সাগর উত্তাল: আবারও ৩ নম্বর সতর্কসংকেত
পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থানরত স্থল নিম্নচাপটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে।স্থল নিম্নচাপটি আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বৃষ্টি ঝরিয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে বলে জানা গেছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুর চাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। সমুদ্রবন্দর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়া অব্যাহত থাকতে পারে। সাগর উত্তাল রয়েছে।আজ রোববার আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দরকে পুনরায় তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর-বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। বাসস।