রমনা বটমূলে বোমা হামলা
সাক্ষী হাজিরে ব্যর্থতায় ডিএমপি কমিশনারকে কারণ দর্শানোর নির্দেশ
রমনা বটমূলে বোমা হামলার ঘটনায় দায়ের করা হত্যা মামলার সাক্ষী হাজিরে ব্যর্থতায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ বেগম চমন চৌধুরী এ আদেশ দেন।আজ এ মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল। কোনো সাক্ষী আদালতে হাজির না হওয়ায় এবং সাক্ষীদের প্রতি অজামিনযোগ্য পরোয়ানা জারি-সংক্রান্ত কোনো প্রতিবেদন আদালতে দাখিল না করায় আদালত এ আদেশ দেন।গত ১২ জুলাই সাতজন সাক্ষীর প্রতি আদালতে সাক্ষ্য দেওয়ার জন্য পরোয়ানা জারির আদেশ দেওয়া হয়। ডিএমপি কমিশনারের মাধ্যমে ওই পরোয়ানা জারির বিষয়ে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু কমিশনার এ বিষয়ে আজ আদালতে কোনো প্রতিবেদন না দেওয়ায় বিচারক এ আদেশ দেন।এই সাতজন হলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিত্সক নুরুল ইসলাম, ঢাকার তত্কালীন মহানগর হাকিম ইমরান হোসেন, পুলিশের রমনা থানার তত্কালীন উপপরিদর্শক (এসআই) গোলাম হায়দার ও কবীর হোসেন, সাতক্ষীরার মামুনুর রশীদ, পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কর্মকর্তা আখতারুজ্জামান ও ইউসুফ আলী মোল্লা।একই ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলাটি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এ বিচারাধীন।২০০১ সালের ১৪ এপ্রিল বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে এই বোমা হামলায় ১০ জন নিহত এবং আরও অন্তত ১১ জন আহত ও পঙ্গু হয়েছিলেন। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা করে। ২০০৮ সালের ৩০ নভেম্বর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আদালতে দুটি মামলায় অভিযোগপত্র দাখিল করে। মামলা দুটিতেই মুফতি আবদুল হান্নানসহ আন্তর্জাতিক জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামীর (হুজি) ১৪ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।