সাগর-রুনির লাশ ঢাকা মেডিকেলের মর্গে
হত্যাকাণ্ডের ৭৫ দিন পর রাসায়নিক (ভিসেরা) পরীক্ষার জন্য আজ বৃহস্পতিবার সকালে আজিমপুর কবরস্থান থেকে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির লাশ উত্তোলন করা হয়েছে।এরপর লাশ দুটি পুনরায় ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।একজন ম্যাজিস্ট্রেট ও র্যাব কর্মকর্তাদের উপস্থিতিতে সকাল সোয়া ১০টার দিকে সাগর এবং ১১টার দিকে রুনির লাশ উত্তোলন শেষ হয়। র্যাবের তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার নিহত দুজনের লাশ উত্তোলনের আদেশ দেন আদালত।গত ১১ ফেব্রুয়ারি পশ্চিম রাজাবাজারের ভাড়া ফ্ল্যাট থেকে সাংবাদিক দম্পতির ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করা হয়। ওই দিনই ঢাকা মেডিকেল কলেজ মর্গে দুজনেরই ময়নাতদন্ত হয়। ময়নাতদন্তকারী চিকিত্সক সোহেল মাহমুদ তখন সাংবাদিকদের জানিয়েছিলেন আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তাঁদের মৃত্যু হয়েছে। মর্গ সূত্র জানায়, ময়নাতদন্তের আবেদনে পুলিশ ভিসেরা আলামত সংগ্রহের বিষয়টি উল্লেখ করেনি। পুলিশ উল্লেখ না করলে তাঁরা নিজে থেকে এটা করেন না। পুলিশ তখন কেন ভিসেরা আলামত সংগ্রহের উদ্যোগ নেয়নি তা নিয়ে তখনো কথা উঠেছিল, এখন তা জোরালো হয়েছে।হত্যার এত দিন পরে রাসায়নিক পরীক্ষায় কোনো সূত্র মেলার সম্ভাবনা নিয়ে সন্দিহান খোদ র্যাব কর্মকর্তারাই। তবে তাঁরা তারা বলছেন, সম্ভাব্য সব দিকই খতিয়ে দেখা হবে।২৪ এপ্রিল র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার এম সোহায়েল বলেছিলেন, ‘সাগর-রুনিকে হত্যার আগে কিছু খাওয়ানো হয়েছিল কি না, তা নিশ্চিত হওয়ার জন্য রাসায়নিক পরীক্ষা (ভিসেরা) প্রয়োজন। আগের ময়নাতদন্তের সময় ভিসেরা পরীক্ষা করা হয়নি। এ কারণে সাগর-রুনির পরিবারের সম্মতি নিয়ে ভিসেরা পরীক্ষার জন্য আদালতে আবেদন করা হয়েছে। ’এ হত্যাকাণ্ডের তদন্তের ব্যাপারে ডিবি পুলিশ আদালতে নিজেদের ব্যর্থতার কথা স্বীকার করায় ১৮ এপ্রিল মামলাটি র্যাবের কাছে স্থানান্তর করতে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) প্রতি নির্দেশ দেন হাইকোর্ট। অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার নিচে নয় এবং ৪৫ বছর বয়সের নিচে নয়, এমন কর্মকর্তাকে দিয়ে মামলাটি তদন্ত করতে বলা হয়েছে।