মাছের রাজা ইলিশ। রাজা বলেই কিনা ইলিশ এখন ধরাছোঁয়ার বাইরে। আষাঢ়-শ্রাবণ ছিল রাজার পদ্মা-মেঘনায় ভ্রমণের সময়। রাজার দেখা মেলেনি সেভাবে। ভাদ্র বহমান। রসনা তৃপ্ত করার অপেক্ষা নিয়ে বাঙালি তাকিয়ে আছে বঙ্গোপসাগরের পানে। কারণ ইলিশের গতিবিধি পর্যবেক্ষণকারী সরকারি-বেসরকারি গবেষকেরা হতাশ না হওয়ার পরামর্শ দিয়ে বলেছেন, কিছুটা দেরিতে হলেও সামনের মাস থেকে নদীতে বড় ইলিশ ধরা পড়বে।সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, এবার ইলিশের প্রজনন মৌসুমে অর্থাৎ মার্চ-এপ্রিল ও মে মাসে দেশের অনেক নতুন এলাকায় জাটকা দেখা গেছে। সিলেট-মৌলভীবাজারের হাকালুকি হাওর থেকে শুরু করে সিরাজগঞ্জের কাছে যমুনা নদীতেও জাটকা দেখা গেছে বলে মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন। এটিকে এবার ইলিশ বেশি হওয়ার ইঙ্গিত হিসেবে দেখেছেন বিজ্ঞানীরা। কিন্তু জাটকার অনুপাতে জুলাই-আগস্টের ভরা মৌসুমে ইলিশের দেখা মেলেনি।মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তারা বলছেন, কক্সবাজার ও পটুয়াখালী উপকূলের নিকটবর্তী বঙ্গোপসাগরে ইলিশের সরব বিচরণ লক্ষ করা যাচ্ছে। কিন্তু তারা নদীতে ঢুকছে না। সংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা, ইলিশ তাদের ভ্রমণ এলাকা পাল্টাচ্ছে।আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস, সামনের সপ্তাহ থেকে বৃষ্টি ও বজ্রপাত বাড়বে। তখন ইলিশের দল বরিশাল, ভোলা, নোয়াখালী, চাঁদপুরের পার্শ্ববর্তী পদ্মা ও মেঘনা অববাহিকায় আসতে শুরু করবে।নদীতে না আসার চার কারণ: মূলত চারটি কারণে বঙ্গোপসাগর থেকে ইলিশের ঝাঁক নদীতে আসছে না বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। বৃষ্টি-বজ্রপাতের পরিমাণ কমে যাওয়া, নদীদূষণ, যত্রতত্র ডুবোচর ও কারেন্ট জালের কারণে মেঘনা ও পদ্মা অববাহিকা থেকে ইলিশ সরে যাচ্ছে। এখন যা ইলিশ ধরা পড়ছে তা কেবল সমুদ্র উপকূলে। সামান্য সে ইলিশ আবার রপ্তানি হয়ে যাচ্ছে। ফলে সাধারণ ক্রেতারা ইলিশের স্বাদ থেকে বঞ্চিত হচ্ছেন। ইলিশ মাছের জীবনাচরণ নিয়ে দীর্ঘদিন গবেষণারত বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আনিসুর রহমানের মতে, চরিত্রগতভাবে ইলিশ দল বেঁধে চলে। প্রতিবছর তারা নির্দিষ্ট কয়েকটি নদীর মোহনায় ডিম ছাড়ে। বছরের পর বছর তারা একই স্থানে ডিম ছাড়ার জন্য ফিরে আসে। কিন্তু সেই বিচরণের স্থানে সমস্যা তৈরি হলে তারা স্থান ত্যাগ করে অপেক্ষাকৃত নিরাপদ কোনো মোহনায় চলে যায়। লক্ষ্মীপুর-ভোলা অঞ্চল: বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার ২০০৫ সালে ইলিশের ওপর পরিচালিত ‘বাংলাদেশে ইলিশ অনুসন্ধান’ শীর্ষক সমীক্ষায় বলা হয়েছে, পৃথিবীর মোট ইলিশের ৫০ থেকে ৬০ শতাংশ বাংলাদেশের ভূখণ্ডের জলসীমায় বিচরণ করে। ইলিশের প্রধান খাদ্য প্রাণিজ ও উদ্ভিদকণার বিপুল সমাহার ও বিচরণের জন্য উন্মুক্ত স্থান থাকায় এ এলাকাকে ইলিশের দল তাদের খণ্ডকালীন আবাসস্থল হিসেবে বেছে নেয়। লক্ষ্মীপুরের রামগতি থেকে শুরু করে ভোলা পর্যন্ত মেঘনা বিস্তৃত অববাহিকায় প্রতিবছর ইলিশ ডিম ছাড়ে, বাচ্চা ইলিশরা সেখানেই বেড়ে ওঠে। ৩০ কিলোমিটার প্রশস্ত ও ১০০ কিলোমিটার লম্বা এই উপকূলীয় এলাকা ইলিশের সবচেয়ে বড় প্রাকৃতিক অভয়াশ্রম হিসেবে খ্যাত। মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের জাটকা সংরক্ষণ, গবেষণা ও জেলের বিকল্প কর্মসংস্থান প্রকল্পের পর্যবেক্ষণ অনুযায়ী, মেঘনার ইলিশ অভয়াশ্রমে স্থানীয় জেলেরা অসংখ্য কারেন্ট জাল পেতে প্রতিবছর বিপুল পরিমাণে জাটকা ধরে। কারেন্ট জালের কারণে পানিপ্রবাহে বাধা সৃষ্টি হওয়ায় সেখানে পলি জমে অনেক ডুবোচর সৃষ্টি হয়েছে। ফলে স্বভাবগতভাবে দল বেঁধে চলা ইলিশ ওই স্থান দিয়ে স্বস্তিতে চলাফেরা করতে পারছে না। ফলে ইলিশ আসার পরিমাণ কমছে।মৎস্য ও পশুসম্পদ মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস প্রথম আলোকে বলেন, বৃষ্টিপাত কম হওয়া ও ডুবোচরের কারণে আগের স্থানগুলোতে ইলিশ আসছে না। ইলিশ গতিপথ পাল্টাচ্ছে, এই আশঙ্কা করে তিনি বলেন, গতিপথ পাল্টে ওরা কোন দিকে যাচ্ছে তা চিহ্নিত করতে বিজ্ঞানী ও গবেষকদের অনুরোধ করা হয়েছে। তিনি বলেন, ‘ইতিমধ্যে আমি মৎস্য গবেষণা ইনস্টিটিউট, মৎস্য উন্নয়ন করপোরেশনের বিজ্ঞানীদের সঙ্গে বৈঠক করেছি।’ ইলিশ নিয়ে একটি মহাপরিকল্পনা করা হচ্ছে বলেও জানান তিনি। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কারেন্ট জাল নিষিদ্ধ করার পর এই জাল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো থেকে উচ্চ আদালতে ১৭টি মামলা করা হয়েছে। এর মধ্যে সাতটি মামলায় এই জাল নিষিদ্ধ করার পক্ষে রায় দেওয়া হয়েছে। আরও ১০টি মামলা বিচারাধীন। মূলত মুন্সিগঞ্জকেন্দ্রিক ৪০টির মতো কারখানায় এই জাল তৈরি হয়। সরকার এই কারখানা বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করছে।চাঁদপুর অঞ্চল: মৎস্য অধিদপ্তরের পর্যবেক্ষণে বলা হয়েছে, শীতলক্ষ্যা ও বুড়িগঙ্গার দূষিত পানির কারণেও চাঁদপুরের কাছে মেঘনা নদীতে ইলিশের খাদ্যসংকট দেখা দিয়েছে। ওই স্থানে পরিণত ইলিশের প্রধান খাদ্য উদ্ভিদকণা বা ফাইটোপ্লাঙ্কটন ও প্রাণিজকণা বা জুয়োপ্লাঙ্কটনের বিপুল সমাবেশ দেখা যেত। শীতলক্ষ্যা ও বুড়িগঙ্গার পানি গিয়ে ওই খাদ্য নষ্ট করে ফেলছে। সংস্থাটির ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আনিসুর রহমান বলেন, এ কারণে চাঁদপুর উপকূলে আর আগের মতো ইলিশের দেখা মিলছে না। আবহাওয়াবিদেরা চলতি মাসের শেষ সপ্তাহে দেশে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ার সম্ভাবনার কথা বলছেন। মৎস্য বিশেষজ্ঞদের মতে, বজ্রসহ বৃষ্টিপাত হলে নদীতে ইলিশ আসার পরিমাণ বাড়ে। এই সময়টাতে তাঁরা আশা করছেন, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলে বিগত বছরের মতো এ বছরও ইলিশ ধরার পরিমাণ বাড়বে। উৎপাদন ও রপ্তানি বেড়েছে: ২০০৩-০৪ সাল থেকে দেশের বিভিন্ন এলাকায় জাটকা নিধন বন্ধ করা হয়। এর পর থেকে ২০০৯-১০ অর্থবছরের মধ্যে ইলিশের উৎপাদন দুই লাখ টন থেকে বেড়ে তিন লাখ ১২ হাজার টন হয়েছে। চলতি বছর এর পরিমাণ সোয়া তিন লাখ টনে দাঁড়াতে পারে বলে মন্ত্রণালয় আশা করছে।তবে বরিশাল, বরগুনা, পিরোজপুর, ভোলায় খোঁজ নিয়ে জানা গেছে, ওই এলাকায় ধরা পড়া ইলিশের বড় অংশই ভারতে রপ্তানি হয়ে যাচ্ছে। বিগত বছরগুলোর তুলনায় এ বছর রেকর্ড পরিমাণে ইলিশ রপ্তানির আশা করছেন সেখানকার ব্যবসায়ীরা।মৎস্য ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, গত বছর জুলাই মাসে বাংলাদেশ থেকে মোট ১১৫ টন ইলিশ রপ্তানি হয়েছিল। এ বছর একই সময়ে রপ্তানির পরিমাণ ৩২৫ টন। গত বছর বাংলাদেশ থেকে ১৫০ কোটি টাকার ইলিশ মাছ রপ্তানি হয়। এর বেশির ভাগই বরফজাত হয়ে বরিশাল, বরগুনা, খুলনা ও পটুয়াখালী থেকে ভারতে রপ্তানি হয়। সামান্য কিছু হিমায়িত অবস্থায় যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যায়। গত তত্ত্বাবধায়ক সরকারের সময় ভারতে ইলিশ রপ্তানি বন্ধ করা হয়। তখন দেশের বাজারে ইলিশ সরবরাহ বৃদ্ধি পায়।