সাগর-রুনি হত্যা : ৮ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে অবস্থান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যাকারীদের গ্রেপ্তার করা না হলে আগামী ৮ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন সাংবাদিকেরা। হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারসহ চার দফা দাবিতে সাংবাদিকদের মহাসমাবেশ থেকে আজ রোববার এ ঘোষণা দেওয়া হয়েছে।সাংবাদিক দম্পতিসহ সব সাংবাদিক হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার এবং নির্যাতন বন্ধে আজ বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের প্রধান ফটকের সামনে সমাবেশ শুরু হয়।সাংবাদিকদের চারটি সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) উভয় অংশ, জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এই কর্মসূচি আয়োজন করে।বিএফইউজের একাংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরীর সভাপতিত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন জেলার প্রেসক্লাব ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের প্রতিনিধিরা এতে যোগ দেন। সমাবেশ শুরু হওয়ার পর জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কের একপাশে গাড়ি চলাচল বন্ধ করে দেয় পুলিশ।১ মার্চ সাংবাদিক দম্পতি সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার, সাংবাদিক নির্যাতন বন্ধ এবং গণমাধ্যমের স্বাধীনতার দাবিতে জাতীয় প্রেসক্লাব চত্বরে গণঅনশন কর্মসূচি পালন করা হয়। সেদিনই এই কর্মসূচি ঘোষণা করা হয়।এর আগে গত ২৭ ফেব্রুয়ারি সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে এক ঘণ্টা কর্মবিরতি পালন করেন সাংবাদিকেরা।১০ ফেব্রুয়ারি রাতের কোনো এক সময়ে পশ্চিম রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। পরদিন পুলিশ তাঁদের লাশ উদ্ধার করে।