সাগর থেকে আরও ১৮ জেলের লাশ উদ্ধার
চট্টগ্রামের বাঁশখালী ও কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার মাঝামাঝি সাগর থেকে আজ মঙ্গলবার আরও ১৮ জন জেলের লাশ উদ্ধার করা হয়েছে। কেস্টগার্ড ও নৌবাহিনী যৌথভাবে সাগরে তল্লাশি চালিয়ে লাশগুলো উদ্ধার করে। গতকাল সোমবার সন্ধ্যায় উদ্ধার করা হয় তিন জেলের লাশ। ওই লাশগুলো চট্টগ্রামের বাঁশখালীতে নেওয়া হয়েছে। কক্সবাজারের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খালেকুজ্জামান বিকেল পাঁচটায় প্রথম আলো ডটকমকে বলেন, কোস্টগার্ডের কমান্ডার তাঁকে ফোন করে সাগর থেকে উদ্ধার করা ১৮ জেলের লাশ গ্রহণ করতে অনুরোধ করেছেন। এ কারণে তিনি লাশ বুঝে নেওয়ার জন্য চকরিয়া থেকে ৩৫ কিলোমিটার দূরে পেকুয়া উপজেলার মগনামাঘাটের দিকে রওনা দিচ্ছেন। লাশ গ্রহণের পর সেগুলোর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ দিকে কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএও) মো. ফিরোজ আহমেদ বলেন, ‘উদ্ধার করা লাশের অবস্থা দেখতে কুতুবদিয়ার দরবারঘাটে অপেক্ষা করছি।’ তবে কতজনের লাশ উদ্ধার হয়েছে, তা নিশ্চিত করা হয়নি। কক্সবাজার বোট মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান বলেন, সাগর থেকে এ পর্যন্ত ২১ জন জেলের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁদের বাড়ি চট্টগ্রামের বাঁশখালীতে বলে জানা গেছে।