সাগর-রুনি হত্যার আলামত নষ্ট করেছে সাংবাদিকেরা
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যাকাণ্ডের ঘটনায় যেসব গুরুত্বপূর্ণলামত ছিল, তা সাংবাদিকেরা নষ্ট করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। আজ সোমবার জাতীয় সংসদের টেবিলে উত্থাপিত এক প্রশ্নের উত্তরে মন্ত্রী এ কথা জানান। সংসদে অনুপস্থিত বিএনপির সাংসদ লুত্ফর রহমানের প্রশ্নের জবাবে মহীউদ্দীন খান আলমগীর বলেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলাটি স্পর্শকাতর। রাতের অন্ধকারে হত্যাকাণ্ড হওয়ায় ঘটনার কোনো প্রত্যক্ষ সাক্ষী নেই। মন্ত্রী বলেন, সাগর-রুনি গণমাধ্যম ব্যক্তিত্ব হওয়ায় ঘটনার পরপরই পুলিশ যাওয়ার আগে সাংবাদিক ও সাধারণ মানুষ ঘটনাস্থলে পৌঁছে মামলার গুরুত্বপূর্ণ আলামত নষ্ট করে দেয়। এ মামলা প্রথমে পুলিশ ও গোয়েন্দা পুলিশ তদন্ত করে। পরে আদালতের নির্দেশে র্যাব মামলার তদন্ত শুরু করে। অপরাধীদের গ্রেপ্তারের মাধ্যমে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে র্যাব কাজ করছে বলে জানান তিনি। মন্ত্রী আরও বলেন, সাগর-রুনি হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতানুগতিক তদন্তের বাইরে অত্যাধুনিক তদন্ত ও বৈজ্ঞানিক তথ্যপ্রমাণ পাওয়ার জন্য যুক্তরাষ্ট্রের দুটি অত্যাধুনিক ল্যাবকে এ তদন্তের সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে। তাদের চাহিদা মোতাবেক গত ১৩ জানুয়ারি আদালতের অনুমতি নিয়ে কিছু আলামত পরীক্ষার জন্য বিদেশে পাঠানো হয়েছে। আরও প্রশ্নোত্তরপিনু খানের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুন্দরবন এলাকার বনদস্যু ও উপকূলীয় এলাকায় জলদস্যু নিয়ন্ত্রণে র্যাবের একটি আলাদা ব্যাটালিয়ন গঠন প্রক্রিয়াধীন। এ ছাড়া, আরও দুটি ব্যাটালিয়নের জন্য এক হাজার ৩৭৬ জন জনবলের পরিকল্পনা প্রস্তাব ইতিমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।বজলুল হক হারুনের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ঢাকা শহরে মাদকসম্রাজ্ঞীদের উপস্থিতি রয়েছে। তবে সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণ নেই। এ বিষয়ে কোনো জরিপ হয়নি।শফিকুল ইসলামের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি জানান, বর্তমানে জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সাত হাজার ১৬৭ জন সদস্য কাজ করছেন। প্রশ্নোত্তরের আগে বিকেল পৌনে পাঁচটার দিকে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে অধিবেশনের ১৮তম কার্যদিবসের কাজ শুরু হয়।বিল পাসজাতীয় সংসদে ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট হতে ১৯৭৯ সালের ৯ এপ্রিল পর্যন্ত সময়ের মধ্যে জারি করা কতিপয় অধ্যাদেশ কার্যকরকরণ (বিশেষ বিধান) বিল ২০১৩’ ও ‘১৯৮২ সালের ২৪ মার্চ হতে ১৯৮৬ সালের ১১ নভেম্বর সময়ের মধ্যে জারি করা কতিপয় অধ্যাদেশ কার্যকরকরণ (বিশেষ বিধান) বিল ২০১৩’ সংসদে পাস হয়েছে। আইনমন্ত্রী শফিক আহমেদ বিল দুটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। বিলের ওপর দেওয়া জনমত যাচাই বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাব নাকচ হয়।