সাগর-রুনি হত্যার তদন্তের দাবিতে ফের আন্দোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাগর-রুনি হত্যাসহ সব সাংবাদিক হত্যা ও নির্যাতন তদন্তের দাবিতে আবার আন্দোলনের ঘোষণা দিয়েছেন সাংবাদিক নেতারা। এ জন্য সরকারকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন তাঁরা। এ সময়ের মধ্যে দাবি আদায় না হলে ২৬ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে ফের অবস্থান ও সমাবেশ করা হবে।আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিক নেতাদের বৈঠকের পর সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী এ কর্মসূচি ঘোষণা করেন। এ সময় সাংবাদিকদের চারটি ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন।কর্মসূচির অংশ হিসেবে ১১ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করবেন সাংবাদিকেরা। এ ছাড়া সাগর-রুনির হত্যার ঘটনায় মাহফুজুর রহমানের বক্তব্যের পরিপ্রেক্ষিতে তাঁকে গ্রেপ্তার করে তাঁর কাছ থেকে তথ্য আদায়ের দাবিতে ১৬ সেপ্টেম্বর এটিএন বাংলার সামনে সমাবেশ করারও ঘোষণা দেওয়া হয়েছে।দাবি আদায়ে সরকারকে সময় বেঁধে দিয়ে ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘ওই সময়ের মধ্যে সাগর-রুনির হত্যাকারীরা গ্রেপ্তার না হলে এবং বিগত সময়ে নিহত অন্যান্য সাংবাদিকের মামলা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যদি কোনো ঘোষণা না আসে, তাহলে ২৬ সেপ্টেম্বর বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ফের অবস্থান ও সমাবেশ করবেন সাংবাদিকেরা।’সাগর-রুনির হত্যার তদন্ত সম্পর্কে ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘ডিএনএ পরীক্ষা বা অন্য কোনো কথা আমরা শুনতে চাই না। আমরা চাই হত্যাকারীরা গ্রেপ্তার হোক। এ বিষয়ে জজ মিয়ার মতো কোনো গল্প আমরা শুনতে চাই না।’ এর আগে একই দাবিতে আন্দোলনে নেমেছিলেন সাংবাদিক নেতারা।