সাক্ষ্য দেওয়ার পদ্ধতি নিয়ে সাকার বাদানুবাদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাহউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ সোমবার আসামিপক্ষের প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেওয়া শুরু করেছেন আসামি সাকা চৌধুরী নিজেই। তিনি জবানবন্দিতে নিজের বংশপরিচয়ের দীর্ঘ বিবরণ তুলে ধরেন। একপর্যায়ে সাক্ষ্য দেওয়ার পদ্ধতি নিয়ে সাকার সঙ্গে রাষ্ট্রপক্ষের বাদানুবাদ শুরু হয়। বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হকের সমন্বয়ে দুই সদস্যের (চেয়ারম্যান অনুপস্থিত ছিলেন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ আজ আসামিপক্ষের সাক্ষ্য নেওয়ার জন্য দিন ধার্য ছিল। শুরুতেই সাকা চৌধুরীর আইনজীবী ফখরুল ইসলাম বলেন, একাত্তরে তাঁর (সাকা চৌধুরী) যেসব বন্ধু তাঁর সঙ্গে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে পড়তেন, তাঁরা সাক্ষ্য দিতে আসবেন। এ জন্য তাঁদের সময় প্রয়োজন। এ ছাড়া, মামলার বিষয়ে আসামির সঙ্গে পরামর্শ করতে সময় দরকার।১৩ জুন এই ট্রাইব্যুনাল আদেশে বলেন, সাকা চৌধুরীর পক্ষে আসামিসহ পাঁচজন সাক্ষ্য দিতে পারবেন। এই সাক্ষীদের একটি তালিকা আজকের মধ্যে ট্রাইব্যুনালে জমা দেওয়ার কথা ছিল।ট্রাইব্যুনাল বলেন, ‘অন্য যাঁরা সাক্ষ্য দেবেন, তাঁরা পরে আসবেন। এখন আসামি নিজে সাক্ষ্য দেওয়া শুরু করুক।’ এরপর সাকা চৌধুরী আসামির কাঠগড়া থেকে সাক্ষীর কাঠগড়ায় গিয়ে দাঁড়ান।এ সময় সাক্ষ্য দেওয়ার পদ্ধতিগত বিষয় নিয়ে রাষ্ট্রপক্ষের সঙ্গে সাকা চৌধুরীর বাদানুবাদ শুরু হয়। সাকা চৌধুরী বলেন, তিনি ইংরেজিতে সাক্ষ্য দেবেন, এ জন্য সাক্ষ্যে কী লেখা হচ্ছে, তা তিনি দেখতে চান। তাই তাঁর সামনে একটি মনিটর দিতে হবে। এ ছাড়া তিনি বিভিন্ন কাগজপত্র থেকে সাক্ষ্য দেবেন।ট্রাইব্যুনালের এজলাসে তিন বিচারক, রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবী এবং আসামির সামনে একটি করে মনিটর থাকে, যাতে তাঁরা দেখতে পারেন সাক্ষ্যে কী লিপিবদ্ধ করা হচ্ছে। সাক্ষ্য সংরক্ষণে স্বচ্ছতা নিশ্চিত করার জন্য শুরু থেকেই ট্রাইব্যুনালে এ পদ্ধতি ব্যবহার করা হচ্ছে।রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ-আল-মালুম ও সুলতান মাহমুদ এর বিরোধিতা করে বলেন, এই ট্রাইব্যুনালে কোনো সাক্ষী নিজের বক্তব্য দেখার সুযোগ পাননি। আর একমাত্র তদন্ত কর্মকর্তা ছাড়া কোনো সাক্ষী নথিপত্র দেখে সাক্ষ্য দিতে পারেন না।সাক্ষ্য দেওয়ার পদ্ধতি নিয়ে সাকা চৌধুরীর সঙ্গে রাষ্ট্রপক্ষের কিছুক্ষণ বাদানুবাদ হয়। তারপর ট্রাইব্যুনালের সিদ্ধান্তে সাকা চৌধুরীর সামনে মনিটর দেওয়া হয়, তবে নথিপত্র দেখে সাক্ষ্য দেওয়ার অনুমতি দেওয়া হয়নি। এরপর বিতর্ক শুরু হয় শপথ পড়া নিয়ে। সাকা চৌধুরীকে সাক্ষীর শপথ পড়ানোর বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি গোলাম আরিফ। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ১০(৫) ধারায় বলা হয়েছে, কোনো আসামিকে শপথ পড়ানো যাবে না। ট্রাইব্যুনালের নির্দেশে সাকা চৌধুরী শপথ প্রত্যাহার করলে তাঁর আইনজীবী ফখরুল ইসলাম বলেন, যখন আসামি সাক্ষীর কাঠগড়ায় থাকবেন, তখন তিনি সাক্ষী। এ জন্য তাঁকে শপথ পড়াতে হবে।এ সময় সাকা চৌধুরী তাচ্ছিল্যের স্বরে ফখরুল ইসলামের উদ্দেশে বলেন, ‘আমি গত ৩৩ বছর ধরে সংসদ সদস্য। এখানে এসে শপথ নেবে বাউণ্ডুলে ও চাষাড়েরা (ভ্যাগাবন্ড অ্যান্ড রাস্টিক)। আমার শপথ নেওয়ার কী দরকার, রাখো তো।’প্রায় এক ঘণ্টা এসব বিষয় নিয়ে তর্ক-বিতর্কের পর জবানবন্দি শুরু করেন সাকা চৌধুরী। তিনি বলেন, তাঁর জন্ম ১৯৪৯ সালের ১৩ মার্চ। তাঁরা তিন ভাই ও দুই বোন। এরপর তিনি জবানবন্দির দীর্ঘ সময় ধরে নিজের দাদা ও নানা, ভাই-বোন, নিজের ছেলে-মেয়ের নাম ও বাবা ফজলুল কাদের চৌধুরীর ভাই-বোন, বাবার শিক্ষাগত যোগ্যতা, চাচাতো ভাইদের নাম প্রভৃতি উল্লেখ করেন।জবানবন্দির পরের অংশে সাকা চৌধুরী দাবি করেন, তাঁর বিরুদ্ধে আনা আনুষ্ঠানিক অভিযোগের প্রথম পরিচ্ছেদে বলা হয়েছে, বাংলাদেশের সব ধরনের সাম্প্রদায়িক সংঘাতের মূল হচ্ছে দ্বিজাতিতত্ত্ব। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর অসমাপ্ত আত্মজীবনীর ২৮৮ পৃষ্ঠাজুড়ে দ্বিজাতিতত্ত্বের জন্য ত্যাগ-তিতিক্ষা ও দুঃখগাথা বিবৃত করেছেন, যা আনুষ্ঠানিক অভিযোগে অবজ্ঞাভরে উড়িয়ে দিয়ে নিন্দা করা হয়েছে। সংবিধানের দ্বিতীয় অনুচ্ছেদে সম্প্রদায়গতভাবে চিহ্নিত বাংলাদেশের সীমানার অবসান ঘটানোর জন্য এটি একটি ছদ্মবেশী অপচেষ্টা। এটা সার্বভৌম বাংলাদেশের অখণ্ডতার প্রতি পার্শ্ববর্তী দেশের জন্য একটি উন্মুক্ত আমন্ত্রণ ও প্ররোচনা।এ সময় তিনি বলেন, ‘আনুষ্ঠানিক অভিযোগ বলছে, সব সমস্যার মূলে দ্বিজাতিতত্ত্ব। তাহলে এটা এক সেক্যুলার হিন্দুস্তান হয়ে যাওয়ার প্রস্তাব হলো না?’জবানবন্দিতে সাকা চৌধুরী আরও বলেন, বঙ্গবন্ধু দেশে ফেরার তিন মাসের মধ্যে মিত্রবাহিনীর সেনাদের ফেরত পাঠিয়ে সমসাময়িক বিশ্বে সর্বোচ্চ রাষ্ট্রনায়কের পরিচয় দিয়েছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৬৮ বছর পরও জাপান বা জার্মানি মিত্রবাহিনীর সেনাদের নিজ দেশে ফেরত পাঠাতে পারেনি।প্রায় দুই ঘণ্টা ধরে জবানবন্দির এ পর্যায়ে জেয়াদ-আল-মালুম বলেন, সাক্ষীর এসব বক্তব্য মামলার অভিযোগের সঙ্গে সম্পূর্ণ অপ্রাসঙ্গিক। এ জন্য তাঁর এসব বক্তব্য সাক্ষ্য থেকে বাদ দিতে হবে।সাকা চৌধুরী উত্তেজিত হয়ে বলেন, ‘আমার বিচার হচ্ছে উত্তরাধিকার সূত্রে। তাই আমার চাচার (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) সঙ্গে বাবার (ফজলুল কাদের চৌধুরী) সম্পর্কও সাক্ষ্যে টানতে চাই।’এ সময় ট্রাইব্যুনাল বলেন, ‘জনাব সালাহউদ্দিন কাদের চৌধুরী, আপনাকে আমরা পর্যাপ্ত সুযোগ দিচ্ছি। আগেও বলেছি, এখনো বলছি, কাঠগড়ায় থাকা অবস্থায় উত্তেজিত হবেন না। এর পর থেকে জবানবন্দি সংক্ষিপ্ত আকারে বিষয়বস্তুর মধ্যে রাখার চেষ্টা করবেন।’পরে সাকা চৌধুরীর জবানবন্দি অসমাপ্ত অবস্থায় এই মামলার কার্যক্রম আগামীকাল মঙ্গলবার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।