সাগরপারে জয়ধ্বনি
২৮ বছরের তৃষ্ণা, ২৮ বছরের অপেক্ষা। স্বপ্নের ট্রফিটা পরশু হাতে তুলে নিল শত কোটি মানুষের দেশ।কালে কালে অসংখ্য নেতার জন্ম দিয়েছে ভূ-ভারত—স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে রক্তলেখা নাম সরদার ভগত সিং, সত্যাগ্রহ আন্দোলনের পথিকৃত মহাত্মা গান্ধী, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির প্রতিষ্ঠাতা সুভাস চন্দ্র বোস। আরও আছেন স্বাধীনতা আন্দোলনের প্রবাদপুরুষ পণ্ডিত জওহরলাল নেহরু; ‘জয় জওয়ান, জয় কিষানে’র প্রবক্তা লাল বাহাদুর শাস্ত্রী।স্মৃতিভ্রম মানুষ কালেভদ্রে এসব মহামানবের কথা ভুলে গেলেও ভোলে না ইতিহাস। ইতিহাস অবিচার করে না বলেই তাঁদের কথা ভুলতে চাইলেও পারা যায় না। স্মৃতি আর চোখের সামনে জ্বলজ্বল করে সরদার ভগত সিংদের অবদান।একবিংশ শতাব্দীর ভূ-ভারত আরও একজন নেতাকে দেখল—মহেন্দ্র সিং ধোনি। ঘোষণা দিয়ে বিশ্বজয়ের এমন নেতা ভারতবাসী সম্ভবত এ-ই প্রথম দেখল। ১৪টি দেশের শীর্ষ লড়াইয়ের আগেই বলেছিলেন, ‘আর যাই হোক, অন্তত শচীন টেন্ডুলকারের জন্য বিশ্বকাপটা জেতা চাই।’জয় তো করলেনই, যোগ্য নেতার মতো সামনে থেকেই লড়াই করে ছিনিয়ে আনলেন ৬০ সেন্টিমিটার উঁচু ট্রফিটা। লিটল মাস্টার এদিন তেমন কোনো ভূমিকা রাখতে না পারলেও এ যুগের ব্রাডম্যানকে হতাশ করেননি অধিনায়ক ধোনি। মাথা ঠান্ডা রেখে জয়ের বন্দরে নিয়ে গেছেন স্বপ্নচারী দলকে।কুলাসেকারাকে ছক্কা মেরে ধোনি খেলা শেষ করতেই ১৯৮৩-র পর আরেকবার আনন্দের সুনামিতে ভাসল ভারত। ওয়াংখেড়ে স্টেডিয়ামের জয়োল্লাস সুনামির মতো আছড়ে পড়ল কাশ্মীর থেকে কন্যাকুমারিকা। মুম্বাই, দিল্লি, কলকাতা, বেঙ্গালুরু—প্রতিটি শহর-বন্দর-গ্রাম কাটিয়েছে বিনিদ্র রাত। রাস্তায় মোটরসাইকেলের মিছিল, বাতাসে লাখো গাড়ির অবিরাম হর্নের জয়ধ্বনি। মুম্বাইয়ের বিজয়ে আরব সাগরের নীল জলরাশি যেন অন্ধকার আকাশের নিচেও জ্বলজ্বল করছিল। ধোনিদের ব্যাটিংয়ে মুগ্ধ হয়ে যেন মুচকি হেসে বলছিল, ‘সাগরের মতোই তোমাদের গভীরতা।’দিওয়ালির মতো রং ছড়িয়ে পড়েছে গোটা ভারতে। লাল-সবুজের রং মেখেছে নারী-পুরুষ, আবাল-বৃদ্ধ সবাই। তেরঙা পতাকা নিয়ে চরকির মতো ঘুরে বেড়িয়েছে মহল্লা থেকে মহল্লা, গলি থেকে গলি, শহর থেকে বন্দর। আনন্দাশ্রুতে ভেসেছে ভারতবাসী। ‘এটা সারা জীবনের একটা অভিজ্ঞতা। জয়ের পর আমি বাকরুদ্ধ হয়ে যাই, চোখের জলে ভিজে যাই’—বলেছেন দিল্লির ব্যবসায়ী আকাশ মুনধারা। ফাইনাল দেখার জন্য তিনি পাঁচ হাজার রুপিতে টিকিট কিনেছিলেন। বলেছেন, ‘প্রয়োজনে আমি পাঁচ লাখ রুপি দিয়ে টিকিট কিনতাম।’কপিল দেবের ভারতের বিশ্বজয়, ধোনির ভারতের বিশ্বজয়—দুটোরই সাক্ষী জয়ান্ত নিকাম। ৫০ বছর বয়সী এই স্থপতি বলেছেন, ‘ভারত যখন প্রথম বিশ্বকাপ জেতে, তখন আমার বয়স ২৩ বছর। অনেক বছর পর সন্তানদের নিয়ে আবারও বিশ্বকাপ জয় দেখতে পারাটা সত্যিই দারুণ।’ শেবাগ-টেন্ডুলকার শুরুতেই আউট হয়ে যাওয়ায় অনেকেই ভারতের শেষ দেখে ফেলেছিল। কিন্তু হরিহরণ আয়েঙ্গার ধোনিদের জয়ের ব্যাপারে ছিলেন শতভাগ নিশ্চত, ‘আপনি দেখুন, ভাগ্যে এটা লেখাই ছিল। ঈশ্বর কখনো নির্দয় হতে পারে না।’ বিপিওতে চাকরি করা হরিহরণ বন্ধুদের নিয়ে মাঠে খেলা দেখেছেন। ভারতের বিশ্বকাপ জয়ের মুহূর্তটি আজীবন স্মৃতিতে অম্লান থাকবে বলে জানালেন হরিহরণের বন্ধু স্বপ্নিল পাংশে, ‘নাতি-নাতনিদের কাছে গল্প করার মতো একটা অর্জন এটা।’ তথ্যসাহায্য: ওয়েবসাইট।