সাক্ষীদের সুরক্ষায় আইন প্রণয়নের পরিকল্পনা রয়েছে সরকারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, যোগাযোগ মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে প্রস্তাব পাওয়া গেলে পেনাল কোড সংশোধন করে সড়ক দুর্ঘটনার জন্য অপরাধীদের দণ্ড বাড়ানোর বিষয়ে পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।আজ সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তারানা হালিমের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এই কথা জানিয়েছেন।এর আগে বিকেল পৌনে পাঁচটায় স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। নির্ধারিত প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, সাক্ষীদের সুরক্ষায় একটি আইন প্রণয়নের পরিকল্পনা সরকারের রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে মন্ত্রিপরিষদের অনুমোদন পাওয়ার পর তা সংসদে উত্থাপন করা হবে।বিএনপির রেহানা আক্তার রানুর প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, ২০১১ সালে সারা দেশে মোট ১২ হাজার ৮৪৪ জনকে সরকারি খরচে আইনগত সহায়তা দেওয়া হয়েছে।তারানা হালিমের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দালাল আইন বাতিলের আগে মুক্তিযুদ্ধের সময়ে অগ্নিসংযোগ, ধর্ষণ ও লুটতরাজ জড়িত থাকার অভিযোগে ৩৭ হাজার ৪৯১ জনের বিচার চলছিল। এর মধ্যে ৭৫২ জনের সাজা হয়। দুই হাজার ৯৬ জন খালাস পায়। ১৯৭৫ সালের ৩১ ডিসেম্বর দালাল আইন বাতিল করা হয়। যে কারণে ৩৪ হাজার ৬৪৩ জনের বিচার করা সম্ভব হয়নি।ফরিদুন্নাহার লাইলীর প্রশ্নের জবাবে আইনমন্ত্রী শফিক আহমেদ জানান, দেশের প্রতিটি জেলার আদালতের কাজকর্ম কম্পিউটারাইজড করার পরিকল্পনা সরকারের রয়েছে। এ লক্ষ্যে সব মহানগর হাকিমের আদালত, মুখ্য বিচারিক হাকিম আদালত এবং জেলা আদালতগুলোতে কম্পিউটার সরবরাহ করা হয়েছে।ওয়ারেসাত হোসেন বেলালের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দুই লাখ ৭৯ হাজার ৯২৩টি মামলা বিচারাধীন। আপিল বিভাগে বিচারাধীন মামলা আছে ১২ হাজার ৫৫১টি।নাজিম উদ্দিন আহমেদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সারা দেশে নারী নির্যাতন-সংক্রান্ত ৮৯ হাজার ১৭৭টি মামলা বিচারাধীন। ২০১০ সালে ২২ হাজার ১২টি মামলা নিষ্পত্তি হয়েছে। যার মধ্যে ৬৩৬টি মামলায় অপরাধীর সাজা হয়েছে।নূন-ই-হাসনা লিলি চৌধুরীর প্রশ্নের জবাবে সংসদ কাজে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম জানান, বর্তমানে সাতজন সচিব এবং একজন অতিরিক্ত সচিব চুক্তিভিত্তিক নিয়োজিত আছেন। ফজিলাতুন্নেসা বাপ্পির প্রশ্নের জবাবে প্রাণীসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস জানান, মাছ রপ্তানি করে সরকার গত তিন বছরে ১১ হাজার ২৫৪ কোটি টাকা আয় করেছে। নজরুল ইসলামের প্রশ্নের জবাবে পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন জানান, ভারত-বাংলাদেশের যৌথ বিবৃতি অনুযায়ী দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের তিস্তা নদীর চুক্তির সম্পাদনের ব্যাপারে কাজ পরিচালনার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আশা করা যায়, নিকট ভবিষ্যতে চুক্তি স্বাক্ষর হবে।