সাগর-নদীতে অজ্ঞাত লাশ, চট্টগ্রামের পুলিশ উদ্বিগ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে নদী বা সাগরের তীর থেকে পাঁচ মাসে আট ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নগরের হালিশহর, পাহাড়তলী, ডবলমুরিং ও বন্দর থানাধীন এলাকা থেকে এসব লাশ উদ্ধার করা হয়। এদের মধ্যে মাত্র দুজনের পরিচয় মিলেছে।জানতে চাইলে চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ আবুল কাশেম প্রথম আলোকে বলেন, বাইরে কোথাও হত্যা করে সাগর ও নদীতে লাশ ফেলে দেওয়া হচ্ছে। এটা নতুন প্রবণতা। তিনি বলেন, উদ্ধার করা বেশির ভাগ লাশে পচন ধরায় ও চেহারা বিকৃত হয়ে যাওয়ায় এগুলোর পরিচয় জানা যায় না। স্থানীয় পুলিশের অন্য একটি সূত্র জানায়, চট্টগ্রামে হঠাৎ অজ্ঞাতপরিচয় লাশ উদ্ধারের ঘটনা বাড়ায় তা স্থানীয় পুলিশের জন্যও উদ্বেগের কারণ হয়ে উঠেছে। উদ্বেগের কথা স্বীকার করে পুলিশ কমিশনার আবুল কাশেম বলেন, যেসব এলাকায় এ ধরনের অজ্ঞাতপরিচয় লাশ উদ্ধারের ঘটনা ঘটছে, ওই সব এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে। ফলে গত দুই মাসে নদী বা সাগরতীরে কোনো লাশ পাওয়া যায়নি। তবে ৮ ডিসেম্বর রাতে হালদা নদীর অদূরে শহরতলির অনন্যা আবাসিক এলাকায় অজ্ঞাতনামা এক যুবকের লাশ পাওয়া গেছে। মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আমেনা বেগম প্রথম আলোকে বলেন, আলামত দেখে ধারণা করা হচ্ছে, এই যুবককে অন্যত্র শ্বাসরোধে হত্যা করে লাশ ফেলে গেছে দুর্বৃত্তরা। তাঁর পরিচয় মেলেনি।পুলিশ সূত্র জানায়, আটটি লাশের মধ্যে দুটির পরিচয় মিলেছে। তাঁরা হলেন, মিরসরাইয়ের মো. মাসুদ মিয়া ও রেজাউল হোসেন। এক মাসের ব্যবধানে এ দুজনের লাশ পাওয়া গেছে যথাক্রমে গলাচিপাপাড়া টোল রোড ও দক্ষিণ কাট্টলী এলাকার সাগরতীর থেকে।গত ২৫ সেপ্টেম্বর আগ্রাবাদ সিডিএ এলাকায় খাল, ১৭ সেপ্টেম্বর হালিশহরের মহেষখাল, ১৭ আগস্ট গলাচিপাপাড়া টোল রোডের সাগরতীরে, ১৮ আগস্ট লোহার সেতুসংলগ্ন খাল ও ৪ আগস্ট মাঝিরঘাটের খুইশ্যাপোলের কাছ থেকে উদ্ধার করা পাঁচটি লাশের পরিচয় মেলেনি।পুলিশের ডবলমুরিং অঞ্চলের সহকারী কমিশনার তানভীর আরাফাত প্রথম আলোকে বলেন, দুর্বৃত্তরা খুনের পর নির্জন টোল সড়ক বা পার্শ্ববর্তী বঙ্গোপসাগরে লাশ ফেলে দেয়। পর পর কয়েকটি লাশ পাওয়ার পর এসব এলাকায় পুলিশের টহল বাড়ানো হয়েছে। এই এলাকায় পুলিশ ফাঁড়ি স্থাপনেরও উদ্যোগ নেওয়া হয়েছে।