তদন্ত কমিটি পৌঁছার আগেই গ্রামে হাজির হন র্যাবের সোর্স বলে পরিচিত সাত বছরের সাজাপ্রাপ্ত মানিক জমাদ্দার ও তাঁর সহযোগীরা। এ নিয়ে গ্রামের মানুষের মধ্যে শুরু হয় হট্টগোল। এ দৃশ্য দেখে তদন্ত না করেই গ্রাম থেকে ফিরে যান বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. শওকত আকবর। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে লিমনের ওপর র্যাবের নির্যাতনের ঘটনা তিনি তদন্ত করছেন। জানতে চাইলে কমিটির প্রধান বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি, কিছু লোকের সঙ্গে কথাও বলেছি। সাক্ষ্যগ্রহণ বলতে যা বোঝায় সেভাবে কিছু করা হয়নি।’এলাকাবাসী জানান, লিমনের ঘটনা তদন্তের জন্য গতকাল রোববার অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে বৈঠক শেষে দুপুর সাড়ে ১২টায় ওই উপজেলার সাতুরিয়া গ্রামে যান। রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন, রাজাপুর থানার ওসি তোফাজ্জেল হোসেন, কাঁঠালিয়া থানার ওসি এস এ খালেক কমিটি প্রধানের সঙ্গে ছিলেন। কিন্তু তাঁরা গ্রামে পৌঁছার আগেই সেখানে হাজির হন সাতুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান এবং র্যাবের সোর্স হিসেবে পরিচিত ও সন্ত্রাসী মোরশেদ জমাদ্দারের একসময়ের সহযোগী মানিক জমাদ্দার। এ ছাড়া সাবেক ইউপি সদস্য দেলোয়ার হোসেন (দিলীপ মেম্বার), জডু হারুন, লিডার ইব্রাহিম, কিসলু জমাদ্দার, কুদ্দুস জমাদ্দার, আলম জমাদ্দার, তুহিন মেম্বার, মো. মোনায়েমসহ ১৫-২০ জন উপস্থিত হন। তাঁরা গ্রামে গিয়ে লোকজনকে বলেন, তদন্ত কমিটির কাছে সাক্ষ্য দেওয়ার জন্য তাঁরা হাজির হয়েছেন। এসব লোকের উপস্থিতির খবর পেয়ে লিমনের আত্মীয়স্বজন, ঘটনার প্রত্যক্ষদর্শী ও প্রতিবেশীরা হাজির হন। এতে মানিক জমাদ্দার ও তাঁর লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ নিয়ে সেখানে রীতিমতো হট্টগোলের সৃষ্টি হয়। দুই পক্ষের হট্টগোলের একপর্যায়ে বেলা দেড়টার দিকে তদন্ত কমিটির সদস্য গ্রাম থেকে চলে আসেন। গ্রামবাসী জানান, তাঁরা মনে করেছিলেন এ কমিটি লিমনের গুলিবিদ্ধ হওয়ার ঘটনা সম্পর্কে লোকজনকে জিজ্ঞাসাবাদ করবে। কিন্তু কমিটি কাউকে জিজ্ঞাসাবাদ করেনি। উপস্থিত কিছু লোকজনের সঙ্গে কথা বলে এবং তাঁদের নাম লিখে নিয়ে চলে যান। যাঁদের সঙ্গে কমিটি প্রধান কথা বলেন, তাঁদের বেশির ভাগই স্থানীয়ভাবে র্যাবের সোর্স হিসেবে পরিচিত। গতকাল দুপুরে তদন্ত কমিটি গ্রামে পৌঁছার সময় প্রথম আলোর প্রতিনিধিও সেখানে ছিলেন। তাঁকে দেখে ক্ষিপ্ত হয়ে মানিক জমাদ্দার বলেন, ‘আপনারা টাকা খেয়ে শুধু লিমনের পক্ষে লেখেন। আমরা সন্ত্রাসী ধরিয়ে দেওয়ার জন্য র্যাবের সঙ্গে কাজ করছি। আমাদের কথা লেখেন না।’ লিমনের মামা ইলিয়াছ হোসেন অভিযোগ করেন, তদন্ত কমিটির প্রধান কিছু লোকজনের নাম লিখে নিয়ে যান। তাঁদের সঙ্গে কোনো কথা বলেননি। যাঁদের নাম লিখে নিয়ে গেছেন তাঁরা সবাই মানিক জমাদ্দারের ভাড়া করা লোক। তারা একসময় সন্ত্রাসী মোরশেদের সহযোগী ছিল। লিমনের মা হেনোয়ারা বেগম অভিযোগ করেন, তদন্ত দল কারও সাক্ষ্য গ্রহণ না করেই ফিরে গেছে। জামিনের আদেশ পৌঁছায়নি: গতকাল রোববার বিকেল পর্যন্ত লিমনের দেওয়া হাইকোর্টের ছয় মাসের আগাম জামিনের আদেশ ঝালকাঠির আদালতে পৌঁছায়নি। লিমনের পক্ষে রিট আবেদনকারী মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের পরিচালক নূর খান লিটন জানান, জামিনের আদেশসংক্রান্ত কাগজপত্র গতকাল দুপুরে ডাকযোগে ঝালকাঠির মুখ্য বিচারিক হাকিম, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে পাঠানো হয়েছে।