সাগর-রুনি হত্যাকারীদেরও ধরা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করা হবে বলে পুনরায় আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এর মধ্যে অনেক হত্যার ক্লু উদ্ঘাটন করা হয়েছে। সাগর-রুনির হত্যাকারীদেরও ধরা হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।গত ১০ ফেব্রুয়ারি গভীর রাতে নিজ বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর-রুনি। আজ ওই হত্যাকাণ্ডের ছয় মাস অতিবাহিত হলো।এর আগে আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেকোনো হত্যা বা অপচেষ্টা হোক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুঁজে বের করে আইনের সামনে আনবে। বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচারের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠার পথ সুগম হয়েছে মন্তব্য করে তিনি বলেন, বিদেশে পলাতক খুনিদেরও দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিএনপি-জামায়াত যুদ্ধাপরাধের বিচার বাধাগ্রস্ত করতে উঠেপড়ে লেগেছে অভিযোগ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যতই ষড়যন্ত্র হোক, যুদ্ধাপরাধীদের বিচার হবেই হবে।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী-জাতীয় শোক দিবস উপলক্ষে সাম্যবাদী দল জাতীয় প্রেসক্লাবে ওই আলোচনা সভার আয়োজন করে। অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন দলের সাধারণ সম্পাদক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান।