সাগর-রুনির খুনিদের রক্ষা করার ইচ্ছা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সাগর-রুনির খুনিদের রক্ষা করার কোনো ইচ্ছা সরকারের নেই। আজ বুধবার সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ২১ শষ্যাবিশিষ্ট নতুন পেয়িং ওয়ার্ডের উদ্বোধনের আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। হাসানুল হক ইনু বলেন, ‘সাগর-রুনির হত্যাকারীদের গ্রেপ্তারের দায়িত্ব আমার নয়। আমার কাজ হচ্ছে, সাংবাদিকেরা যে দাবি করছেন, সেই দাবিকে প্রতিধ্বনিত করা ও প্রশাসনের কাছে সুপারিশ করা। সাংবাদিকদের দাবির সঙ্গে আমার কোনো বিরোধ নেই। কিন্তু রাজপথে দাঁড়িয়ে সাংবাদিক-বন্ধুরা আমার সঙ্গে যে ঠাট্টা-মশকরা করছেন, সেটা ঠিক নয়। আমি আগেও বলেছি, এখনো বলছি, যতক্ষণ পর্যন্ত এ ঘটনার নিষ্পত্তি না হবে, ততক্ষণ আমার চোখ কান্নায় ভেজা থাকবে।’বিরোধী দলের সঙ্গে সরকারের আলোচনায় বসার বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘নির্বাচন নিয়ে সংলাপের জন্য সরকার দুই পায়ে খাড়া আছে। নিবার্চন ও সংবিধান-সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য খালেদা জিয়াকে চিঠির মাধ্যমে সংসদে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করে রাজপথে উত্তেজনা সৃষ্টি করছেন।’এ সময় সেখানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক আজিজুন নাহার, আবাসিক চিকিৎসক তাপস কুমার সরকার, সিভিল সার্জন তরুণ কান্তি হালদার, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন প্রমুখ উপস্থিত ছিলেন। নতুন ওয়ার্ড উদ্বোধন শেষে হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির দ্বিমাসিক সভায় সভাপতিত্ব করেন তথ্যমন্ত্রী।