বসুন্ধরা গ্রুপের টেলিযোগাযোগ শাখার পরিচালক হুমায়ুন কবির সাব্বির হত্যা মামলায় গতকাল বুধবার নিরাপত্তাকর্মী শফিকুল ইসলাম সাক্ষ্য দিয়েছেন। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক রেজাউল ইসলাম তাঁর সাক্ষ্য নেন। আদালত ১৯ এপ্রিল পরবর্তী সাক্ষ্য নেওয়ার দিন ধার্য করেছেন। এই মামলায় এখন পর্যন্ত দুজন সাক্ষ্য দিলেন।এর আগে গত ৩ মার্চ সাব্বিরের ভগ্নিপতি ও মামলার বাদী এ এফ এম আসিফ সাক্ষ্য দেন। আসামিপক্ষের আইনজীবীরা বাদীকে তিন দিন জেরা করেন।ট্রাইব্যুনালের বিশেষ কৌঁসুলি রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, নিরাপত্তাকর্মী শফিকুল ইসলাম আদালতকে বলেন, সাব্বির হত্যার ঘটনার দিন গুলশান-২-এর ১০৪ নম্বর রোডের জি-থ্রি ভবনের নিরাপত্তার দায়িত্বে ছিলেন তিনি। পরদিন পুলিশ এসে তাঁর সামনে সাব্বিরের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এ সময় বসুন্ধরা গ্রুপের অনেকেই ছিলেন। পুলিশ ওই ফ্ল্যাট থেকে বসুন্ধরা গ্রুপের বিভিন্ন ছবি, বিয়ারের ক্যান উদ্ধার করে তালিকা প্রস্তুত করে। সেই তালিকায় তিনি স্বাক্ষর করেছিলেন। পরে আসামিপক্ষের আইনজীবীরা তাঁকে জেরা করেন।প্রসঙ্গত, ২০০৬ সালের ৪ জুলাই রাতে রাজধানীর গুলশানের একটি বাসায় সাব্বির খুন হন। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের ছেলে সাফায়েত সোবহান সানবীর এই খুনের মামলার অভিযোগপত্রভুক্ত প্রধান আসামি। এ নিয়ে সে সময় সংবাদপত্রে লেখালেখি হলে সানবীর দেশ ছেড়ে পালিয়ে যান। তাঁকে দেশত্যাগে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহায়তা করেছিলেন বলে অভিযোগ আছে। পরে তত্ত্বাবধায়ক সরকারের সময় লুৎফুজ্জামান বাবর জিজ্ঞাসাবাদে স্বীকার করেন যে বসুন্ধরার মালিকের ছেলেকে খুনের মামলা থেকে রক্ষা করতে তিনি ২১ কোটি টাকা ঘুষ নিয়েছিলেন। ২০ কোটি টাকা তিনি রাষ্ট্রীয় কোষাগারে ফেরতও দেন।দীর্ঘ অনুসন্ধান শেষে এই ঘুষ দেওয়া-নেওয়ার অভিযোগে গত বছরের ৪ অক্টোবর দুর্নীতি দমন কমিশন (দুদক) রমনা থানায় বাবর ও বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলমসহ আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা করে। এই মামলায় শাহ আলম জামিনে আছেন।