সাগরদাঁড়িতে মধুমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা সাহিত্যের আধুনিকতার রূপকার অমিত্রাক্ষর ছন্দ ও বাংলা সনেটের প্রবর্তক কবি মাইকেল মধুসূদন দত্তের ১৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ শনিবার থেকে কবির জন্মস্থান যশোরের কেশবপুরের সাগরদাঁড়িতে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী সাংস্কৃতিক উৎসব ‘মধুমেলা’।আজ বেলা তিনটায় মেলার উদ্বোধন করবেন সংস্কৃতিবিষয়ক প্রতিমিন্ত্রী প্রমোদ মানকিন। সাগরদাঁড়ি ইনস্টিটিউশন মাঠে মধুমঞ্চে সাজানো হয়েছে বর্ণাঢ্য সজ্জায়। এখানেই প্রতিদিন আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এসব অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের সঙ্গে জাতীয় পর্যায়ের কবি-সাহিত্যিক ও শিল্পীরা অংশ নেবেন। মেলার আয়োজন করেছে যশোর জেলা প্রাশাসন, এতে সহায়তা দিচ্ছে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক।প্রতিদিন মধুমঞ্চে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও লোক ও কারুশিল্পসামগ্রী নিয়ে আয়োজন করা হয়েছে মেলা। মেলায় সার্কাস এবং জাদু প্রদর্শনীও থাকবে। মাইকেল মধুসূদন দত্তের জন্ম ১৮২৪ সালের ২৫ জানুয়ারি। কবির জন্মদিন উপলক্ষেই প্রতিবছর কবির এই সাংস্কৃতিক উৎসব ও মেলার আয়োজন করা হয়। কেশবপুর থানা সদর থেকে ১২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে কপোতাক্ষ নদের তীরবর্তী গ্রাম সাগরদাঁড়িতে কবির জন্ম। কবির জন্মস্থান সাগরদাঁড়ি আজও অবহেলার শিকার। মধুকবির বাড়ি ঘিরে মধুপল্লি গড়ে উঠলেও এখানে কবিকে জানতে নেই যথেষ্ট তথ্যভান্ডার। নামমাত্র যে গ্রন্থাগারটি আছে সেখানেও কবির সব সাহিত্যকর্ম এখানে সংরক্ষিত নেই। কবির স্মৃতিবিজড়িত কপোতাক্ষ নদ নাব্যতা হারিয়ে এখন সরু খালে পরিণত হয়েছে।