সাগর-রুনির হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান।আজ শনিবার বিকেলে ডিআরইউ প্রাঙ্গণে সাগর ও রুনির জানাজা শেষে তাঁরা আনুষ্ঠানিকভাবে এই দাবি করেন।সাখাওয়াত হোসেন বাদশা বলেন, অত্যন্ত নৃশংসভাবে সাগর ও রুনিকে হত্যা করা হয়েছে। হত্যাকারী যে-ই হোক তাঁদের অবশ্যই খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তিনি আরও বলেন, ‘সরকারের পক্ষ থেকে কোনো ধরনের আশ্বাস নয়, বরং আমরা কাজ দেখতে চাই। তা না হলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটতে থাকবে।’ তিনি এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে উভয়ের আত্মার মাগফিরাত কামনা করেন।সাজ্জাদ আলম খান বলেন, ‘সাগর ও রুনি সত্, নির্লোভ ও মেধাবী সাংবাদিক ছিলেন। তাঁদের হারিয়ে আমাদের যে ক্ষতি হলো তা কখনো পুষিয়ে নেওয়া যাবে না। এই হত্যাকাণ্ড জঘন্য আখ্যায়িত করে তিনি ঘটনার দ্রুত ও সুষ্ঠু বিচারের দাবি জানান।ঢাকা মেডিকেল কলেজ থেকে বিকেল চারটার কিছুক্ষণ আগে ডিআরইউ প্রাঙ্গণে সাগর ও রুনির মরদেহ আনা হয়। সেখানে বিকেল চারটায় তাঁদের জানাজা অনুষ্ঠিত হয়।ডিআরইউ প্রাঙ্গণে জানাজা শেষে মরদেহ মাছরাঙা টেলিভিশনে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে প্রথমে এটিএন বাংলা ও পরে পুরান ঢাকার বৌবাজার এবং নবাবপুরে নিয়ে যাওয়া হবে। সেখানে জানাজা শেষে তাঁদের মরদেহ আজিমপুর কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।এদিকে মেহেরুন রুনি ও সাগর সরওয়ারের নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে রংপুর বিভাগ সাংবাদিক সমিতি। সমিতির সভাপতি জাকারিয়া মুক্তা ও সাধারণ সম্পাদক কেরামত উল্লাহ বিপ্লব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তাঁরা।এছাড়া, সাগর সরওয়ার ও তাঁর স্ত্রী মেহেরুন রুনির হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম। নৃশংস এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে অবিলম্বে তাঁদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।