সাগর-রুনির খুনিদের গ্রেপ্তার দাবিতে ২৫ মার্চ ডিআরইউতে সমাবেশ
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ২৫ মার্চ বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) প্রাঙ্গণে সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হবে। এত দিন যৌথভাবে আন্দোলন করলেও এখন থেকে ডিআরইউ এককভাবে কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।গত বছরের ১১ ফেব্রুয়ারি নিজ বাসায় নৃশংসভাবে খুন হন সাগর-রুনি দম্পতি। ওই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে দুটি সাংবাদিক ইউনিয়নের চার অংশ এবং জাতীয় প্রেসক্লাবকে সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তোলে ডিআরইউ। এই প্রক্রিয়ায় সাংবাদিক ঐক্য গড়ে ওঠার পথ সুগম হয়। কিন্তু সম্প্রতি গণজাগরণ মঞ্চের আন্দোলনসহ কয়েকটি রাজনৈতিক বিষয়ে সাংবাদিক ইউনিয়নের ঐক্য প্রক্রিয়ায় ফাটল ধরে।এরপর বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের বিভক্ত অংশগুলো সাগর-রুনি হত্যার বিচার দাবিতে একসঙ্গে কর্মসূচি পালনের জায়গা থেকে সরে আসে। তবে এই বিভেদের মধ্যেও আন্দোলন অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে ডিআরইউ। ডিআরইউর সাধারণ সম্পাদক ইলিয়াস খান বলেন, বর্তমান কমিটি দায়িত্ব নেওয়ার পর প্রথম বৈঠকেই সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে চলমান আন্দোলনে দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালনের সিদ্ধান্ত নেয়।