সাগরদাঁড়িতে শুরু হলো মধুমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কবিতাঙ্গনে নতুন ধারা সৃষ্টির জন্য মহাকবি মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে চিরকাল অমর হয়ে থাকবেন। দেশপ্রেমের জন্যও কবিকে বাঙালি জাতি চিরকাল স্মরণ করবে।’ মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৮৮তম জন্মজয়ন্তি উপলক্ষে সাত দিনব্যাপী মধুমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন এ কথা বলেন। গতকাল শনিবার বিকেলে যশোরের কেশবপুরের সাগরদাঁড়িতে যশোর জেলা পরিষদ আয়োজিত মধুমেলা শুরু হয়েছে।যশোরের জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সাংসদ খান টিপু সুলতান, তথ্যসচিব হেদায়েতুল্লাহ আল-মামুন, কেশবপুর উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ রেজাউন নবী, যশোর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুজাহারুল ইসলাম, একরাম উদদ্দৌল্লাহ, কপোতাক্ষ বাঁচাও আন্দোলন কমিটির নেতা আবু বক্কর সিদ্দিকী, বাংলালিংকের সহকারী ব্যবস্থাপক (বিপণন) শিবলী সাদিক প্রমুখ। মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক মেলা আয়োজনে সহায়তা দিচ্ছে। সন্ধ্যায় সাস্কৃতিক অনুষ্ঠানে যশোর শিল্পকলা একাডেমী, উদীচী ও চাঁদেরহাটের শিল্পীরা সংগীত পরিবেশন করেন। কেশবপুর উদীচী রাম রহিমের মা নাটক মঞ্চস্থ করে।মেলা উপলক্ষে সাগরদাঁড়ির জমিদারবাড়ির মেলাঙ্গনে দূরদূরান্ত থেকে আসা মধুকবির ভক্তদের পদচারণে মুখর হয়ে উঠেছে। মেলায় যাত্রা, সার্কাস, কৃষি প্রযুক্তিবিষয়ক স্টল ছাড়াও রয়েছে দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী হস্ত ও কুটিরশিল্পসামগ্রীর সমাহার।