বসুন্ধরা গ্রুপের কর্মকর্তা হুমায়ুন কবির সাব্বির হত্যা মামলায় আজ বুধবার সাব্বিরের বাবা হাশেম চৌধুরী সাক্ষ্য দিয়েছেন। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক রেজাউল ইসলাম সাক্ষ্য গ্রহণ শেষে ৩১ মে পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। এ মামলায় এখন পর্যন্ত চারজন সাক্ষ্য দিয়েছেন। ২০০৬ সালের ৪ জুলাই রাতে রাজধানীর গুলশানের একটি বাড়িতে সাব্বির খুন হন। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের ছেলে সাফায়াত সোবহান সানবীর এ খুনের মামলার অভিযোগপত্রভুক্ত প্রধান আসামি। একপর্যায়ে সানবীর দেশ ছেড়ে পালিয়ে যান। তত্কালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবর তাঁকে দেশত্যাগে সহায়তা করেছিলেন বলে অভিযোগ আছে। সানবীরকে মামলা থেকে রক্ষা করতে বসুন্ধরা গ্রুপ থেকে বাবর ২১ কোটি টাকা ঘুষ নিয়েছিলেন। যা তিনি গ্রেপ্তারের পর স্বীকার করেন। এ ঘুষ দেওয়া-নেওয়ার অভিযোগে গত বছর দুর্নীতি দমন কমিশন (দুদক) বাবর ও বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান শাহ আলমসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করে।