিতির কারণে গতি মন্থর হয়ে গেছে।সময়মতো সাক্ষী হাজির করতে কী সমস্যা হচ্ছে—এই প্রশ্নের জবাবে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ হায়দার আলী কয়েক দিন আগে প্রথম আলোকে বলেন, ‘সব মামলায় সাক্ষী আনা কঠিন। সাক্ষী আনতে কী সমস্যা হচ্ছে, সেই ব্যাখ্যা ট্রাইব্যুনাল চাননি, এ জন্য এ নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। যেকোনো মামলায় সাক্ষী আনতে এ ধরনের সমস্যা হয়।’সেক্টর কমান্ডারস ফোরামের সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট জেনারেল (অব.) হারুন-অর-রশিদ এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘সাক্ষীদের সময়মতো আনতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা ব্যর্থতার পরিচয় দিয়েছেন। এ ছাড়া সাক্ষীদের ওপর হুমকি-ধমকি ও আর্থিক প্রলোভন রয়েছে। সাক্ষ্য দিয়ে এলাকায় ফেরার পর তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। সরকার এখনো সাক্ষী সুরক্ষা আইন করেনি। ট্রাইব্যুনালের বিধিতে সাক্ষী সুরক্ষার ব্যবস্থা পর্যাপ্ত নয়।’সংশ্লিষ্ট সূত্র জানায়, সাঈদীর বিরুদ্ধে মামলায় রাষ্ট্রপক্ষের তিন সাক্ষী সুমতি রানী মণ্ডল, তাঁর ছেলে আশীষ কুমার মণ্ডল ও প্রতিবেশী সমর মিস্ত্রি ঢাকায় রাষ্ট্রপক্ষের হেফাজতে ছিলেন। আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে ১ ফেব্রুয়ারি তাঁরা রাষ্ট্রপক্ষের হেফাজত থেকে বেরিয়ে আর ফেরেননি। ২ ফেব্রুয়ারি রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত বিষয়টি জানালে ট্রাইব্যুনাল অসন্তোষ প্রকাশ করেন। সেদিন মামলার কার্যক্রম মুলতবি করে ট্রাইব্যুনাল বলেন, সাক্ষীর বিষয়ে রাষ্ট্রপক্ষের বক্তব্য সন্তোষজনক নয়। হেফাজত থেকে সাক্ষীর বেড়াতে যাওয়ার কোনো নিয়ম নেই। এ ক্ষেত্রে রাষ্ট্রপক্ষ ট্রাইব্যুনালের আদেশ মানতে ব্যর্থ হয়েছে। এরপর ৭ ফেব্রুয়ারি চারজন সাক্ষীর হাজির থাকার কথা থাকলেও রাষ্ট্রপক্ষ মাত্র একজনকে হাজির করলে ট্রাইব্যুনাল আবারও কার্যক্রম মুলতবি করেন। সেদিন ওই সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয় মাত্র দুই মিনিটে। সাক্ষী আনতে দেরি হবে, এমন বিবেচনায় সেদিন রাষ্ট্রপক্ষকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়। কিন্তু ১৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপক্ষ জব্দ তালিকার একজন সাক্ষী হাজির করে।এই মামলায় এ পর্যন্ত রাষ্ট্রপক্ষের ১৮ জন নিয়মিত ও সাতজন জব্দ তালিকার সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। তবে তদন্তে এই মামলায় নিয়মিত ৬৮ জন সাক্ষী এবং জব্দ তালিকা ও অন্যান্য ৬২ জন সাক্ষীর তালিকা দেওয়া হয়েছিল।বর্তমান সরকারের মেয়াদ আর দুই বছর থাকায় অনেকেই সাক্ষ্য দিতে নিরাপদ বোধ করছেন না বলে মনে করেন নাম প্রকাশে অনিচ্ছুক রাষ্ট্রপক্ষের একজন কৌঁসুলি। জাতীয় নির্বাচন যত ঘনিয়ে আসছে, রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় সাক্ষীরা সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে পিছিয়ে যাচ্ছেন। তিনি বলেন, এ ক্ষেত্রে স্থানীয় সাংসদ এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোর দায়িত্বশীল ভূমিকা নেওয়া দরকার। তারা শুধু বিচারের দাবিতে রাজপথে মানববন্ধন করছে, কিন্তু মাঠপর্যায়ে গিয়ে সাক্ষীদের সাক্ষ্য দিতে উদ্বুদ্ধ করছে না।জানতে চাইলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত কয়েক দিন আগে প্রথম আলোকে বলেন, ভয়ভীতি ও সন্ত্রাসের পরিবেশ সাক্ষীদের আনতে না পারার একটা কারণ হতে পারে। তবে সাঈদীর বিরুদ্ধে যেসব সাক্ষীর সাক্ষ্য নেওয়ার পরিকল্পনা ছিল, তাঁদের বেশির ভাগের সাক্ষ্য নেওয়া শেষ হয়েছে। বাকিদের বিষয়ে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।এদিকে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর আটক পাঁচ শীর্ষ নেতার পক্ষে রয়েছে একটি বড় আইনজীবী দল। তাঁদের আইনজীবীরা জানান, জামায়াতের আটক পাঁচ শীর্ষ নেতার প্রত্যেকের জন্য আইনজীবী ও গবেষণা সহকারীদের নিয়ে একটি করে দল আছে। এই দলগুলোকে সার্বিকভাবে দেখাশোনা করার জন্য একটি প্রধান আইনজীবী দল আছে। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও আইনজীবী আবদুর রাজ্জাক এই আইনজীবী দলের প্রধান।মুক্তিযুদ্ধবিষয়ক গবেষক এম এ হাসান প্রথম আলোকে বলেন, মানবতাবিরোধী অপরাধের বিচারকে মাঠপর্যায়ে নিয়ে যাওয়ার কাজটি বর্তমান সরকার করেনি। সরকার ক্ষমতায় আসার এক বছর পর হালকাভাবে পদ্ধতিগত ত্রুটি নিয়ে বিচারের প্রক্রিয়া শুরু করেছে, যে দুর্বলতার ছাপ প্রসিকিউশনে (রাষ্ট্রপক্ষের কৌঁসুলি) দেখা যাচ্ছে। কৌঁসুলিদের যোগ্যতা, মনোযোগ ও প্রস্তুতির অভাব থাকায় বারবার হোঁচট খাচ্ছে।