সাগর পথে মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টা, আটক ২৩
সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টাকালে গতকাল শুক্রবার রাতে ২৩ ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যরা। কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন ইউনিয়নের দক্ষিণ পাড়া বাদামবনিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এদের মধ্যে ১৮ জন মিয়ানমারের নাগরিক। কোস্টগার্ড সূত্র জানায়, কিছু লোক অবৈধভাবে সাগর পথে মালয়েশিয়া পাড়ি দিচ্ছে—এমন খবর পেয়ে সেন্টমার্টিন স্টেশন কোস্টগার্ডের সদস্যরা দক্ষিণ পাড়ার বাদামবনিয়া এলাকায় অভিযান চালিয়ে ২৩ জনকে আটক করে। এদের মধ্যে ১৮ জন মিয়ানমারের নাগরিক আর বাকি পাঁচজন চট্টগ্রামের চকরিয়া ও পটিয়ার বাসিন্দা বলে জানা গেছে। তাদের সেন্টমার্টিন কোস্টগার্ডের হেফাজতে রাখা হয়েছে।আটক ব্যক্তিরা দাবি করে, জনপ্রতি ৫০ থেকে ৭০ হাজার টাকার বিনিময়ে মালয়েশিয়ায় পৌঁছে দেওয়ার কথা বলে কক্সবাজারের চকরিয়ার দালাল চক্রের এক সদস্য কামাল তাদের বাদামবনিয়ায় জড়ো করে। এ জন্য ওই দালালকে তারা জনপ্রতি ২০ হাজার টাকা করে অগ্রিম দিয়েছে। বাদামবনিয়া থেকে ছোট নৌকায় করে সাগরে অবস্থানরত বড় ট্রলারে নেওয়ার আগ মুহূর্তে কোস্টগার্ড সদস্যদের হাতে তারা ধরা পড়ে।কোস্টগার্ড সেন্টমার্টিন স্টেশনের সাব-লেফটেন্যান্ট এম এম মাসুদ সিকদার প্রথম আলো অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।