মানবতাবিরোধী অপরাধ বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে যাঁরা সাক্ষ্য দিতে চান, তাঁদের অনেকেই নিরাপত্তাহীনতায় ভুগছেন। সরকার যদি নিরাপত্তার ব্যবস্থা করতে না পারে তবে তাঁরা সাক্ষ্য না-ও দিতে পারেন। সাক্ষীদের নিরাপত্তার জন্য শিগগিরই সাক্ষী নিরাপত্তা আইন করতে হবে। আজ সোমবার ‘গণহত্যা, যুদ্ধাপরাধ এবং বিচার: আন্তর্জাতিক প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেছেন। রাজধানীর বিলিয়া মিলনায়তনে সভাটির আয়োজন করে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, সম্প্রীতি ফোরাম ও একাত্তরের গণস্বাক্ষর দল।ট্রাইব্যুনালের প্রধান আইনজীবী গোলাম আরিফ টিপু বলেছেন, ‘এ বিষয়ে একটি আইন প্রণয়নে কথাবার্তা চলছে। দেখা যাক, কী হয়।’ সাক্ষীদের নিরাপত্তার বিষয়ে সরকারি উদ্যোগ গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঢাকা সহায়ক মঞ্চের আহ্বায়ক শাহরিয়ার কবির বলেন, ‘যুদ্ধাপরাধের ইস্যুতে দেশের বিভিন্ন স্থানে আমি ঘুরেছি, সাক্ষীদের সঙ্গে কথা বলেছি। সাক্ষীদের একটাই প্রশ্ন, সালাউদ্দিন কাদের চৌধুরী ও মতিউর রহমান নিজামীদের বিরুদ্ধে আমরা সাক্ষ্য দেব, আমাদের নিরাপত্তা কে দেবে?’ তিনি আরও বলেন, সাক্ষীদের নিরাপত্তার জন্য নিরাপত্তা আইন তৈরির বিষয়ে আইনমন্ত্রী কথা দিয়েছিলেন। কিন্তু এখনো কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। সরকারের মন্ত্রী ও নীতিনির্ধারকদের অপ্রয়োজনীয় বক্তব্যের কারণে ট্রাইব্যুনাল সম্পর্কে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে মন্তব্য করে শাহরিয়ার কবির বলেন, ‘দয়া করে ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম সম্পর্কে কোনো কথা বলবেন না। ট্রাইব্যুনালকে স্বাধীনভাবে কাজ করতে দিন। ট্রাইব্যুনালের উপর কোনো হস্তক্ষেপ করবেন না।’গোলাম আরিফ টিপু বলেন, তদন্ত সংস্থার সদস্যদের মধ্যে পাক্ষিক আলোচনা হয়। কিন্তু তার পরও কিছু সমস্যা থেকেই যাচ্ছে। তবে সেসব ত্রুটি-বিচ্যুতি শিগগিরই কাটিয়ে উঠতে চেষ্টা চলছে। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার করার দায়িত্ব সততা, স্বচ্ছতার সঙ্গে করা হবে। এসব অপরাধীর বিচারের এ সুযোগ অবহেলায় নষ্ট করা হবে না। সভায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি বিচারপতি গোলাম রাব্বানী, ফেরদৌসি প্রিয়ভাষিণী প্রমুখ বক্তব্য দেন।