সাক্ষ্য দিলেন শহীদ আলীম চৌধুরীর মেয়ে ফারজানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পলাতক চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল রোববার সাক্ষ্য দিয়েছেন রাষ্ট্রপক্ষের নবম সাক্ষী যুক্তরাষ্ট্রপ্রবাসী চিকিৎসক ফারজানা চৌধুরী (৪৫)। তিনি শহীদ চিকিৎসক আলীম চৌধুরী ও শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরীর বড় মেয়ে।বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ সাক্ষ্য গ্রহণের শুরুতে ফারজানা চৌধুরীর জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সাহিদুর রহমান।জবানবন্দিতে ফারজানা চৌধুরী বলেন, একাত্তরে মুক্তিযুদ্ধকালে তাঁরা ২৯/১ পুরানা পল্টনে ভাড়া বাসায় থাকতেন। সে সময় তাঁর বাবা চক্ষুবিশেষজ্ঞ আলীম চৌধুরী ও শহীদ চিকিৎসক ফজলে রাব্বীসহ কয়েকজন চিকিৎসক মিলে একটি গোপন হাসপাতাল চালাতেন। তখন তাঁর বয়স ছিল তিন বছর। তাঁর ছোট বোন নুজহাত চৌধুরীর বয়স ছিল দুই বছর। একাত্তরের ১৫ ডিসেম্বর বিকেল চারটার দিকে তাঁর মা-বাবা বাসার দোতলার বারান্দায় বসে ছিলেন। এ সময় কাদা মাখানো একটি মাইক্রোবাস বাসার সামনে থামে। মাইক্রোবাসটি থেকে দুজন অস্ত্রধারী বাসার নিচতলায় আলবদরের সংগঠক মাওলানা মান্নানের বাসায় ঢোকে। প্রায় ৩০ মিনিট পর তাঁদের বাসার দরজায় লাথি মেরে দরজা খুলতে বলা হয়। এ সময় তাঁর বাবা ভেতরের একটি গোপন সিঁড়ি দিয়ে মাওলানা মান্নানের বাসায় গিয়ে দরজা খুলতে বলেন। জবাবে মান্নান ভেতর থেকে বলেন, ‘আমি আছি, আপনি যান।’ পরে তাঁর বাবা বাসায় ফিরে দেখেন চেম্বারের দুই সহকারী হাকিম ও মমিন দরজা খুলে দিয়েছে। আলবদর সদস্যরা ভেতরে ঢুকেই বলে, ‘হ্যান্ডস আপ। আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে।’ তাঁর বাবা জানতে চান, কোথায় যেতে হবে? জবাবে তারা বলে, ‘গেলেই জানতে পারবেন।’ বাবা কাপড় পাল্টাতে চাইলে ওরা বলে, ‘তার দরকার হবে না।’ এরপর তারা বাবাকে চোখ বেঁধে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।রাষ্ট্রপক্ষের এই সাক্ষী বলেন, বাবাকে ধরে নিয়ে যাওয়ার পর তাঁর মা মাওলানা মান্নানের কাছে গিয়ে বাবাকে ফিরিয়ে আনতে অনেক অনুরোধ করেন। মাওলানা মান্নান মাকে বলেন, ‘আমার আলবদরের ছাত্ররা তাঁকে নিয়ে যাচ্ছে। তারা তো ডা. ফজলে রাব্বীকেও নিয়ে গেছে।’ বাবাকে কোথায় নেওয়া হচ্ছে—তাঁর মায়ের এ প্রশ্নে মান্নান বলেন, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য সিএমএইচে নিয়ে যাওয়া হচ্ছে।ফারজানা চৌধুরী আরও বলেন, একাত্তরের ১৮ ডিসেম্বর রায়েরবাজার বধ্যভূমি থেকে তাঁর বাবার লাশ উদ্ধার করে আনা হয়। বাবার সারা শরীরে বেয়নেটের অসংখ্য আঘাত ছিল। তাঁকে লাশ দেখতে দেওয়া হয়নি। তাঁর ছোট বোন লাশ দেখে বলেছিল, ‘বাবার বুকে কত রক্ত। বাবা আর ফিরে আসবে না।’ এ পর্যায়ে সাক্ষী কেঁদে ফেলেন। তিনি বলেন, বড় হয়ে তিনি বাবাসহ বুদ্ধিজীবীদের হত্যায় কারা জড়িত ছিল, তা জানার চেষ্টা করেন। মা, নানি ও বাবার চেম্বারের দুই সহকারীর কাছে বাবাকে অপহরণের ঘটনা শোনেন। এ ছাড়া বুদ্ধিজীবী অপহরণের কয়েকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে, পত্রপত্রিকা ও বই পড়ে এবং তথ্যচিত্র দেখে জেনেছেন, বাবাকে আলবদররা ধরে নিয়ে হত্যা করেছে। একাত্তরে নিজামী (মতিউর রহমান নিজামী) ও মুজাহিদের (আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ) নেতৃত্বে আলবদররা বিভিন্ন পেশার বুদ্ধিজীবীদের হত্যার পরিকল্পনা করে, যার অপারেশন ইনচার্জ ছিলেন মুঈনুদ্দীন ও প্রধান জল্লাদ ছিলেন আশরাফুজ্জামান।জবানবন্দির শেষপর্যায়ে ফারজানা চৌধুরী তাঁর বাবাসহ সব বুদ্ধিজীবীর হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ও তাঁদের সংগঠন জামায়াতে ইসলামীর বিচার দাবি করেন।জবানবন্দি শেষে ফারজানা চৌধুরীকে জেরা করেন আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আবদুস শুকুর খান ও সালমা হাই। পরে আইনজীবী মত (সাজেশন) দেন, আপনার বাবা হত্যায় মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান জড়িত ছিলেন না। জবাবে সাক্ষী বলেন, এটি সত্য নয়। জেরা শেষে এই মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আজ সোমবার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।