সাগরদাঁড়িতে সংস্কৃতি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মহাকবি মাইকেল মধুসূদন দত্তের তীর্থভূমি যশোরের সাগরদাঁড়িতে সংস্কৃতি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে।আজ সোমবার বিকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন। বিশ্ববিদ্যালয় পরিচালনার দিকনির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, মাছের রেণু পোনা, ফুল, তুলা, খেজুরের রস ও গুড় উত্পাদনের জন্য যশোর অত্যন্ত সমৃদ্ধ। এসব উত্পাদন বৃদ্ধি ও প্রক্রিয়াজাতকরণের জন্য গবেষণাকে গুরুত্ব দিয়ে শিক্ষা কার্যক্রম চালাতে হবে। কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এ অঞ্চলের যুবকদের ৫০ হাজার থেকে বাড়িয়ে এক লাখ টাকা ঋণ দেওয়ার জন্য তিনি অর্থমন্ত্রীকে নির্দেশ দেন।প্রধানমন্ত্রী বলেন, যশোরের কপোতাক্ষ ও ভৈরব নদ খনন করে নাব্যতা বৃদ্ধি করে নৌ চলাচল এবং এ অঞ্চলের উত্পাদিত শাক-সবজি, ফুল প্রক্রিয়াজাত ও সংরক্ষণের পরিকল্পনা নেওয়া হয়েছে। যানজট নিরসনের লক্ষ্যে মনিরামপুর থেকে নওয়াপাড়া পর্যন্ত বাইপাস সড়ক নির্মাণ করা হবে। বেনাপোল বন্দরের উন্নয়ন ও রেলওয়ে খাতকে আলাদা বিভাগ করে সম্প্রসারণের জন্যও সরকারের বিশেষ পরিকল্পনা রয়েছে।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুস সাত্তারের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সভায় স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ জামাল হোসেন। প্রধানমন্ত্রী বেলা সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ক্যাম্পাসের অনুষদ ভবন, প্রশাসনিক ভবন ও শহীদ মশিয়ুর রহমান হলের ফলক উন্মোচন করেন। পরে তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় করেন।এর আগে বেলা ১১টায় প্রধানমন্ত্রী বাংলাদেশ বিমানবাহিনীর ৬২তম ফ্লাইট কোর্সের সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করেন। যশোরের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান ঘাঁটিতে এ কুচকাওয়াজ পরিদর্শন শেষে বক্তৃতায় তিনি বলেন, দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কক্সবাজারে পূর্ণাঙ্গ সামরিক বিমান ঘাঁটি স্থাপন করা হবে। তিনি বলেন, দারিদ্র্য দেশের প্রধান শত্রু। সরকার তথ্যপ্রযুক্তির উন্নয়ন ঘটিয়ে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।প্রধানমন্ত্রী বিমানবাহিনীর সদস্যদের দেশপ্রেমে উজ্জীবিত হয়ে বাহিনীর সব সরঞ্জাম যথাযথভাবে ব্যবহার করার আহ্বান জানান। তিনি বলেন, বাহিনীর সদস্যদের প্রত্যেকের লাইফ ইনস্যুরেন্স (জীবন বিমা) ছয় লাখ থেকে বাড়িয়ে ১২ লাখ টাকা করা হবে। প্রধানমন্ত্রী আজ বেলা ১১টার দিকে বাংলাদেশ বিমানবাহিনীর যশোর মতিউর রহমান ঘাঁটিতে হেলিকপ্টার থেকে নামেন। এরপর তিনি বিমানবাহিনীর ক্যাডেটদের শীতকালীন গ্র্যাজুয়েশন কুচকাওয়াজ পরিদর্শন করে ১০ জন নারী ক্যাডেটসহ ৩৩ জনকে ব্যাচ পরিয়ে দেন। শেখ হাসিনা পরে বিমান ঘাঁটিতে বঙ্গবন্ধু কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বেলা দেড়টার দিকে তিনি যশোর শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজ উদ্বোধন করেন।