ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু বকর হত্যা মামলা
সাক্ষীদের বানোয়াট জবানবন্দি দিয়ে পুলিশের অভিযোগপত্র!
প্রত্যক্ষদর্শী সাক্ষীদের বানোয়াট জবানবন্দি যুক্ত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু বকর সিদ্দিক হত্যা মামলার অভিযোগপত্র দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।এ ঘটনায় অনুসন্ধানকালে প্রথম আলোর কাছে মামলার প্রত্যক্ষদর্শী পাঁচজন সাক্ষী বলেন, তাঁদের কাছ থেকে পুলিশ কোনো বক্তব্য বা সাক্ষ্য নেয়নি। তাঁদের অভিযোগ, ছক অনুযায়ী তদন্ত প্রতিষ্ঠা করতেই পুলিশ নিজেদের মতো করে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য বানিয়েছে।এ অবস্থায় আলোচিত এই ছাত্র হত্যা মামলার ভাগ্য নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়েছে। জানতে চাইলে ঢাকা মহানগর সরকারি কৌঁসুলি আবদুল্লাহ আবু প্রথম আলোকে বলেন, ‘প্রত্যক্ষদর্শীদের সাজানো জবানবন্দি লিখে পুলিশ অভিযোগপত্র দিয়ে থাকলে এবং তা সাক্ষীরা আদালতে বললে মামলাটি দুর্বল হয়ে যাবে। এতে লাভবান হবে আসামিরা। মামলা প্রমাণিত হবে না।’অবশ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক প্রথম আলোকে বলেন, ‘পুলিশ তদন্ত করেই চার্জশিট দিয়েছে বলে আমাদের বিশ্বাস। তবু সাক্ষীদের কিছু বলার থাকলে তারা কোর্টে গিয়ে বলবে।’গত বছরের ১ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের সময় আহত হন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্র আবু বকর সিদ্দিক। পরদিন তিনি হাসপাতালে মারা যান। টাঙ্গাইলের গরিব কৃষক পরিবারের সন্তান বকরের মৃত্যুর দুই মাস পর স্নাতক সমাপনী পরীক্ষার ফল বের হয়। তাতে তিনি প্রথম হন।শাহবাগ থানার পুলিশ গত ২৯ এপ্রিল আদালতে বকর হত্যা মামলার অভিযোগপত্র দেয়। তাতে ছাত্রলীগের এফ রহমান হল শাখার সাবেক সভাপতি সাইদুজ্জামান ফারুকসহ সংগঠনের আট নেতা-কর্মীকে আসামি করা হয়। বাকিরা হলেন এনামুল হক, মনসুর আহমেদ ওরফে রনি, আবু জাফর মো. সালাম, মফিদুল ইসলাম খান ওরফে তপু, রকিব উদ্দিন, মেহেদী হাসান ওরফে লিয়ন ও তৌহিদুল খান ওরফে তুষার।মামলাটির প্রথম তদন্ত কর্মকর্তা ছিলেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল হক। তাঁর বদলির পর তদন্তের দায়িত্ব পান এসআই ব্রজেন্দ্রনাথ ভদ্র। নথিপত্রে দেখা যায়, ফৌজদারি কার্যবিধির ১৬১ ধারায় প্রত্যক্ষদর্শী সব সাক্ষীর জবানবন্দি লিখেছেন ব্রজেন্দ্রনাথ ভদ্র। মামলাটির সর্বশেষ তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম। তিনিই আদালতে মামলার অভিযোগপত্র জমা দেন।তদন্তের ফলাফল: অভিযোগপত্রে বলা হয়, বকর ছাত্রলীগের এফ রহমান হল শাখার সাধারণ সম্পাদকের সমর্থক। আর ছাত্রলীগের সভাপতি (সাইদুজ্জামান ফারুক) ও তাঁর সমর্থকেরা হকিস্টিক, রড, লাঠি দিয়ে পিটিয়ে বকরকে আহত করেন, পরে তাঁর মৃত্যু হয়।আর ময়নাতদন্তের প্রতিবেদনে বলা হয়, ভোঁতা ও ভারী কিছুর দ্বারা মাথায় আঘাতের ফলে বকরের মৃত্যু হয়েছে। নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, অভিযোগপত্রে ১৬ জনকে সাক্ষী করা হয়েছে। এর মধ্যে প্রত্যক্ষদর্শী পাঁচজন সাক্ষীর ‘জবানবন্দি’ তদন্তের মূল ভিত্তি। বাকি সাক্ষীদের মধ্যে পুলিশ, চিকিৎসক, বকরের ভাইসহ অন্যরা রয়েছেন।অভিযোগপত্রের সঙ্গে প্রত্যক্ষদর্শী সাক্ষী হিসেবে শাহীনুর ইসলাম, রেজাউল করিম, ইমরুল হাসান, সালেহ মো. সহিদুর রহমান ও মিটফুল ইসলামের ‘জবানবন্দি’ আদালতে দাখিল করা হয়েছে। ঘটনার সময় এই পাঁচ ছাত্রই এফ রহমান হলে ছিলেন। রেজাউল করিম ও ইমরুল হাসান বকরের সঙ্গে একই কক্ষে ও মিটফুল ইসলাম পাশের কক্ষে থাকতেন।তাঁদের মধ্যে সালেহ ছাড়া বাকি চারজন বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির কাছে সাক্ষ্য দিয়েছেন। মামলার নথিতে শাহীনুর ইসলামের জবানবন্দিতে লেখা হয়েছে, ‘... রাত্রি সোয়া একটার দিকে হইচই শুনিয়া রুমের বাইরে আসি। দেখি একই হলের ছাত্র সাইদুজ্জামান ফারুক ও...(আট আসামির নাম)সহ অজ্ঞাতনামা আসামিগণ হাতে রড, লাঠি, হকিস্টিক দ্বারা বকরকে মারপিট করে গুরুতর জখম করে।’রেজাউল করিমের জবানবন্দিতে লেখা হয়েছে, ‘রাতে আমার রুমমেটরাসহ আমি রুমে ছিলাম। হঠাৎ হইচই শুনিয়া বাইরে আসি এবং রড, হকিস্টিক, লাঠি হাতে লইয়া সাইদুজ্জামান ফারুক ও...(আট আসামির নাম)সহ অজ্ঞাতনামা আরও অনেককে দৌড়াদৌড়ি ও মারামারি করিতে দেখি। মারামারিতে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রুপের বকর....জখমপ্রাপ্ত হয়।’অপর তিনজনের ‘জবানবন্দিতে’ও প্রায় একই রকম বিবরণ লেখা রয়েছে।পাঁচ প্রত্যক্ষদর্শীর কথা: সাক্ষী রেজাউল ও ইমরুল এই প্রতিবেদককে বলেন, ‘মামলার চার্জশিট (অভিযোগপত্র) সম্পর্কে আমরা কিছুই জানি না। সংঘর্ষের পরবর্তী সময়ে মিডিয়া ও বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি ছাড়া আর কারও সঙ্গে আমাদের কথা হয়নি।’ তাঁরা বলেন, বকর কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলেন না। সারা দিন বই নিয়েই থাকতেন।মিটফুল ইসলাম বলেন, ‘পুলিশের কাছে আমি কোনো সাক্ষ্য দিইনি। বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটি ছাড়া কারও সঙ্গে এ বিষয়ে কোনো কথা হয়নি।’শাহীনুর বলেন, ‘থানায় আমারে ডাকেনি। মামলায় সাক্ষ্যর বিষয়ে জানিও না।’একই কথা বলেছেন সালেহ মো. সহিদুর রহমানও। তিনি বলেন, ‘চার্জশিটে বলা হয়েছে, আমি ৪০৪ নম্বর কক্ষের ছাত্র। কিন্তু আমি থাকতাম ৩০৪ নম্বর কক্ষে।’তদন্ত কর্মকর্তাদের বক্তব্য: জানতে চাইলে শাহবাগ থানার ওসি রেজাউল করিম প্রথম আলোকে বলেন, ‘আমি শুধু চার্জশিটটা জমা দিয়েছি। আগের তদন্ত কর্মকর্তা ব্রজেন্দ্রনাথ ভদ্র মূলত তদন্ত করেছেন।’ওসির ধারণা, আসামিদের ভয়ে সাক্ষীরা পুলিশকে জবানবন্দি দেওয়ার কথা অস্বীকার করছেন। তাঁর যুক্তি, ‘তাঁরা সাক্ষ্য না দিলে তাঁদের নাম-ঠিকানা পুলিশ কোথায় পেল?’অবশ্য পাঁচ সাক্ষীই প্রথম আলোকে বলেছেন, তাঁদের ধারণা, পুলিশ এফ রহমান হলের প্রশাসনিক কার্যালয় থেকে তাঁদের নাম-ঠিকানা সংগ্রহ করেছে।এ কথা জানালে ওসি রেজাউল করিম বলেন, ‘ওরা তো অনেক কিছুই বলতে পারে। ওরা কোর্টে গিয়ে বলুক। আমরা এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে পারব না।’ব্রজেন্দ্রনাথ ভদ্র এখন চাঁদপুরে কর্মরত। যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, ‘ফৌজদারি মামলায় এ রকম হয়, মানে সাক্ষীরা বলে যে আমি সাক্ষ্য দিইনি বা দারোগা এমনিতে নাম লিখে নিয়েছে। আমি ওদের প্রত্যেককে থানায় নিজ কক্ষে ডেকে এনে সাক্ষ্য নিয়েছি।’তাহলে জবানবন্দিতে সাক্ষীদের সই নেই কেন—এ প্রশ্নের জবাবে ব্রজেন্দ্রনাথ বলেন, ‘১৬১ ধারার জবানবন্দিতে সাক্ষীদের সই নিতে হয় না।’প্রসঙ্গ টিয়ার শেল: বকর হত্যার ঘটনায় গঠিত বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটির প্রতিবেদন ও মামলার অভিযোগপত্রের প্রত্যক্ষদর্শীদের বক্তব্যের মধ্যে মিল নেই। বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটির কাছে প্রত্যক্ষদর্শী হিসেবে দেওয়া সাক্ষ্যে ইমরুল বলেছেন, ‘...আমাদের কক্ষের বারান্দার যে গ্লাস, সেগুলো ভেঙে পুলিশ টিয়ার শেল মেরেছে।... তখন আমরা ব্যালকনিতে চলে যাই।...আমি ছিলাম ব্যালকনির ডান দিকে দেয়াল ঘেঁষে। আমার পেছনে দাঁড়ানো ছিল আবু বকর। বকর হঠাৎ করে ওরে বাবারে বলে চিৎকার দিয়ে ওঠে।...ওই কক্ষের কোনাকুনি ওপরে ৫০৩ নম্বর কক্ষের ব্যালকনির দিকে নজর যায় এবং ওখানে পুলিশ দেখতে পাই।’ তদন্ত কমিটিকে ইমরুল আরও বলেন, বকরের চিৎকারের আগে একটা শব্দ হয়েছিল। তাঁর মনে হয়েছে, পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসের শেল (টিয়ার শেল) বকরের মাথায় লেগে নিচে পড়ে গেছে।ইমরুল ও রেজাউল প্রথম আলোকে বলেন, ‘মারামারি শুরু হলে আমরা আটজনই ব্যালকনিতে অবস্থান নিয়েছিলাম। রুমের দুই দরজা বন্ধ ছিল। সেখানে আর কেউ এসে হামলা করার সুযোগ ছিল না।’ তাঁদের দাবি, বকর মাথার পেছনে আঘাত পেয়েছিলেন।তবে বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির প্রতিবেদনে পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, কাঁদানে গ্যাসের শেল লাগলে আঘাতের স্থানে চামড়া পুড়ে যাবে, এতে কেউ মারা যাওয়ার কথা নয়।তবে বিশ্ববিদ্যালয়ের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ‘হাতুড়ি, ইট, মোটা রডের মাথা অথবা শক্ত অন্য কোনো অবজেক্ট (বস্তু) দ্বারা আবু বকরের মৃত্যু হয়েছে বলে দুজন বিশেষজ্ঞ চিকিৎসক যে মত দিয়েছেন, তা কমিটির কাছে গ্রহণযোগ্য মনে হয়েছে। অবস্থাদৃষ্টে এবং যত দূর সাক্ষ্য-প্রমাণ কমিটি পেয়েছে, তাতে শক্ত অবজেক্টের মধ্যে টিয়ার শেলের সম্ভাব্যতাও থাকে।’