সাক্ষ্য দিলেন তিনজন, পরবর্তী সাক্ষ্য গ্রহণ ১০ মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে করা অর্থপাচার মামলায় আজ সোমবার আরও তিনজন সাক্ষ্য দিয়েছেন। ঢাকার বিশেষ জজ মোজাম্মেল হোসেন সাক্ষ্য গ্রহণ শেষে আগামী ১০ মে পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। আজ সাক্ষ্য দেন পাসপোর্ট অফিসের কর্মকর্তা শফিকুল ইসলাম, টেলিফোন রাজস্ব ভবনের সহকারী পরিচালক আবু বকর সিদ্দিকী এবং টেলিফোন রাজস্ব ভবনের সহকারী কর্মকর্তা ফিরোজ আহমেদ। তাঁরা কোকোর পাসপোর্ট, সিমেন্সের দরপত্র জমা ও মূল্যায়ন-সংক্রান্ত কাগজপত্র দুর্নীতি দমন কমিশন (দুদক) যে জব্দ করে তার শনাক্তকারী ও সাক্ষী। এ নিয়ে মোট ১০ জন এ মামলায় সাক্ষ্য দিলেন। আগামী ১০ মে আরও পাঁচজনকে সাক্ষ্য দেওয়ার জন্য সমন জারি করতে বলেছেন আদালত।মামলা পরিচালনা করেন দুদকের প্রধান কৌঁসুলি আনিসুল হক। তাঁকে সহযোগিতা করেন মোশাররফ হোসেন ও শেখ বাহারুল ইসলাম।জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আজ অভিযোগ গঠনের শুনানি ছিল। খালেদা জিয়া ও তারেক রহমানের আইনজীবীরা আদালতে বলেন, উচ্চ আদালতে মামলাটি বাতিল চেয়ে আবেদন করা হলে আদালত মামলার কার্যক্রম স্থগিত করে রুল জারি করেন। হাইকোর্টের ওই রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবি রাখার আবেদন জানানো হয়।শুনানি শেষে আদালত আগামী ২৩ জুন পর্যন্ত মামলাটির কার্যক্রম মুলতবির আদেশ দেন।