সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলা তদন্তে তাঁদের পশ্চিম রাজাবাজারের ফ্ল্যাটে গিয়েছিল র্যাবের তদন্ত দল।১৮ এপ্রিল হাইকোর্ট এই মামলার তদন্তভার র্যাবে স্থানান্তরের নির্দেশ দেন। তার আগে মামলাটি তদন্ত করছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ১৯ এপ্রিল এই মামলা তদন্তে র্যাবের তিন পরিচালককে নিয়ে একটি তদারকি দল গঠন করা হয়।গতকাল সোমবার সকালে র্যাবের গোয়েন্দা শাখার কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাসহ একটি দল পশ্চিম রাজাবাজারে সাগর-রুনির ফ্ল্যাটে যায়। তারা নিহত দম্পতির একমাত্র সন্তান মাহীর সরওয়ার মেঘসহ রুনির মা ও ভাইদের সঙ্গে কথা বলে। এ সময় মেঘের নানি নূরুন্নাহার মির্জা ও মেঘের মামারা উপস্থিত ছিলেন।র্যাবের একজন কর্মকর্তা বলেন, মেঘ দুজন ‘চোর’ দেখেছে বলে র্যাবকে জানিয়েছে। একই কথা সে ডিবির তদন্ত কর্মকর্তাদেরও বলেছিল। মেঘ ওই রাতে ওই ঘরে কোথায় কী ঘটেছে, তা দেখিয়েছে র্যাবকে। তবে তার দেখা ‘চোর’রা কোন দিক দিয়ে ঢুকেছে ও কোন দিক দিয়ে বের হয়েছে, তা সে দেখাতে পারেনি।গত ১১ ফেব্রুয়ারি ভোরে পশ্চিম রাজাবাজারের ভাড়া ফ্ল্যাটে সাগর-রুনির ক্ষতবিক্ষত মৃতদেহ পাওয়া যায়।