মানবতাবিরোধী অপরাধের বিচারের মামলায় সাক্ষীদের নিরাপত্তা জোরদার করতে ১২ জেলার প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত চিঠি ফ্যাক্সযোগে ১২ জেলায় পাঠানো হয়েছে। জেলাগুলো হলো—ঢাকা, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, পিরোজপুর, ফরিদপুর, শেরপুর, রংপুর, পাবনা, জয়পুরহাট, ময়মনসিংহ, মৌলভীবাজার ও হবিগঞ্জ। আজ বৃহস্পতিবার ‘প্রথম আলো’ পত্রিকায় মানবতাবিরোধী অপরাধের বিচারের মামলায় সাক্ষীদের নিরাপত্তা বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ‘ভয়ে মামলার সাক্ষ্য দিতে অনাগ্রহ’ শীর্ষক ওই প্রতিবেদন প্রকাশের পর সরকারের পক্ষ থেকে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সূত্র। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিভিন্ন জেলায় পাঠানো চিঠিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলাসংশ্লিষ্ট ভুক্তভোগী (ভিকটিম), সাক্ষী ও তাঁদের পরিবারের সদস্যদের সার্বিক নিরাপত্তা দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে ডিসি ও এসপিদের দাপ্তরিক দায়িত্বের বাইরে ব্যক্তিগত দায়িত্ব হিসেবে বিবেচনা করার অনুরোধ করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার ভিকটিম ও সাক্ষীদের জেলা পর্যায়ে নিরাপত্তা নিশ্চিত করার বিষয় তদারকির জন্য গঠিত জেলা কমিটির প্রধান হচ্ছেন ডিসি। এ ছাড়া আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে এসপিদের।