আনিসুজ্জামানকে জেরা চলছে
সাক্ষীকে ‘মিথ্যুক’ বলায় সাকার আইনজীবীকে ট্রাইব্যুনালের নোটিশ
নির্দেশ অমান্য করে ইচ্ছাকৃতভাবে রাষ্ট্রপক্ষের সাক্ষীকে ‘মিথ্যুক’ বলায় বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর আইনজীবী ফখরুল ইসলামের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে না, তার কারণ দর্শাতে নোটিশ দিয়েছেন ট্রাইব্যুনাল। বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গতকাল মঙ্গলবার এই আদেশ দেন।আদেশে বলা হয়, ২৭ মে ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে ফখরুল ইসলামকে এ নোটিশের জবাব দিতে হবে। না হলে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে।এদিকে, সাকা চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানকে গতকালও জেরা করে আসামিপক্ষ।আসামির কাঠগড়ায় সাকা চৌধুরীর উপস্থিতিতে সকালে কার্যক্রম শুরু হলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ-আল-মালুম রাষ্ট্রপক্ষের সাক্ষীকে ‘মিথ্যুক’ বলার বিষয়টি ট্রাইব্যুনালের নজরে আনেন। তিনি বলেন, গতকাল (সোমবার) ট্রাইব্যুনালের কার্যক্রম চলাকালে ফখরুল ইসলাম দেশের বিশিষ্ট শিক্ষাবিদ আনিসুজ্জামান সম্পর্কে এমন কয়েকটি শব্দ উচ্চারণ করেছেন, যা সাক্ষী বা আসামি সম্পর্কে বলা যায় না। এ বিষয়ে ট্রাইব্যুনাল তখন তাঁকে সতর্ক করলেও পরে তিনি ট্রাইব্যুনালের বাইরে সাংবাদিকদের সামনে আনিসুজ্জামানকে আবারও ‘মিথ্যুক’ বলেন। এ প্রসঙ্গে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত সংবাদের উল্লেখ করে তিনি ফখরুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আরজি জানান।ট্রাইব্যুনাল এরপর ফখরুলের কাছে বিষয়টি জানতে চান। ফখরুল ব্যাখ্যা করতে গেলে ট্রাইব্যুনাল বলেন, আপনার কাছে ট্রাইব্যুনালের প্রশ্ন, আপনি বারবার ‘মিথ্যুক’ শব্দটি বলেছেন কি না? তিনি আবার ব্যাখ্যা দিতে গেলে ট্রাইব্যুনাল বলেন, আপনি সাংবাদিকদের কাছে ‘মিথ্যুক’ বলেছেন কি না? ফখরুল বলেন, আমি আদালতে যে কথা বলেছি, বাইরেও সে কথা বলেছি।এরপর ট্রাইব্যুনাল আদেশ দেন। আদেশে বলা হয়, সোমবার জেরার সময় আসামির আইনজীবী ফখরুল ইসলাম রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষীকে বারবার ‘মিথ্যুক’ বলেন। ট্রাইব্যুনাল এ বিষয়ে তাঁকে সতর্ক করলেও কিছুক্ষণ পরই তিনি বাইরে গিয়ে সাংবাদিকদের সামনে আবারও একই কথা বলেন। পত্রিকার মাধ্যমে ট্রাইব্যুনাল বিষয়টি জেনেছেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আরও বলেছেন, এটা সাক্ষীদের জন্য হুমকি। নির্দেশ অমান্য করে ইচ্ছাকৃতভাবে ট্রাইব্যুনালস আইনের ১১(৪) ধারা লঙ্ঘন করার দায়ে তাঁর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তার জবাব দিতে ট্রাইব্যুনাল কারণ দর্শানো নোটিশ জারি করছেন।আনিসুজ্জামানকে জেরা: এরপর সাকা চৌধুরীর প্রধান আইনজীবী আহসানুল হক এ মামলায় রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী আনিসুজ্জামানকে দ্বিতীয় দিনের মতো জেরা করেন। আহসানুল হকের প্রশ্নের জবাবে আনিসুজ্জামান বলেন, সাকা চৌধুরীর সঙ্গে তাঁর ব্যক্তিগত জানাশোনা নেই। স্বাধীনতার পূর্বে পাকিস্তানে তিনটি মুসলিম লীগ ছিল কি না—এ প্রশ্নে সাক্ষী বলেন, কাউন্সিল, কাইয়ুম ও কনভেনশন মুসলিম লীগ ছিল। এ-সংক্রান্ত পরবর্তী প্রশ্নগুলোর জবাবে তিনি বলেন, কাউন্সিল মুসলিম লীগের প্রধান ছিলেন মিঞা মমতাজ দৌলতানা এবং ওই দলের পূর্ব পাকিস্তানের প্রধান ছিলেন খাজা খয়েরউদ্দিন। কাইয়ুম মুসলিম লীগের প্রধান ছিলেন সম্ভবত শফিকুল ইসলাম। কনভেনশন মুসলিম লীগের পূর্ব পাকিস্তানের প্রধান ছিলেন ফজলুল কাদের চৌধুরী।এ সময় আহসানুল হক জানতে চান, ফজলুল কাদের চৌধুরী পাকিস্তান মুসলিম লীগের প্রধান এবং কাজী আবদুল কাদের এ দলের পূর্ব পাকিস্তানের প্রধান ছিলেন কি না? জবাবে আনিসুজ্জামান বলেন, এটা হতে পারে। এ তিনটি মুসলিম লীগের চট্টগ্রাম জেলার প্রধান কারা ছিলেন—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি বলতে পারবেন না। পরের কয়েকটি প্রশ্নের জবাবে তিনি বলেন, একাত্তরে চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন জহুর আহম্মেদ চৌধুরী, সেক্রেটারি কে ছিলেন তা এ মুহূর্তে বলতে পারবেন না। ওই সময়ে চট্টগ্রাম জামায়াতে ইসলামীর আমির কে ছিলেন, তা-ও বলতে পারবেন না।আহসানুল হক বলেন, বাংলাদেশে গুণী ব্যক্তিদের তিনটি ভাগ আছে—ইসলামিক স্কলার, ওয়েস্টার্ন এডুকেটেড এবং সেক্যুলার লিবারেল। এর মধ্যে কোনটিতে আপনি নিজেকে চিহ্নিত করেন? জবাবে আনিসুজ্জামান বলেন, ‘আমি বিদেশে গবেষণা করেছি, দেশেও বেশির ভাগ লেখাপড়া করেছি। তবে আদর্শগতভাবে নিজেকে সেক্যুলার লিবারেল মনে করি।’ পরের প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ২৫ বছর বয়সে তিনি ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। সাক্ষীর আর কোনো ডক্টরেট ডিগ্রি আছে কি না—এর জবাবে তিনি বলেন, কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে তিনি সম্মানসূচক ডিলিট ডিগ্রি পেয়েছেন, সম্ভবত ১৯৯৫ সালে। ভারতে তিনি এ পর্যন্ত কয়টি সম্মাননা পেয়েছেন—এ প্রশ্নের জবাবে সাক্ষী বলেন, কলকাতার এশিয়াটিক সোসাইটি থেকে দুটি সম্মাননা (২০১১ ও ২০১২ সালে), কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একটি পদক (সম্ভবত ২০০৯ সালে), আনন্দ পুরস্কার (সম্ভবত ১৯৯০ সালে) পেয়েছেন।পরের দু-তিনটি প্রশ্নে আহসানুল হক বাংলাদেশ থেকে কলকাতায় যাওয়ার সড়কপথ ও এর দূরত্ব নিয়ে প্রশ্ন করেন। রাষ্ট্রপক্ষ এতে আপত্তি জানালে ট্রাইব্যুনাল বলেন, এসব প্রশ্ন করা যাবে না। চট্টগ্রামের মাহফুজুর রহমানকে তিনি চেনেন কি না—আইনজীবীর এ প্রশ্নে আনিসুজ্জামান হ্যাঁ-সূচক জবাব দেন। পরের প্রশ্নের জবাবে তিনি বলেন, চট্টগ্রাম অঞ্চলের মুক্তিযোদ্ধাদের সনদ মাহফুজুর রহমানের কাছ থেকে নিতে হয় কি না, তা তাঁর জানা নেই। তাঁর লেখা বাঙালির জাতীয়তাবাদী সংগ্রাম, মুক্তিযুদ্ধে চট্টগ্রাম বইটি পড়া আছে। ওই বইতে লেখকের দৃষ্টিভঙ্গি অনুসারে চট্টগ্রামের মুক্তিযুদ্ধের ইতিহাস বর্ণনা করা হয়েছে।আহসানুল হক বলেন, যাঁর লেখা বই, তাঁর দৃষ্টিভঙ্গিই তো বইয়ে থাকবে। এ কথায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা আপত্তি জানান। এ নিয়ে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে কিছুক্ষণ বিতর্ক হয়।পরের প্রশ্নের জবাবে আনিসুজ্জামান বলেন, তাঁর লেখা বইয়ে মাহফুজুর রহমানের লেখা বইয়ের উল্লেখ আছে। মাহফুজের বই একাত্তরের পটভূমিতে লেখা এবং তিনি একজন মহান মুক্তিযোদ্ধা। আহসানুল প্রশ্ন করেন, মুক্তিযুদ্ধ শুরু হলে ইপিআর (ইস্ট পাকিস্তান রাইফেলস) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দখলে নেয় কি না? জবাবে আনিসুজ্জামান বলেন, মুক্তিযুদ্ধের শুরুতে সীমান্ত এলাকা থেকে ইপিআরের বাঙালি সৈন্যরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকায় আসেন এবং তাঁদের সঙ্গে পূর্বের আলাপের ভিত্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে তাঁরা চট্টগ্রাম সেনানিবাস ঘিরে রাখতে প্রবৃত্ত হন। তাই দখলের প্রশ্ন আসে না। অপর প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু সবাইকে সংগ্রামের জন্য প্রস্তুত হতে আহ্বান করলে বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকায় শিক্ষকদের মধ্যে এবং কোনো কোনো বাঙালি সামরিক কর্মকর্তার সাহায্যে মলোটোভ ককটেল তৈরির চেষ্টা করা হয় বলে আমি জেনেছি, কিন্তু দেখিনি।’ পরের প্রশ্নের জবাবে তিনি বলেন, ককটেল তৈরির বোতল কুণ্ডেশ্বরী ঔষধালয় থেকে সরবরাহ করা হতো।আসামিপক্ষের প্রধান আইনজীবীর পরের প্রশ্নে সাক্ষী বলেন, একাত্তরের ১০ এপ্রিল থেকে ২৫ এপ্রিল রামগড়ে থাকাকালে জেনারেল (তৎকালীন মেজর) জিয়াউর রহমানের সঙ্গে তাঁর দেখা হয়েছিল। প্রথম সাক্ষাতের সময় তাঁর সঙ্গে ছিলেন রামগড় টি এস্টেটের ম্যানেজার আবদুল আউয়াল। এ ছাড়া বিভিন্ন সময় জিয়াউর রহমানের সঙ্গে কথা বলার সময় উপস্থিত ছিলেন মেজর শামস, ক্যাপ্টেন আফতাব, এ আর মল্লিক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরও কোনো কোনো শিক্ষক।এ বিষয়ে আহসানুল হক আরও দুটি প্রশ্ন করলে রাষ্ট্রপক্ষ আপত্তি জানায়। এ সময় দুই পক্ষের আইনজীবীদের মধ্যে আবার বাগিবতণ্ডা হয়। ট্রাইব্যুনাল তখন রাষ্ট্রপক্ষকে বলেন, কোন প্রশ্ন করা যাবে আর কোনটি যাবে না, তা ট্রাইব্যুনাল ঠিক করবেন।পরের কয়েকটি প্রশ্নের জবাবে আনিসুজ্জামান বলেন, তিনি নিজের গাড়ি চালিয়ে কুণ্ডেশ্বরীতে যান। সালাউদ্দিন কাদের চৌধুরীর বাড়ি তিনি চিনতেন না, তবে কাছাকাছি এটা জানতেন। চট্টগ্রাম থেকে রাঙামাটি যেতে মূল রাস্তার ডান দিকে আনুমানিক আধা মাইল দূরত্বে কুণ্ডেশ্বরী ঔষধালয় অবস্থিত। সেখানে যেতে মূল সড়কের বাম দিকে কয়টি বাড়ি ছিল, তা বলতে পারবেন না।নিজের পাসপোর্ট-সংক্রান্ত কয়েকটি প্রশ্নের জবাবে সাক্ষী বলেন, ১৯৫৫ সালে তিনি প্রথম ভারতে যাওয়ার জন্য বিশেষ পাসপোর্ট পান। পরে আন্তর্জাতিক পাসপোর্টের জন্য আবেদন করলে একটি ‘রেস্ট্রিকটেড’ পাসপোর্ট পান। দুই বছর মেয়াদি এ পাসপোর্টে কয়েকটি দেশে যাওয়া যেত। ১৯৬৬ সালে এ পাসপোর্টের মেয়াদ শেষ হলে পাকিস্তান আমলে নতুন পাসপোর্টের জন্য তিনি আর আবেদন করেননি। একাত্তরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকায় তাঁর বাসা থেকে অন্যান্য সামগ্রীর সঙ্গে ওই পাসপোর্টটিও লুট হয়। লুটের বিষয়টি তিনি তদন্ত কর্মকর্তাকে বলেননি, কারণ এ প্রসঙ্গ উত্থাপিত হয়নি। ১৯৭২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফিরে গেলে বাসা লুটের বিষয়ে তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেননি, তবে বাংলাদেশে নতুন পাসপোর্টের আবেদন করলে আগের পাসপোর্ট লুটের বিষয়টি জানান। ১৯৭৩ সালে তিনি বাংলাদেশের পাসপোর্ট নেন। ১৯৫৫ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তাঁর পাসপোর্টে জন্মস্থান একই ছিল।আইনজীবী বলেন, পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণের সময় মুজিবনগর সরকারের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। আনিসুজ্জামান বলেন, মুজিবনগর সরকার নয়, তিনি বাংলাদেশ সরকার বলতে চান। ১৬ ডিসেম্বর পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণের সময় বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসেবে গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার উপস্থিত ছিলেন। তবে বাংলাদেশ সরকারের কোনো ক্যাবিনেট সদস্য উপস্থিত ছিলেন না।আইনজীবী জানতে চান, স্বাধীনতার পর প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের সঙ্গে সাক্ষীর যুদ্ধাপরাধ বিষয়ে কথা হয়েছিল কি না? জবাবে সাক্ষী বলেন, হ্যাঁ, হয়েছিল। এ বিচারের বিষয়ে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ভারত উৎসাহ দিচ্ছে না বলে তাজউদ্দীন সাক্ষীকে বলেছিলেন কি না—এ প্রশ্ন করা হলে ট্রাইব্যুনাল বলেন, এ প্রশ্ন করা যাবে না।একপর্যায়ে এক প্রশ্নের জবাবে আনিসুজ্জামান বলেন, তাঁর জীবনে কোনো দিন ভারতে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা হয়নি। আইনজীবী এ সময় বলেন, তার মানে আপনি পাকিস্তানে খুব সুখী ছিলেন? ট্রাইব্যুনাল আবার বলেন, এ ধরনের প্রশ্ন করা যাবে না। পরে আইনজীবী মতামতে বলেন, সাক্ষীর বাবা পাকিস্তান আন্দোলনকে সমর্থন করেছিলেন এবং স্বেচ্ছায় এ দেশে এসেছিলেন। আনিসুজ্জামান বলেন, এটা সত্য। আইনজীবীর আরেকটি প্রশ্নে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে আবার বিতণ্ডা হয়।দুপুরে আসামিপক্ষের আরজির পরিপ্রেক্ষিতে জেরা আজ বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত মুলতবি করা হয়।