সাগর উত্তাল, বেড়িবাঁধ ভেঙে কক্সবাজারে ৪০ গ্রামে পানি
ঘূর্ণিঝড় লায়লার প্রভাবে সাগর উত্তাল রয়েছে। বেড়িবাঁধের ভাঙা অংশ দিয়ে জেলার কমপক্ষে ৪০টি গ্রামে জোয়ারের পানি ঢুকছে। ইতিমধ্যে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। অনেকে বসতবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্র ও বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে গতকাল শুক্রবার চট্টগ্রামে দিনভর মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে। কক্সবাজার আবহাওয়া দপ্তর জানায়, ঘূর্ণিঝড় লায়লা ভারতের অন্ধ্র প্রদেশ এলাকায় অবস্থান করছে। তবে এর প্রভাবে গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হওয়ায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। গতকাল সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম ও কক্সবাজারে থেমে থেমে বৃষ্টি হয়। সেই সঙ্গে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে গেছে। কক্সবাজার সৈকত থেকে ইনানী পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার উপকূল ঘুরে দেখা গেছে, কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের কলাতলী, বড়ছড়া, হিমছড়িসহ বিভিন্ন স্থানে সাত-আটটি অংশে ভাঙন ধরেছে। সেখান দিয়ে জোয়ারের পানি ঢুকছে। সেনাবাহিনীর সদস্যরা বালুর বস্তা ও সিসি ব্লক ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা চালাচ্ছেন। কক্সবাজার শহরের ফদনারডেইল ও নাজিরাটেক চরাঞ্চলে জলোচ্ছ্বাসে গতকাল শতাধিক বসতবাড়ি ডুবে গেছে। কক্সবাজার পৌরসভার চেয়ারম্যান সরওয়ার কামাল জানান, জলোচ্ছ্বাস দেখা দিলেই এ এলাকায় বসবাসরত ৫০ হাজারের বেশি ভাসমান মানুষের ওপর দুর্ভোগ নেমে আসে। তার পরও বিভিন্ন জটিলতার কারণে স্থায়ী বাঁধ নির্মাণ করা যাচ্ছে না। টেকনাফ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শফিক মিয়া জানান, শাহপরীর দ্বীপে নির্মাণাধীন বেড়িবাঁধ ঝুঁকির মুখে পড়েছে। ইতিমধ্যে বাঁধের কয়েকটি অংশে ভাঙন দেখা দিয়েছে। সেন্ট মার্টিন দ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমদ খান জানান, সাগর উত্তাল থাকায় দুই দিন ধরে সেন্ট মার্টিনের সঙ্গে টেকনাফের যোগাযোগ (ট্রলার চলাচল) বন্ধ রয়েছে। এদিকে টেকনাফ, উখিয়া, মহেশখালী ও কুতুবদিয়া উপজেলায় নতুন করে আরও ১০-১২টি গ্রাম প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত জেলার পাঁচ উপজেলায় ৪০টি গ্রামে পানি ঢুকেছে। চট্টগ্রামে দিনভর বৃষ্টি: চট্টগ্রামের নিজস্ব প্রতিবেদক জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে চট্টগ্রামে দিনভর মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঝোড়ো হাওয়ার আশঙ্কায় দেশের তিন সমুদ্রবন্দর চট্টগ্রাম, কক্সবাজার ও মংলাকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত এবং নৌবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পতেঙ্গা আবহাওয়া দপ্তর জানায়, ঘূর্ণিঝড় লায়লা সামান্য উত্তরে সরে গিয়ে কিছুটা দুর্বল হয়ে বৃহস্পতিবার মধ্যরাতে অন্ধ্র উপকূলে অবস্থান করছিল। এটি ক্রমান্বয়ে দুর্বল হয়ে আরও উত্তর দিকে অগ্রসর হতে পারে।