সাক্ষ্য দিলেন মুন্নী সাহা, শেখ সেলিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিলখানা হত্যা মামলায় আজ সোমবার আদালতে সাক্ষ্য দিয়েছেন সাংবাদিক মুন্নী সাহা। তিনি বলেছেন, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় বিদ্রোহ চলাকালে জওয়ানদের সাক্ষাত্কার নেওয়ার সময় তাঁরা তাঁদের নেতা হিসেবে নায়েক শহীদের নাম বলেছিলেন।ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসাসংলগ্ন মাঠে স্থাপিত অস্থায়ী মহানগর দায়রা জজ আদালতে আজ সোমবার তিনি এই সাক্ষ্য দেন। মুন্নী সাহা সে সময় বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলায় কর্মরত ছিলেন। খবর বাসসের। আদালতে আজ আরও সাক্ষ্য দেন আওয়ামী লীগের নেতা ও সাংসদ শেখ ফজলুল করিম সেলিম। তিনি বলেছেন, পিলখানায় বিদ্রোহের ১২ দিন আগে যে কজন বিডিআর সদস্য দাবি-দাওয়া নিয়ে তাঁর বাসায় গিয়েছিলেন, পরে তাঁদেরই বিদ্রোহে নেতৃত্ব দিতে দেখা গেছে। সাক্ষ্য নেওয়া ও জেরা শেষে মহানগর দায়রা জজ আদালতের বিচারক জহুরুল হক মামলার পরবর্তী দিন ধার্য করেন ১৭ অক্টোবর।২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন।সাক্ষ্য নেওয়া পর তাঁদের জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা।সাক্ষ্য দেওয়ার সময় শেখ সেলিম আদালতকে জানান, ২০০৯ সালের ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় তাঁর বনানীর বাসায় নির্বাচনী এলাকার জনগণের গণসাক্ষাতের সময় বেশ কজন লোক বিডিআর পরিচয়ে দেখা করতে যান। তাঁদের মধ্যে ছয় থেকে সাতজন বাসায় ঢোকেন। অন্যরা বাইরে ছিলেন।এ সময় বিডিআর পরিচয় দিয়ে ডিএডি হাবিব ও জলিল এবং সিপাহি সেলিম রেজা, মঈন, তারেক ও আইয়ুব তাঁদের কিছু দাবি-দাওয়ার কথা বলেন।বিডিআর সদস্যরা লিখিতভাবে রেশন, পরিবহন, ছুটি, সন্তানদের লেখাপড়া ও জাতিসংঘ মিশনে যাওয়ার সুযোগ-সুবিধা পাওয়ার দাবি জানালে শেখ সেলিম তাঁদের বলেন, বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। তিনি তাঁদের সেখানে সাক্ষাত্ করতে বলেন। এরপর তাঁদের সঙ্গে তাঁর আর কোনো যোগাযোগ হয়নি বলে আদালতকে জানান শেখ সেলিম।২৫ ফেব্রুয়ারি সকালে পিলখানায় বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দপ্তরে বিদ্রোহ শুরুর পর যে ১৪ জন বিডিআর সদস্য আলোচনার জন্য প্রধানমন্ত্রীর বাসভবন যমুনায় যান, তাঁদের মধ্যে ১৩ ফেব্রুয়ারির সাক্ষাত্কারীরাও ছিলেন বলে জানান শেখ সেলিম।আদালতে আজ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ও রাশেদ কবির এবং এটিএন বাংলার ক্যামেরাম্যান রোকন শেখেরও সাক্ষ্য নেওয়া হয়েছে।এ নিয়ে আদালতে এ পর্যন্ত ৩৪৯ জনের সাক্ষ্য নেওয়া হলো। আসামিপক্ষের আইনজীবীরা এ সাক্ষীদের জেরা করেছেন।এই মামলায় এরই মধ্যে আরও সাক্ষ্য দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, হুইপ মির্জা আজম, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন, পুলিশের সাবেক মহাপরিদর্শক বর্তমানে মরক্কোর রাষ্ট্রদূত নূর মোহাম্মদ, নৌবাহিনী-প্রধান ভাইস অ্যাডমিরাল জহিরউদ্দিন আহমেদ, বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার মার্শাল শাহ মোহাম্মদ জিয়াউর রহমান।সাবেক সাংসদ ও বিএনপির নেতা নাসির উদ্দিন আহম্মেদ পিন্টুসহ ৮৫০ জনকে আসামি করা হয় এই মামলায়। অভিযোগপত্র দেওয়ার আগে তিনজন মারা যান। বর্তমানে অভিযোগপত্রভুক্ত ৮৪৭ জনের মধ্যে ২০ জন পলাতক। আদালতে আজ ৮২৭ জন আসামির উপস্থিতিতে সাক্ষ্য নেওয়া হয়।