সাগর-রুনির খুনিদের গ্রেপ্তার দাবিতে ২২ ফেব্রুয়ারি সাংবাদিক সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাগর-রুনির হত্যাকারীদের গ্রেপ্তার, সব সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনা তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ২২ ফেব্রুয়ারি সাংবাদিক সমাবেশ করবে সাংবাদিকদের চারটি সংগঠন। সাংবাদিক নির্যাতন বন্ধ ও স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত করার দাবিতে ওই দিন বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশটি অনুষ্ঠিত হবে। আজ শনিবার বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), প্রেসক্লাব, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নেতারা এক যৌথসভায় মিলিত হন। সভা শেষে বেলা পৌনে তিনটার দিকে এক সংবাদ ব্রিফিংয়ে বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজী এ কর্মসূচি ঘোষণা করেন।ব্রিফিংয়ের শুরুতে চারটি সংগঠনের নাম উল্লেখ করে বিএফইউজের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘সংগঠনগুলোর সভাপতি, সাধারণ সম্পাদক, মহাসচিবসহ আমরা যৌথসভায় কর্মসূচি গ্রহণ করেছি। তিনটি প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ—যেসব সাংবাদিক নিহত হয়েছেন শুধু আজকে নয়, এর আগেও যাঁরা নিহত হয়েছেন, সেসব হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার চাই। অবিলম্বে সাগর-রুনির হত্যাকারীদের গ্রেপ্তার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সব ধরনের সাংবাদিক নির্যাতন বন্ধ চাই। এ ছাড়া সাংবাদিকেরা যেন নিরাপত্তার সঙ্গে ও মর্যাদা নিয়ে স্বাধীন সাংবাদিকতা করতে পারেন, সেই নিশ্চয়তা চাই। এসব দাবিতে আজকে আমরা ইউনিয়ন, প্রেসক্লাব, ডিআরইউ তথা গোটা সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ হয়েছি।’ তিনি আরও বলেন, ‘আপনারা জানেন, দেশে গণতন্ত্রের জন্য সাংবাদিকতার স্বাধীনতা অপরিহার্য। আইনের শাসন প্রতিষ্ঠার জন্যও যেকোনো হত্যাকাণ্ডের বিচার অপরিহার্য।’পরে বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজী বলেন, ‘নিরাপত্তার স্বার্থে ঐক্যবদ্ধ হতে হবে—এটা সকলের মনের আকাঙ্ক্ষা। আমরা আজ ঐক্যবদ্ধ হয়েছি, ঐক্যবদ্ধ থাকব। সাংবাদিক সমাজের জন্য আজ একটি ঐতিহাসিক দিন। এই ঐক্য প্রয়াস সাংবাদিক হত্যা, নির্যাতন ও গণতন্ত্র বিনির্মাণে আমাদের সহায়ক ভূমিকা পালন করবে—এটা আমাদের প্রত্যাশা। ঐক্য বিনষ্ট করার চেষ্টাকারীরা বিতাড়িত হবেন।’পরে যৌথসভার বিবৃতি পাঠ করেন রুহুল আমিন গাজী। তিনি বলেন, সভা মনে করে, সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্তে যত বিলম্ব হবে, সাংবাদিক সমাজের মধ্যে তত উদ্বেগ ও ক্ষোভ বাড়তে থাকবে। জনগণের মধ্যে সন্দেহ-সংশয় বৃদ্ধি পাবে। আইনের শাসন প্রতিষ্ঠায় হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার দাবি করছে। অন্যথায় সাংবাদিকেরা নিরাপত্তাহীনতায় সুষ্ঠুভাবে তাঁদের পেশাগত দায়িত্ব পালনে অপারগ হবে, যা গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকির মধ্যে ফেলবে।ব্রিফিংয়ে জানানো হয়, ওই সভা বিগত বছরগুলোতে সব সাংবাদিক হত্যা ও নির্যাতনের সুষ্ঠু তদন্ত করে হত্যাকারী ও নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে। সভা থেকে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধভাবে গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার আদায়ে সুদৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।যৌথসভার বিষয় উল্লেখ করে রুহুল আমিন বলেন, হত্যাকাণ্ডের পর প্রধানমন্ত্রীর নির্দেশ ও ৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তারে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশের পরও আজ পর্যন্ত খুনি গ্রেপ্তার হওয়ার দূরে থাকুক, তদন্তের অগ্রগতিও লক্ষ করা যাচ্ছে না। সরকারের উচ্চমহলের বিভিন্ন কর্তা ব্যক্তি ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের বিভিন্ন সময় নানা বক্তব্য তদন্ত সম্পর্কে জনমনে বিভ্রান্তি ও তদন্তে অন্তরায় সৃষ্টি করছে।বিএফইউজের সভাপতি ইকবাল সোবহান চৌধুরীর সভাপতিত্বে ওই যৌথ সভা অনুষ্ঠিত হয়। ব্রিফিংয়ে বিএফইউজের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, মহাসচিব শওকত মাহমুদ, ও আবদুল জলিল ভূঁইয়া, ডিইউজের সভাপতি আবদুস শহিদ, সাধারণ সম্পাদক মুহাম্মদ বাকের হোসাইন ও শাবান মাহমুদ, প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ, সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, ডিআরইউর সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম তপু উপস্থিত ছিলেন।